'চাকার'দের নিয়ে কাজ ঈদের পর
টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পরই শুরু হয়েছিল তাসকিন আহমেদ ও আরাফাত সানির পুনর্বাসনপ্রক্রিয়া। পুনর্বাসনের মধ্যেই দুজন খেলেছেন প্রিমিয়ার লিগ। তাসকিন-সানির বোলিং নিয়ে নতুন করে প্রশ্ন না উঠলেও লিগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে ১৩ বোলারের বিরুদ্ধে।
বিসিবির পূর্বঘোষণা অনুযায়ী বোলিং অ্যাকশন না শোধরানো পর্যন্ত এই বোলারদের বল করা থেকে বিরত থাকতে হবে। ঈদের পরই শুরু হবে তাঁদের অ্যাকশন শোধরানোর প্রক্রিয়া। গত ১৯ জুনের বোর্ড সভায় বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও সাবেক পেসার জালাল ইউনুসকে প্রধান করে গঠিত হয়েছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন তিন সাবেক ক্রিকেটার ওমর খালেদ, গোলাম ফারুক ও দীপু রায় চৌধুরী। আগামী পরশু বসবে কমিটির প্রথম সভা।
বোলিং অ্যাকশন শোধরানোর প্রক্রিয়া সম্পর্কে কাল সাংবাদিকদের কিছুটা ধারণা দিয়েছেন কমিটির প্রধান জালাল ইউনুস, ‘প্রথমে ওদের আমরা নেটে ডাকব। এখানে কিছু প্রযুক্তির দরকার আছে, আমরা ক্যামেরা বসাব। সেখানে তাদের অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে সংশোধন করা হবে। সংশোধন হলে তাদের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হবে। তবে সেখানেও যদি অ্যাকশন অভিযুক্ত হয়, তাদের নিয়ে আবারও কাজ করা হবে। এরপরও ঠিক না হলে এক বছরের জন্য নিষিদ্ধ হবে।’
এখন থেকে জাতীয় লিগ, বিসিএল, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে বোলারদের অ্যাকশন পর্যবেক্ষণ করবে রিভিউ কমিটি। প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ ও বয়সভিত্তিক ক্রিকেটেও নিয়মিত তদারকি থাকবে তাদের। তবে বোলারদের অ্যাকশনে ত্রুটি ধরাই শুধু নয়, তাদের সংশোধনের কাজটিও করতে হবে বিসিবিকে। কিন্তু তার জন্য যে উচ্চ প্রযুক্তি এবং বিশেষজ্ঞ জনবল প্রয়োজন, সেটি বিসিবির নেই। রিভিউ কমিটির প্রধান অবশ্য জানালেন, ‘সীমাবদ্ধতা নিয়েই আমাদের কাজ করতে হবে। আমাদের নিজেদের যেহেতু খুব একটা অভিজ্ঞতা নেই, চেষ্টা করব বাইরে থেকে বিশেষজ্ঞ আনার। আইসিসির কাছে আমরা এরই মধ্যে প্রযুক্তিগত সহায়তা চেয়েছি। কার্ডিফেও যোগাযোগ করেছি। চেষ্টা করব সেখানকার কয়েকজন বিশেষজ্ঞ আনার।’ ভবিষ্যতে ঢাকায় বোলিং অ্যাকশন শোধরানোর মিনি ল্যাব করারও চিন্তাভাবনা আছে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
রিভিউ কমিটির আওতার বাইরে থাকছেন তাসকিন ও সানি। দুজনের পুনর্বাসনই চলছে জাতীয় দলের ফিজিও-ট্রেনার ও কোচের অধীনে। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সিরিজের আগেই দুজনকে বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায় পাঠানো হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।