'চারজন চারজনের দিকে তাকাচ্ছি'

চারজনের জন্যই ব্যাপারটা রোমাঞ্চকর। চারজনই আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। দলের অন্যরা অভিনন্দন জানাচ্ছেন। ফোন আর ফেসবুকেও আসছে অভিনন্দনবার্তা। কিন্তু ওই চারজনের মধ্যে টেস্ট নিয়ে কথা নেই। তারা শুধু একজন আরেকজনের দিকে তাকান আর হাসেন।
সাব্বির রহমান, নুরুল হাসান, কামরুল ইসলাম ও মেহেদী হাসান—ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন চার তরুণ ক্রিকেটার। টেস্ট দলে ডাক পাওয়ার পর এক দিন কেটে গেছে। এই সয়ে নিজেদের মধ্যে কী কথাবার্তা হলো জানতে চাইলে সাব্বির হেসে জানালেন, ‘কথা হয়নি (হাসি)। চারজন চারজনের দিকে তাকাচ্ছি। আসলে সবাই অনেক রোমাঞ্চিত টেস্ট ম্যাচ খেলার জন্য। আমি রাব্বীর (কামরুল ইসলাম) দিকে তাকাচ্ছি। ও আর আমি ভালো বন্ধু। আমরা চারজন চারজনের দিকে তাকাচ্ছি, আমরা টেস্ট দলে ডাক পেয়েছি...আমরা নতুন মুখ! আসলে সবাই-ই রোমাঞ্চিত খেলার জন্য।’
জাতীয় দলের আশপাশে এলেই উঁকি দেয় টেস্ট খেলার স্বপ্ন। সে স্বপ্ন দেখেছেন সাব্বিরও। স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ২৪ বছর বয়সী এই তরুণের প্রতিজ্ঞা, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, একদিন আমি টেস্ট খেলব। আমার পরিবারও অনেক খুশি যে আমি টেস্ট দলে ডাক পেয়েছি। কিন্তু হুট করে তো আর টেস্ট খেলা যায় না। ধাপে ধাপে এগোতে হয়। প্রথমে টি-টোয়েন্টি খেলেছি, এরপর ওয়ানডে। এখন টেস্টেও ইনশা আল্লাহ ভালো খেলার চেষ্টা করব।’
সাব্বিরের ওপর আস্থা আছে কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও। কাল দল ঘোষণার সংবাদ সম্মেলনেই জানিয়ে দিয়েছেন, সাব্বিরকে একাদশে জায়গা দেওয়ার পথ খুঁজছেন তিনি। আর সাব্বিরেরও বিশ্বাস, কোচের আস্থার প্রতিদান তিনি দিতে পারবেন, ‘বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—তিনটাতেই আমি দলকে কিছু না কিছু দিতে পারব আশা করি। সব সময়ই শতভাগ দেওয়ার চেষ্টা থাকে। দল যেভাবে চাইবে, আমি সবকিছু সেভাবেই দেওয়ার চেষ্টা করব।’