'চাকরি' খুঁজছেন ওয়ার্নার-স্টার্করা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের নতুন ‘পেশায়’ মনোযোগ স্টার্কের। ছবি: ইনস্টাগ্রাম
নিজের নতুন ‘পেশায়’ মনোযোগ স্টার্কের। ছবি: ইনস্টাগ্রাম

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) শর্ত মেনে পরশু নতুন চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আনুষ্ঠানিকভাবে ‘বেকারের’ খাতায় নাম উঠে গেছে স্মিথ-ওয়ার্নারদের! এখন আর তাঁরা সিএর চুক্তিভুক্ত চাকুরে নন। কিন্তু এ নিয়ে ডেভিড ওয়ার্নার কিংবা মিচেল স্টার্করা খুব দুশ্চিন্তায় আছেন ভাবলে ভুল করবেন। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই মজা করে বেড়াচ্ছেন, হঠাৎ এমন ‘বেকারত্ব’ সামলাতে নতুন করে চাকরি খুঁজছেন!

জব সাইটে নিজের ভবিষ্যতের সন্ধানে উসমান খাজা। ছবি: ইনস্টাগ্রাম
জব সাইটে নিজের ভবিষ্যতের সন্ধানে উসমান খাজা। ছবি: ইনস্টাগ্রাম

অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক তিনি। ক্রিকেটারদের আন্দোলনেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্নার। ইনস্টাগ্রাম ও টুইটারে সময় কাটানোর উপায় খুঁজতে নেমেছেন তিনি। ম্যারাথনের একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ‘যেহেতু বেকার আছি, কাল এটা একবার চেষ্টা করে দেখতে পারি।’ এর আগেই অবশ্য নতুন একটি চাকরির প্রস্তাব পেয়েছেন ওয়ার্নার। ব্লেয়ার নেইল নামের এক অনুসারীর প্রস্তাব, ‘যদি কাজ খোঁজার ইচ্ছা থাকে তবে আমার বাগান সাফ করে দিয়ে যেতে পারো। ৬০ ডলার দেব, আশা করি একটু হলেও সাহায্য হবে।’ ওয়ার্নার নিজেও সে টুইটে মজা পেয়েছেন।
এরপরই বেকার ক্রিকেটাররা সবাই নিজেদের পেশা পরিবর্তনের পরিকল্পনা জানাতে শুরু করেছেন। গ্লেন ম্যাক্সওয়েল গলফ খেলার ভিডিও দিয়ে বলেছেন, ‘যদিও বেকার তবু ভাবলাম নিজের স্লগ শট ভালো করার চেষ্টা পরে কাজে লাগবে।’ বাঁহাতি ফাস্ট বোলার স্টার্ক অবশ্য গলফ দিয়ে ক্রিকেটের উন্নতিতে নামেননি, গলফেই নতুন পেশা বেছে নিতে চাচ্ছেন, ‘ভাবলাম অন্য কোনো পেশার খোঁজখবরও নেওয়া দরকার!’ এক ইংলিশ সমর্থক তাঁকে ইংল্যান্ডের হয়ে খেলার প্রস্তাব দিয়েছেন, বলেছেন ইংল্যান্ডে এসব সমস্যায় পড়তে হয় না!
উসমান খাজা আরও একধাপ এগিয়ে জব সাইটে গিয়ে চাকরি খুঁজছেন! অন্তত তাঁর ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে সে রকমই ইঙ্গিত দিয়েছেন, ‘আর কোনো উপায় আছে কি না একটু দেখে নিচ্ছি।’ এক অনুসারী তাঁকে তাঁর গাড়ি চালনার প্রস্তাব দিয়েছেন এখানে!
এডাম জামপা কিংবা দলের কোচিং স্টাফে থাকা জেসন গিলেস্পিও বোর্ডকে খোঁচা দিয়ে টুইট করেছেন। বোঝাই যাচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়াকে বেতন দিতে হচ্ছে না, এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিবৃতি দিয়েও ক্রিকেটারদের মনোবল ভাঙতে পারেননি এক ফোঁটাও।