'জনপ্রিয়' বিশ্বকাপের আয়ও ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু মাঠের খেলাই জমজমাট হয়নি, আর্থিকভাবেও দারুণ সফল সর্বশেষ ক্রিকেট বিশ্বকাপ। ২০১৫ বিশ্বকাপের প্রধান নির্বাহী জন হার্নডেন তাই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া এই টুর্নামেন্টকে বলছেন, ‘এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় বিশ্বকাপ।’
বিশ্বখ্যাত হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউস কুপারসের সাম্প্রতিক গবেষণা জানিয়েছে, গত ফেব্রুয়ারি-মার্চে হওয়া এ বিশ্বকাপে সরাসরি ব্যয়িত অর্থ থেকে রাজস্ব এসেছে ১.১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ ৮৪৪ মিলিয়ন মার্কিন ডলার। অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে যথেষ্ট। পূর্ণকালীন কর্মসংস্থান হয়েছে ৮ হাজার ৩২০টি। বিশ্বকাপ দেখতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আতিথ্য নিয়েছেন প্রায় ১ লাখ ৪৫ হাজার দর্শক, যাঁদের বেশির ভাগই এশীয়। দুই স্বাগতিক দেশের হোটেলগুলোর ব্যবসাও রমরমা হয়েছে ওই সময়। আর্থিকভাবে এমন সাফল্যে তাই উচ্ছ্বসিত জন হার্নডেন, ‘২০০০ সালের সিডনি অলিম্পিকের পর এটাই অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় ইভেন্ট। নিউজিল্যান্ডের ক্রিকেটও বদলে গেছে এই বিশ্বকাপের পর।’ এএফপি।