চ্যাম্পিয়নস ট্রফি ভাবনায় নেই বাংলাদেশের

বাংলাদেশ দল কিছুক্ষণ অনুশীলন করেছে, তখনই ঝেঁপে বৃষ্টি! এমনিতে উইকেট ঢাকা থাকে। এবার প্রায় পুরো মাঠই ঢেকে ফেলতে হলো ত্রিপলে। মাশরাফিরাও নিশ্চয় গত দুটি টি-টোয়েন্টির ব্যর্থতা এভাবেই ঢেকে ফেলতে চান আগামীকাল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে।
তামিম ইকবাল গতকালই বলেছেন, যে সংস্করণে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে, সেটিই আসছে সামনে। পরিসংখ্যানও তা-ই বলছে। ঘরের মাঠে গত তিনটি ওয়ানডে সিরিজে হারেনি বাংলাদেশ। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টির ব্যর্থতা ভুলে ওয়ানডেতে ভালো করার আশা করতেই পারে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আশার কথাই শোনালেন, ‘সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ সিরিজেও ভারতের সঙ্গে আমরা জিতেছি। আশা করছি, এ সিরিজেও আমরা ভালো খেলব, ভালোভাবে শেষ করব।’
মাশরাফি যে ‘গুরুত্বপূর্ণ’ বললেন, সেটি হয়তো চ্যাম্পিয়নস ট্রফির কথা বিবেচনা করে। বর্তমান যে সমীকরণ, নির্ভার থাকতে হলে এ সিরিজে একটা ম্যাচ জিততে হবে। তবে অধিনায়ক চ্যাম্পিয়নস ট্রফি-প্রসঙ্গ আনতে চাইলেন না। ভাবনায় কেবলই আগামীকালের ম্যাচ, ‘চ্যাম্পিয়নস ট্রফি অনেক দূরের ব্যাপার। এখন আমাদের আগামীকালের ম্যাচ নিয়েই ভাবা উচিত। সর্বশেষ দুটো টি-টোয়েন্টিতে জিততে পারিনি। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে পারিনি। এর আগে আমরা যেভাবে জিতেছি, সেভাবে আবারও খেলতে হবে। তেমন খেলতে পারলে আশা করি আগামীকাল ভালো করব।’
মাশরাফি মনে করেন না এ সিরিজে বাংলাদেশ কেবল একটি ম্যাচ জেতার জন্যই খেলবে। সব সময় জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামেন খেলোয়াড়েরা, ‘আমরা জিততে চাই। আপনারা সবাই চান জিততে। তবে আমরা সর্বশেষ তিনটা ম্যাচ হেরেছি। পদ্ধতির বাইরে খেলতে গিয়েই হেরেছি। পদ্ধতিগুলো যদি ঠিক রেখে খেলতে পারি, তবেই জিততে পারব। জয়ের চিন্তা করার আগে কৌশল নিয়েই চিন্তা করা উচিত। আর অবশ্যই আমরা তিনটা ম্যাচ জেতার জন্য নামব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদিও কঠিন হয়ে যাবে। জিততে হলে তাদের থেকে এক ধাপ ভালো খেলতে হবে। এখনই বলতে পারছি না আমাদের একটা নাকি দুটো ম্যাচ জিততে হবে। এটা বলা যায়ও না।’

ঘরের মাঠে একের পর এক সাফল্যে বাংলাদেশের যেন জয়ের নেশায় পেয়ে বসেছিল! এরপর পর পর তিনটি আন্তর্জাতিক ম্যাচ হারে সে আত্মবিশ্বাসে খানিকটা ধাক্কা। এ ধাক্কাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন মাশরাফি। বাস্তবতার জমিনে নেমে আসাও ভালো। নতুন করে জয়ের তাগাদা তৈরি হয় তাহলে, ‘বিশ্বকাপ থেকেই আমরা জিতছি। জিততে জিততে একটা নেশা হয়ে তৈরি হয়ে যায়। তখন সবাই চাই জিততে। জয় নিয়ে অতিরিক্ত ভাবতে গিয়ে আর পদ্ধতি নিয়ে ভাবার সময় থাকে না। সব বিভাগে ভালো খেলেই জিততে হয়। শুরু থেকেই জিতার চিন্তা মাথায় ঢুকে গেলে প্রসেস বা পদ্ধতি থেকে মনোযোগ সরে যায়। এখন আমাদের ফিরে যেতে হবে আগের জায়গায়, যেভাবে খারাপ সময় থেকে ভালো সময়ে চলে এসেছিলাম।’
ওয়ানডে সিরিজে নেই দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশের জন্য এটা বড় সুযোগ হলেও মাশরাফি মনে করেন এমন খেলোয়াড়ের অনুপস্থিতি বেশি ভাবাবে দক্ষিণ আফ্রিকাকেই, ‘এবি (ডি ভিলিয়ার্স) এমনই একজন খেলোয়াড়, সবাই তাকে সমীহ করে। প্রতিপক্ষ দলের কোচের আলাদা পরিকল্পনা করতে হয়। এবি না খেললে প্রতিপক্ষের জন্য যেমন ভালো, তেমনি তার নিজের দলের জন্যও চিন্তার ব্যাপার। যে দলে সে খেলে না, তাদের জন্য বরং আরও বেশি ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। এটা অবশ্যই আমাদের জন্য বড় সুযোগ। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে কেবল ডি ভিলিয়ার্স নয়, তাদের দলে অন্যান্য অনেক বড় তারকা রয়েছে, তাদের বিপক্ষেও ভালো করতে হবে।’
শীর্ষ দলগুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটির বেশি ম্যাচ জেতেনি বাংলাদেশ। এই তালিকায় কদিন আগেও পাকিস্তানও ছিল। বড় দলগুলোর বিপক্ষে খেলতেই যেন এখন বাড়তি অনুপ্রেরণা পায় বাংলাদেশ।
তারকাসমৃদ্ধ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটা যেমন চ্যালেঞ্জিং। তেমনি প্রোটিয়াদের বিপক্ষে জিতে নিজেদের প্রমাণেরও অনেক বড় সুযোগ। এ সুযোগ হাতছাড়া করতে চান না মাশরাফি, ‘আইসিসি টুর্নামেন্ট ছাড়া কোনো দলই তাদের বিপক্ষে সহজে জিততে পারে না। বিশ্বকাপেও যে খারাপ খেলে, তা নয়। দুর্ভাগ্যজনকভাবে হেরেছে বিশ্বকাপে। বিশ্বের দুটো দলের কথা বললে দক্ষিণ আফ্রিকাকে রাখতে হবে। দ্বিপক্ষীয় সিরিজে তারা নিয়মিত ভালো করে। তাদের বিপক্ষে খেলাটা যেমন চ্যালেঞ্জিং, আবার আনন্দেরও। কারণ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে পারলে আমরা পা দিতে পারব আরেক ধাপে।’
অবশ্য সব কথার পরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আবহাওয়ার যে পরিস্থিতি, আগামীকাল ম্যাচ ঠিকঠাক হবে তো?