'গর্দভ' বলে বাদ ব্রাভো
ছোট্ট একটা টুইট থেকেই কত ঝামেলা! ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়েতে দলের সঙ্গে গিয়েও আবার দেশে ফিরে যেতে হলো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে!
তা কী এমন টুইট করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান? ছোট্ট একটা শব্দ—গর্দভ। কিন্তু সেটি বলেছেন কাকে? ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ডেভ ক্যামেরনকে! তারই মূল্য দিতে হলো দল থেকে বাদ পড়ে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আজ থেকে হারারেতে শুরু হচ্ছে ক্যারিবীয়দের ত্রিদেশীয় সিরিজ। তার আগে পরশুই হারারে থেকে দেশে পাঠিয়ে দেওয়া হলো ব্রাভোকে।
ঝামেলাটা বাধে কিছুদিন আগে বোর্ড-ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে ব্রাভোকে ‘সি’ গ্রেডে রাখায়। ক্যারিবীয় এক টিভি চ্যানেলে ক্যামেরন এটির ব্যাখ্যায় বলেছিলেন, ‘গত দুই বছরে ওর ব্যাটিং গড় ভালো নয়। তো আমরা আর কী করতে পারি? বাজে পারফরম্যান্সকে পুরস্কার দেব, নাকি ওকে আরও ভালো করতে উৎসাহ দেব?’
তা কিছুটা ঠিক। গত দুই বছরে ব্রাভোর টেস্ট গড় ৩৪.০৩ (ক্যারিয়ার গড় ৪০)। ওয়ানডেতেও একই অবস্থা—ক্যারিয়ার গড় ৩২, গত দুই বছরে ৩০। তাই বলে ‘সি’ গ্রেড চুক্তি মানতে পারেননি ব্রাভো। ক্যামেরনকে ট্যাগ করেই টুইট করেন, ‘চার বছর ধরে তো আপনিও ব্যর্থ। আপনি কেন পদত্যাগ করছেন না? আপনার জ্ঞাতার্থে বলছি, কখনোই আমাকে বোর্ড ‘এ’ গ্রেড দেয়নি। বড় একটা গর্দভ!’
আর যায় কোথায়, ‘অগ্রহণযোগ্য আচরণে’র কারণে ব্রাভো বাদ, তাঁর বদলে ক্যারিবীয় দলে এসেছেন জেসন মোহাম্মেদ। রয়টার্স।