'চোক' করে বিদায় শ্রীলঙ্কারই

হঠাৎ করেই সিডনির আকাশ ভেঙে ঝুম বৃষ্টি। আবার নকআউট পর্ব...আবার বৃষ্টি! দক্ষিণ আফ্রিকা দলের অনেকের মনেই হয়তো উঁকি দিচ্ছিল ১৯৯২ বিশ্বকাপের দুঃসহ স্মৃতি। তবে কি...! নাহ্, নিজেদের চিরকালীন দুর্ভাগ্য নিয়ে এমন আকাশ-পাতাল ভাবার তেমন কিছু তখন ছিল না। ততক্ষণে শ্রীলঙ্কার স্কোরকার্ড যে রীতিমতো কঙ্কালসার! ১২৭ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ম্যাচটা তখন শ্রীলঙ্কা মোটামুটি তুলেই দিয়েছে প্রোটিয়াদের হাতে! বৃষ্টি-সংক্রান্ত আশঙ্কাটাও ছিল অমূলকই। যদি কোনো কারণে আজ খেলা মাঠে না গড়াত, কাল রিজার্ভ ডে ছিলই। খেলাটা শুরু হতো, সেই ১২৭ / ৯ থেকেই। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার হারের কোনো শঙ্কা ছিল কি!
শঙ্কাটা আসলে দূরে ঠেলে দিয়েছে শ্রীলঙ্কার ‘চোকিং’ই। হ্যাঁ, শ্রীলঙ্কাকেই ‘চোকার’ উপাধিটা দিতে হচ্ছে। এতদিন ধরে যে দুঃসহ চাপের বোঝাটা বয়ে বেড়াচ্ছিল দক্ষিণ আফ্রিকা, আজ সেটাই যেন লঙ্কানদের কাঁধে চাপিয়ে দিল। আর সেই চাপে তাসের ঘর শ্রীলঙ্কার ইনিংস। কুমার সাঙ্গাকারার দুর্দান্ত ফর্ম, আর বোলারদের জ্বলে ওঠা সিডনির কোয়ার্টার ফাইনালে স্বপ্ন দেখিয়েছিল শ্রীলঙ্কা-সমর্থকদের। কিন্তু ১৩৩ রানে অলআউট হয়ে সেই স্বপ্নকে ভূলুণ্ঠিত করেছে তারা নিজেরাই।
১৩৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর ম্যাচের আর বিশেষ কিছু বাকি থাকে না। আজকের ম্যাচেও এর ব্যতিক্রম কিছু হয়নি। হাশিম আমলার উইকেটটি হারিয়েই জয়ে বন্দরে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটেই শুধু ম্যাচটা জেতেনি, ১৮ ওভারের মধ্যেই খেলাটা শেষ করে দিয়ে নিজেদের ‘চোকার’ অপবাদটা আপাতত এক ঝটকায় অচিনপুরের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। এতদিন নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারে না বলে যে অপবাদ বয়ে বেড়াতে হচ্ছিল, সেই তারাই ১৯২ বল বাকি ম্যাচ জিতে নকআউট পর্বে বলের ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়ল।

কুইন্টন ডি কক পুরো বিশ্বকাপে ফর্মে ছিলেন না। আজ তিনি খেললেন ৭৪ রানের ইনিংস। ব্যাট হাতে জয়ের নায়ক তিনিই। বল হাতে জেপি ডুমিনির হ্যাটট্রিক, আর ইমরান তাহিরের ৪ উইকেট ম্যান অব দ্য ম্যাচ দাবিদারের দলটাই কেবল ভারী করেছে। ৯ উইকেটের এই বিশাল জয় বিশ্বকাপ ইতিহাস নতুন করে লেখার ইঙ্গিত কি না, সেটা কে জানে!
শ্রীলঙ্কা কিন্তু আজ প্রথমে ব্যাট করতে নেমেছিল টস জিতেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রানের ফোয়ারা ছোটানোর লক্ষ্যে ব্যাট করতে নেমেই বিপর্যয়। বিপর্যয় আসলে লঙ্কানদের সঙ্গে আষ্টেপৃষ্ঠে লেপ্টে ছিল ইনিংসের শুরু থেকেই। প্রথমেই কাইল অ্যাবটের বলে কুইন্টন ডি ককের এক ডাইভিং ক্যাচে ফিরতে হলো উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরাকে। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই নিজের উইকেট দিয়ে এলেন তিলকরত্নে দিলশান। এরপর তৃতীয় উইকেটে কুমার সাঙ্গাকারা লাহিরু থিরিমান্নেকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ লড়লেন। ৬৫ রানের জুটি গড়ে দিলেন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও। কিন্তু বিধি বাম। লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর পথ বন্ধুর করে দেন ইমরান তাহির। থিরিমান্নে আর মাহেলা জয়াবর্ধনেকে খুব অল্প সময়ের ব্যবধানে ফিরিয়ে দিয়ে লঙ্কানদের ফেলেন আরও বড় বিপর্যয়ের মধ্যে।
বিপর্যয়ের আরও বাকি ছিল। স্কোর ৪ উইকেটে ১১৪ থেকে হঠাৎই ৮ উইকেটে ১১৬। ইনিংসের তেত্রিশতম ওভারের শেষ বলে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ডু প্লেসির ক্যাচে ফেরান ডুমিনি। পরের ওভারেই ইমরান তাহির বিদায়ঘণ্টা বাজান থিসারা পেরেরার। এই ওভারে আর কোনো অঘটন না ঘটলেও নিজের হ্যাটট্রিকটি তুলে নেন ডুমিনি ম্যাচের ৩৫তম ওভারের প্রথম দুই বলেই।সঙ্গে সঙ্গে ইতিহাসের পৃষ্ঠায় নিজের নামটিও লিখে ফেলেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে নবম বোলার হিসেবে হ্যাটট্রিকের অনন্য কীর্তি গড়লেন এই ডুমিনি। নবমের তালিকাটা দীর্ঘ মনে হচ্ছে? ডুমিনিই কিন্তু বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম দক্ষিণ আফ্রিকান।
কুমার সাঙ্গাকারার ইনিংসটি শেষ হয়েছে ৪৫ রানে। ওয়ানডের শেষ ইনিংসটিই খেলে ফেললেন তিনি! বিদায় নিতে যাচ্ছেন মাহেলা জয়বর্ধনেও। বিশ্বকাপ ট্রফিটাকে আরাধ্য রেখেই বিদায় নিচ্ছেন এই দুই লঙ্কান গ্রেট। আফসোস থাকছে একটাই, দুই লঙ্কান গ্রেটের বিদায়লগ্নটিকে আনন্দময় করতে পারলেন না তাঁর সতীর্থরা।