'খুব যে ভালো খেলেছি তা বলব না'
প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলল বাংলাদেশ দল। সাকিব আল হাসান তবু সন্তুষ্ট নন দলের পারফরম্যান্সে। এজবাস্টনে কাল ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক—
প্রশ্ন: সিনিয়ররা এই টুর্নামেন্টে মোটামুটি ভালো খেলেছেন। কিন্তু জুনিয়ররা সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি। বড় ইভেন্ট বলে কি তাদের ওপর একটু চাপ ছিল?
সাকিব আল হাসান: সিনিয়র-জুনিয়র বলে তো লাভ নেই। দল হিসেবে কেমন করেছি সেটাই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমরা যে খুব ভালো করতে পেরেছি, তা বলব না। চার ম্যাচের দুটিতেই সহজে হেরে গেছি। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষেই ভালো খেলেছি। তা-ও বলব না খুব ভালো খেলেছি। ওদের সঙ্গে জিতেছি, এটা একটা ভালো দিক। অস্ট্রেলিয়ার সঙ্গেও আমরা ভালো খেলিনি। তবে আমরা অনেক এগিয়েছি। এখান থেকে আরও সামনে যেতে হবে। বিশ্ব পর্যায়ে বড় টুর্নামেন্টে যদি ভালো কিছু করতে হয়, আমাদের আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে।
প্রশ্ন: নির্দিষ্ট করে বলবেন ঠিক কোন কোন জায়গায় উন্নতিটা দরকার?
সাকিব: সব জায়গায় উন্নতি করতে হবে। বড় বড় দল ২৭০-২৮০ রান করে অনেক সময় সহজ উইকেটেও প্রতিপক্ষকে আটকে দেয়। আমরা সেটা পারি না। আমাদের উইকেটের একটু সাহায্য দরকার হয়। ব্যাটিং করে কোনো দলকে উড়িয়ে দেব, ওটাও আমরা খুব বেশি পারি না। আজকের উইকেটে যেখানে ৩২০-৩৩০ রান হওয়া উচিত ছিল, সেখানে আমরা ৭০-৮০ রান কম করেছি। যে জুটিটা হচ্ছিল তারা যদি আরও ১০ ওভার ব্যাটিং করতে পারত, দুজনের এক শ-এক শ হতো, তাহলে দলের রান ৩৩০-৩৪০ রানও হতে পারত। বড় দলগুলো এই ভুল করে না। ওদের ব্যাটিং দেখেন, কোনো সুযোগই দেয়নি। ক্রিকেটে যেদিন যে খেলবে, তাকেই দায়িত্ব নিতে হবে। এই বিষয়গুলো আমাদের সব দিন হয় না। ভালো করতে থাকলে সবাই মিলে করি। বড় দলের সঙ্গে জিততে হলে আরও কিছু বিষয় করতে হয়, সেগুলো আমরা এখনো করতে শিখিনি বা করতে পারিনি।
প্রশ্ন: এটা কি মানসিক পরিণতিবোধের অভাব, না দক্ষতার অভাব?
সাকিব: মানসিক একটা ব্যাপার তো থাকেই। ম্যাচ খেলতে খেলতে এবং জিততে জিততে মানসিক উন্নতি আসবে। না জিতলে খুব বেশি মানসিক উন্নতি আসবে, এটা বলা ভুল। গত দুই বছর এত ম্যাচ জিতেছি বলেই আমাদের আত্মবিশ্বাস ছিল, সেমিফাইনালে আসতে পারি। কিন্তু সেমিফাইনালে আমাদের ওই বিশ্বাস ছিল কি না যে আমরা আরও এগিয়ে যেতে পারব, সেটা একটা জানার বিষয়। তবে আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি। ছোটখাটো কিছু জায়গায় উন্নতি করতে থাকলে হয়তো আরও ভালো জায়গায় যেতে পারব।
প্রশ্ন: আপনি তো দলের সহ-অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে যদি বলেন, এই দলটার মধ্যে এমন কিছুর অভাব দেখছেন কি না, যেটা ২০১৯ বিশ্বকাপের আগে দলের মধ্যে দেখতে চান?
সাকিব: আসলে ভালো দিন না গেলে একটা ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব নিয়ে বললে বেশির ভাগ সময় নেতিবাচক কথাই বলা হবে। এখন বলাটা তাই ভুল হবে। এটা আসলে সময় নিয়ে সবাই মিলে বসে আলোচনা করার বিষয়। কীভাবে কাজ করলে আরেকটা ধাপ এগোতে পারি, এটা নিয়ে সবাই মিলে বসে আলোচনা করতে হবে। এরপর সে অনুযায়ী কাজ করতে হবে।
প্রশ্ন: আপনি ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার, এটা ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট। আপনার সার্বিক পারফরম্যান্স নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?
সাকিব: বোলিংটা আরও ভালো করলে ভালো হতো। ব্যাটিংটাও আরও ভালো করলে ভালো হতো। ভালোর তো আসলে শেষ নেই। এক দিক দিয়ে খুশি যে একটা ম্যাচ আমরা জিতেছি, আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছি।
প্রশ্ন: বোলিং নিয়ে কি একটু চিন্তিত?
সাকিব: না, আমার মনে হয় আমি মোটামুটি ঠিক অবস্থায়ই আছি। উইকেট পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক সময় পাব, অনেক সময় পাব না। আমার কাছে মনে হচ্ছে না যে খুব খারাপ বোলিং করছি বা খুব বাজে অবস্থায় আছি। এমনকি ব্যাটিংয়ের ক্ষেত্রেও। আমার মনে হয় সবই ঠিক আছে।