'চাকার' ধরতে আসছে প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ আজমলদের মতো সন্দেহজনক অ্যাকশনের বোলারদের বোলিং মাঠেই পরীক্ষা করা হবে। ফাইল ছবি
সাঈদ আজমলদের মতো সন্দেহজনক অ্যাকশনের বোলারদের বোলিং মাঠেই পরীক্ষা করা হবে। ফাইল ছবি

মুত্তিয়া মুরালিধরন ‘চাক’ করতেন কি না—এ নিয়ে বিতর্ক ঝড় তুলেছিল নব্বইয়ের দশকের শেষ দিকে। এরপর ‘চাকার’ অপবাদ একে একে গ্রাস করেছে ব্রেট লি, শোয়েব আকতার, লাসিথ মালিঙ্গা, মারলন স্যামুয়েলসসহ অনেককেই। বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট-শিকা​রি আবদুর রাজ্জাককেও যেতে হয়েছে এই অপবাদের ভেতর দিয়ে। উল্লিখিত খেলোয়াড়েরা প্রত্যেকেই বায়োমেকানিক পরীক্ষা দিয়ে চাকিং অপবাদ ঘুচিয়েছেন কিন্তু হালে ক্রিকেট বিশ্বে আবারও নতুন করে দানা বেঁধেছে সেই পুরোনো বিতর্ক। এবার এই জালে ধরা পড়েছেন শ্রীলঙ্কার সচিত্রা সেনানায়েকে, পাকিস্তানের সাঈদ আজমলসহ বাংলাদেশের দুই বোলার সোহাগ গাজী ও আল-আমিন হোসেন। 
চাকিং নিয়ে বিতর্কটার যেন শেষ নেই। কোনো ক্রিকেটার এই অভিযোগে অভিযুক্ত হলেই সংশ্লিষ্ট খেলোয়াড়ের দেশ ও দেশের ক্রিকেটপ্রেমীরা এতে কোনো না
কোনো ষড়যন্ত্রের গন্ধ পেয়ে যান। এই যে ‘বায়োমেকানিক’ প্রযুক্তিতে পরীক্ষা দেওয়ার বিষয়টিও এতটাই জটিল যে সাধারণ মানুষের পক্ষে এটা বুঝে কোনো সিদ্ধান্তে আসা বা বিষয়টি অনুধাবন করা এক প্রকার অসম্ভবই। ক্রিকেটের আইনে আছে, কোনো বোলার বোলিংয়ের সময় তাঁর কনুই ১৫ ডিগ্রি পর্যন্ত সোজা করতে পারবেন, কিন্তু এই আইনের ব্যত্যয় কোনো বোলার করছেন কি না, সেটা খালি চোখে কোনো আম্পায়ারের পক্ষে ধরা এক প্রকার অসম্ভবই। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাই এবার ভাবছে, মাঠেই কোনো প্রযুক্তির সাহায্যে বোলারের চাকিং ধরার বিষয়টি। এ লক্ষ্যে প্রাথমিক কাজও অনেকটাই এগিয়েছে, কিন্তু অন্যান্য বোধগম্য সমস্যার কারণে প্রযুক্তিটি হয়তো এখনই আলোয় নিয়ে আসা সম্ভব হচ্ছে না। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে হয়তো নতুন প্রযুক্তিটির সাহায্যে মাঠেই বোলারদের চাকিং-অপরাধ ধরে ফেলা সম্ভব হবে।
নানামুখী বিতর্ক এড়াতেই আইসিসি চাকিং প্রতিরোধে এমন একটি প্রযুক্তির ব্যাপারে ভাবছে, যে প্রযুক্তি ক্রিকেটে চাকিং বিতর্কের অবসান ঘটাবে চিরদিনের জন্য। এমনও একটি বিতর্ক আছে, সন্দেহজনক অ্যাকশনের বোলাররা মাঠে বল করার সময় এক ধরনের অ্যাকশনে বোলিং করেন। কিন্তু বায়োমেকানিক পরীক্ষার সময় নিজেদের বাঁচাতে তাঁরা হয় ইচ্ছা করে অন্যভাবে বোলিং করতে পারেন। মাঠেই পরীক্ষার ব্যবস্থা থাকলে সেই ফাঁকির সুযোগও আর থাকল না।
চাকিং প্রতিরোধে এই নতুন প্রযুক্তিটির বিষয়ে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস বার্তা সংস্থা রয়টার্সকে এর অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী আইসিসি এ ব্যাপারে যথেষ্ট এগিয়ে গেছে, ‘হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়িই এই প্রযুক্তিটি ক্রিকেটে নিয়ে আসার বিষয়ে ভাবছি। এ ব্যাপারে অনেকটা পথই এগিয়ে যাওয়া গেছে। তবে কিছু সমস্যার কারণে এটা ক্রিকেট ম্যাচে ব্যবহার করার বিষয়ে আরও ভাবনা-চিন্তার প্রযোজন আছে।’
জানা গেছে, অস্ট্রেলীয় প্রযুক্তিবিদদের উদ্ভাবিত এই প্রযুক্তিটি খুব সম্ভবত খেলোয়াড়দের জার্সির সঙ্গে সংযুক্ত থাকবে। ভেতরে সংযুক্ত সেন্সরের সাহায্যে বোলারের চাকিংয়ের বিষয়ে তাৎক্ষণিক পরীক্ষার ফল, পরিসংখ্যান ও তথ্য একটি নির্দিষ্ট জায়গায় জমা হবে। অ্যালারডাইস জানিয়েছেন, প্রযুক্তিটি এই মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষার তৃতীয় ধাপে আছে। যে ব্যাপারটা নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে, সেটা হচ্ছে খেলার সময় এটার ব্যবহারের ধরন নিয়ে। এই একটি জায়গাতে প্রযুক্তিবিদ ও ক্রিকেট-সংশ্লিষ্টরা এখনো একমত হতে পারেননি। অ্যালারডাইস জানিয়েছেন, এই একটি জায়গায় আটকে থাকা ব্যাপারটি হয়তো দেড় থেকে দুই বছরের মধ্যে সমাধান করা সম্ভব হবে। সূত্র: রয়টার্স।