'ঘুম ভাঙার' ডাক মঈনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া-গেরোয় শুরুতেই আটকে গেছে ইংল্যান্ড। সেটি থেকে বেরিয়ে শুক্রবার স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে জিততে পারবে তারা? প্রথম ম্যাচে ইংল্যান্ডের খেলা দেখা বেশির ভাগেরই উত্তর হবে হয়তো ‘না’। অস্ট্রেলিয়ার ৩৪২ রানের জবাবে ২৩১ রানে যে অলআউট ইংল্যান্ড।
১১১ রানের বড় পরাজয়ে মন্দের মধ্যে একটা ভালো দিক দেখছেন ইংল্যান্ড দলের অন্যতম সদস্য মঈন আলী—ওই হার একটা সতর্কবার্তা দিয়ে গেছে দলকে। কী সেই সতর্কবার্তা? টুর্নামেন্টে টিকে থাকতে চাইলে ভালো খেলতে হবে ইংল্যান্ডকে। মঈনের ভাষায়, ‘হ্যাঁ, আমরা একটা সতর্কবার্তাই পেয়েছি। অস্ট্রেলিয়া নিজেদের পারফরম্যান্সের মানদণ্ডটা দেখিয়েছে। নিউজিল্যান্ডও যথাসম্ভব কঠিন প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবে এটাই আমাদের ধারণা।’
অস্ট্রেলিয়ার কাছে অমন পরাজয়ের পেছনে নিজেদের ব্যর্থতাকেও দুষছেন মঈন, ‘অস্ট্রেলিয়া সফরে সম্ভবত এটিই আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। ফলাফলে অবশ্যই হতাশ আমরা।’ তবে ওই ম্যাচটা এখন অতীত। ভালো করার প্রত্যয়ে মঈনের চোখ সামনে, ‘আমরা জানি, সামনে এগোতে হবে আমাদের। পরের ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
ওয়েলিংটনে শুক্রবারের ম্যাচে নিজেদের করণীয়ও জানিয়ে দিয়েছেন মঈন। তা হলো, নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের খেলার উন্নতি করা। এএফপি, ক্রিকইনফো।