'চির-অপরাজিত ৬৩'

তিনি গায়ক, ভুবনবিখ্যাত। কিন্তু এ পরিচয়ের আড়ালে স্যার এলটন জনের আরও একটা পরিচয় আছে। দারুণ ক্রীড়াপ্রেমীও তিনি। ইংলিশ ফুটবল ক্লাব ওয়াটফোর্ডের আজীবন সমর্থক, অনেক দিন ক্লাবটির চেয়ারম্যানও ছিলেন। মালিকানা আছে নর্থ আমেরিকান সকার লিগের দল লস অ্যাঞ্জেলেস আজটেকসেরও। ব্রিটিশ এই গায়ক অবসর পেলেই ফুটবল দেখতে ছুটে যান স্টেডিয়ামে। কিন্তু তিনি যে দারুণ ক্রিকেটপ্রেমীও সেটি বোধ হয় খুব কম মানুষেরই জানা। মিউনিখে নিজের কনসার্টে সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজকে শ্রদ্ধা জানিয়েই সেটি প্রকাশ করলেন এলটন জন। আর সব ক্রিকেটপ্রেমীর মতো তিনিও মুষড়ে পড়েছেন হিউজের অকালপ্রয়াণে।
গত বৃহস্পতিবার মিউনিখের লাইভ কনসার্টে হিউজকে স্মরণ করে দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি একজন দারুণ খেলাপ্রেমী মানুষ৷ আমি ক্রিকেটও খুব ভালোবাসি। হয়তো এখানে (জার্মানি) খেলাটির একেবারেই প্রচলন নেই৷ আজ ফিলিপ হিউজ নামে অস্ট্রেলিয়ান এক ক্রিকেটার ব্যাট করার সময় বলের চোট পেয়ে মারা গেছেন। আমি তার স্মরণে আজ একটা গান করব। তার খেলা দেখে আমি অনেক আনন্দ পেয়েছি।’ এরপরই হিউজকে উৎসর্গ করে জন গেয়ে ওঠেন তাঁর বিখ্যাত গান, ‘ডোন্ট লেট দ্য সান গো ডাউন অন মি।’ ভেজা চোখেই পুরোটা সময় পারফর্ম করে গেছেন জন। যাঁর বলে চোট পেয়েছিলেন হিউজ, সহমর্মিতা জানিয়েছেন সেই শন অ্যাবটের প্রতিও, ‘আমি জানি এ ধাক্কা সামলাতে তোমার অনেক দিন লাগবে, বন্ধু। কিন্তু হাল ছেড়ো না।’
হিউজের মৃত্যু তাঁর কাছের বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছে সম্ভবত অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ককেই। গতকাল হিউজের ২৬তম জন্মদিনে প্রিয় বন্ধুকে নিয়ে সানডে টেলিগ্রাফ-এ একটা কলাম লিখেছেন ক্লার্ক। হৃদয়স্পর্শী সেই কলামে তুলে এনেছেন মানুষ ফিল হিউজকে, ‘ও একেবারেই সাদামাটা মানুষ ছিল। বাইরে থেকে যা দেখা যেত ভেতরেও ঠিক তা-ই। সর্বোচ্চ পর্যায়ে ১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে আমি ওর মতো উষ্ণ হৃদয়ের, কর্তব্যনিষ্ঠ সতীর্থ আর পাইনি।’ তাঁদের দুজনের সম্পর্কটা কতটা গভীর ছিল সেটা বোঝাতে গিয়ে বলেছেন, ‘আমার আপন ভাই নেই। কিন্তু ফিলিপকে ভাই বলতে পেরে আমি গর্বিত। আমার সৌভাগ্য যে আমি তাকে চিনতাম। তোমার মঙ্গল হোক, ভাই। আমি তোমাকে খুব মিস করব, কখনো ভুলব না। শুভ জন্মদিন।’
ক্লার্ক মানসিক সমর্থন জানিয়েছেন শন অ্যাবটকেও, ‘কেউই শন অ্যাবটকে এর জন্য বিন্দুমাত্র দোষী ভাবছে না। ওর এখন সবার সমর্থন দরকার। আমি সব সময়ই তার পাশে থাকব। শন, যখন তুমি মনে করবে আবার মাঠে নামার জন্য প্রস্তুত, জানবে, আমিই সবার আগে নেটে তোমাকে খেলার জন্য অপেক্ষায় আছি। ফিলও চাইত, আমরা দুজন যাতে এটা করি।’
আগামী বুধবার নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিল হাইস্কুলের ক্রীড়া মিলনায়তনে হবে ফিল হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগেই তাঁকে সম্মান জানাতে হিউজের জীবনের শেষ ম্যাচের স্কোরকার্ডটি কিছুটা সংশোধন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ৬৩ রানে থাকা অবস্থায় বাউন্সারের আঘাতে মাঠ ছেড়ে বেরিয়ে আসার পর শেফিল্ড শিল্ডের সেই ম্যাচের স্কোরকার্ডে হিউজের নামের পাশে লেখা হয়েছিল ‘রিটায়ার্ড হার্ট’। কিন্তু কাল সিএ জানিয়েছে, ‘আহত অবসর’ নয়, চিরদিনের জন্য ‘অপরাজিত ৬৩’ লেখা থাকবে হিউজের নামের পাশে। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘মনে হতে পারে এটা সামান্য ব্যাপার, কিন্তু আমাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। ফিলিপ আজীবন ৬৩-তে অপরাজিত থাকবে।’ ক্রিকইনফো, সিডনি মর্নিং হেরাল্ড।