
খেলোয়াড়দের আনাগোনায় কাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমে যেন পা রাখারই জায়গা ছিল না! মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়েরা ভীষণ ব্যস্ত ফিটনেস অনুশীলনে। ব্যাটিং-বোলিং অনুশীলন তো হচ্ছেই, আগামীকাল শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ফিটনেসটাও ভালো থাকা চাই।
বেলা তিনটায় মিরপুরে তামিম ইকবাল অবশ্য ফিটনেস নিয়ে কাজ করতে আসেননি। বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার এলেন মোহামেডানের সঙ্গে দলবদলের আনুষ্ঠানিকতা সারতে। তাঁর সঙ্গে ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আর খানিক আগেই খুলনা থেকে ছুটি কাটিয়ে আসা স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
গতবার দলকে সামনে থেকে নেতৃত্বে দিয়ে আবাহনীকে শিরোপা জিতিয়েছিলেন তামিম। এবারও নাকি তাঁর আবাহনীতেই থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? তামিম বললেন, ‘আমি আবাহনীতে নেই কেন, সেটা তারা (আবাহনী) ভালো বলতে পারবে। এটা এমন গুরুত্বপূর্ণ কিছু নয়। সব সময়ই বলি দুই ক্লাবই আমার কাছের। আমার বাবার (প্রয়াত ইকবাল খান) ক্লাব মোহামেডান, চাচার (আকরাম খান) ক্লাব আবাহনী। দুটি ক্লাবই ঐতিহ্যবাহী। এবার আবাহনীতে নেই মানে যে ভবিষ্যতে খেলব না, তা নয়। আবার দেখা যেতে পারে আগামী পাঁচ বছর মোহামেডানেই খেলছি।’
ঢাকা প্রিমিয়ার লিগে তামিম সর্বশেষ মোহামেডানের হয়ে খেলেছেন ২০০৯-১০ মৌসুমে। প্রায় সাত বছর পর পুরোনো ক্লাবে ফিরে শিরোপায় চোখ তাঁর, ‘মোহামেডান অনেক বছর হলো চ্যাম্পিয়ন হয় না। চ্যাম্পিয়ন হতে হলে ভাগ্যও লাগে। আশা করি, ভাগ্যটা এবার আমাদের পক্ষে থাকবে।’
তামিম যে ভাগ্যের কথা বললেন, সেটা তাঁর ভালোই আছে। সর্বশেষ যে মৌসুমে মোহামেডানে খেলেছিলেন, সেবারই ঢাকা লিগে সর্বশেষ শিরোপা জিতেছে তারা। আর তিনি বর্তমান চ্যাম্পিয়ন (আবাহনীর হয়ে) অধিনায়কও। কিন্তু অন্য ক্লাবগুলোর মতো মোহামেডানেরও একই চ্যালেঞ্জ—আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল উড়াল দেবে এ মাসের শেষ দিকে। স্বাভাবিকভাবেই তখন তামিম, সঙ্গে জাতীয় দলের অনেক খেলোয়াড়ও থাকবেন না। তামিমের আশা, তাতে দলের খুব একটা অসুবিধা হবে না, ‘আমি না থাকলে অন্য যারা থাকবে, তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’
তামিম যখন সিসিডিএম অফিসে কথা বলছিলেন, তাঁর পাশে বসা মিরাজের চোখেমুখে ঐতিহ্যবাহী ক্লাবে খেলার রোমাঞ্চ। গত দুই মৌসুমে বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার খেলেছেন কলাবাগান ক্রিকেট একাডেমিতে। এবার মোহামেডানে নাম লিখিয়ে রোমাঞ্চিত তিনি, ‘ছোটবেলা থেকেই শুনে এসেছি আবাহনী-মোহামেডানের নাম। এই ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত। আগের দুই মৌসুম যে ক্লাবে খেলেছি, সেখানে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাইনি। এবার মোহামেডানের হয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’
সৌম্য সরকার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে বলেন তাঁর ‘সৌভাগ্যের ক্লাব’! ২০১৪-১৫ মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে ১৫ ম্যাচে ৮১.৮৯ গড়ে ৬১৫ রান করে চলে এলেন পাদপ্রদীপের আলোয়। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে গত মৌসুমটা বাজেই কেটেছে বাঁহাতি ওপেনারের। এক মৌসুম পর আবারও ‘প্রিয়’ ক্লাবে ফিরতে পেরে ভীষণ খুশি সৌম্য, ‘প্রাইম ব্যাংক দলটা অনেক পছন্দ করি। এই দলে খেলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার দল ভালো হয়েছে। আশা করি, এ বছরটা ভালো যাবে।’