'গ্যাবায় খেলার অপেক্ষায় আছি'

একে তো অধিনায়ক, তার ওপর কন্ডিশনকে কাজে লাগিয়ে আগুন ঝরিয়েছেন বোলিংয়েও। কাল ক্যানবেরার ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজার জন্য মঞ্চটা তাই সাজানোই ছিল। বাংলাদেশ অধিনায়ক দলের পেসারদের দরাজ প্রশংসা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আরও ভালো খেলার—
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে যেভাবে প্রথম ম্যাচেই মানিয়ে নিল দল, তাতে নিশ্চয়ই আপনি সন্তুষ্ট?
মাশরাফি বিন মুর্তজা: প্রথম বিশ্বকাপ খেললেও আমি মনে করি আফগানিস্তান খুবই ভালো দল। ম্যাচের আগে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাই ছিল। আর হ্যাঁ, এমন উইকেটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না আমাদের। তবে আজকের (গতকাল) উইকেটের সঙ্গে আমরা মানিয়ে নিতে পেরেছি। উইকেট দেখার পরই মনে হয়েছে শুরুটা ভালো হবে এবং ম্যাচটা আমরা জিততে পারব।
ওপেনিং স্পেলে বোলিং খুবই ভালো হলো। গ্যাবায় অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলতেও কি এই বোলিংই যথেষ্ট মনে করেন?
মাশরাফি: এখনই সেটা বলা কঠিন। তবে ভালো বোলিং করতে পারাটা সব সময়ই ভালো। প্রতিপক্ষ কারা থাকল সেটা ব্যাপার না। আশা করি, এই ম্যাচে আমাদের বোলিং ইউনিট যেভাবে কাজ করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাই করবে।
আফগানিস্তানের বিপক্ষে আট ব্যাটসম্যান খেলানোর কারণ কী?
মাশরাফি: প্রথম প্রস্তুতি ম্যাচে আমরা খুব বেশি রান করতে পারিনি, হয়তো সে কারণেই। আমরা আসলে চিন্তা করেছি দলে একজন বাড়তি ব্যাটসম্যান থাকুক, যে বলও করতে পারে।
আপনি ভালো বল করলে দলও উজ্জীবিত হয়ে ওঠে। এটার কী রহস্য?
মাশরাফি: ভালো শুরু করা বা কে শুরু করল...রুবেল না তাসকিন, সেটা কোনো ব্যাপার না। তাকে ভালো বোলিং করতে হবে, এটাই আসল কথা। আর বোলিংয়েও কিন্তু একধরনের জুটি বাঁধতে হয়। দুই প্রান্ত থেকেই যদি ভালো বল করে ব্যাটসম্যানদের ওপর কিছু চাপ তৈরি করা যায়, উইকেট আসবেই। কাজেই কে বল করছে বা কে চাপে ফেলছে, সেটা ব্যাপার নয়। ভালো বল করার দায়িত্ব সবারই।
বিশ্বকাপে পেস বোলিং কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এই ম্যাচেই তা দেখা গেল। দলের জ্যেষ্ঠতম বোলার হিসেবে আপনি এটাকে কীভাবে নিচ্ছেন?
মাশরাফি: আগেও বলেছি, আমরা এ ধরনের উইকেটে খুব বেশি ক্রিকেট খেলিনি। এখানে আসার পর প্রস্তুতিপর্বে তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল সঠিক লাইন-লেংথটা ধরতে পারা। আমাদের দলে কয়েকজন গতিময় বোলার আছে। রুবেল, তাসকিন ১৪০ কিমি গতিতে বল করতে পারে। তারা যদি এই গতিতে সঠিক জায়গায় বল ফেলতে পারে, সেটা কাজে লাগবেই। সৌভাগ্যবশত আমরা সেটা করতে পেরেছি। আশা করি, পরের ম্যাচগুলোতেও পারব।
অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কার বিপক্ষে পরিকল্পনাটা কেমন হবে?
মাশরাফি: প্রথমে উইকেট দেখতে হবে। আর আমরা যাই করি না কেন, সেটা এখনই বলা সম্ভব নয়। উইকেট দেখার পরই এ নিয়ে আলোচনা করব। তবে আশা করছি, যাই করি না কেন, সেটা আমাদের সাহায্য করবে। ভাগ্য সহায় হলে পরের ম্যাচগুলোতেও আমরা ভালো খেলব।
অস্ট্রেলিয়ার পিচ গতিময়। এখানে এসে একটু জোরে বল করবেন, এমন পরিকল্পনা কি আগে থেকেই ছিল?
মাশরাফি: হ্যাঁ,...তবে আমি কখনোই মনে করি না যে জোরে বল করাটাই সব। আপনি যদি জোরে বল করার পাশাপাশি বলটাকে সঠিক জায়গায় ফেলতে পারেন, তাহলেই সেটা কাজে লাগবে। জোরের সঙ্গে বলটিকে সঠিক জায়গায় ফেলতে না পারলে লাভ নেই। আমার বিশ্বাস আমাদের দলের অন্তত দুজন বোলার ১৪৫ কিমি গতিতে বল করতে পারে। আবারও বলছি, ওরা ঠিক জায়গায় বল ফেললে ব্যাটসম্যান যে-ই আসুক, সেটা কোনো ব্যাপার হবে না।
গ্যাবায় খেলার জন্য নিশ্চয়ই উদগ্রীব হয়ে আছেন?
মাশরাফি: অবশ্যই। আমরা গ্যাবায় কখনো খেলিনি। তবে শুনেছি এটা অস্ট্রেলিয়ার দ্রুততম উইকেটগুলোর একটি। আশা করি, সেখানে আমরা ভালো করব। গ্যাবায় খেলার অপেক্ষায় তো অবশ্যই আছি।