'জাতীয় দলের বাইরে থাকা খুবই কষ্টের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও হাসল জুনায়েদের ব্যাট। ছবি: প্রথম আলো
আবারও হাসল জুনায়েদের ব্যাট। ছবি: প্রথম আলো

দ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গে এক সময় নিয়মিত দেখা যেত জুনায়েদ সিদ্দিককে। ধারাবাহিকতার অভাবে ধরে রাখতে পারলেন না নিজের জায়গা। জাতীয় দলে না থাকা মানে স্পটলাইটের আলোটাও সরে যাওয়া। জুনায়েদও চলে গিয়েছিলেন কিছুটা দৃষ্টির আড়ালে। 

এ বিপিএলেও শুরুটা হয়েছিল বাজে। চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে করলেন মাত্র ৫। বাদ পড়লেন দল থেকে। তবে দলে ফিরে হাসল জুনায়েদের ব্যাটও। দুদিন আগে বরিশাল বুলসের বিপক্ষে অপরাজিত ৩৪ রান খেলে হলেন ম্যাচসেরা। আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৫১ রানে আবারও ম্যাচসেরা। ম্যাচের নায়ক হয়ে সংবাদ সম্মেলনে এলেন বহু দিন পর। কত দিন? নিজেও মনে করতে পারেন না!
রংপুর রাইডার্সের জহুরুল ইসলামের সঙ্গে জুনায়েদের দারুণ কিছু মিল রয়েছে। দুজনের বাড়ি রাজশাহী। ব্যাটিং করেন প্রায় একই পজিশনে। এবার বিপিএলে অপরাজিত ৩৬ রানের পর জহুরুল পেয়েছিলেন ফিফটির দেখা। জুনায়েদও অনেকটা তা-ই। জানালেন, তাঁকে বেশ অনুপ্রাণিতই করেছেন জহুরুল, ‘ও যেহেতু রাজশাহীর ছেলে। মনে হয়েছে, ও রান করছে, কষ্ট করছে। ভাবলাম আমিও চেষ্টা করে দেখি। সবচেয়ে বড় কথা হলো, প্রথম ম্যাচ খেলার পর পাঁচটি ম্যাচ বাইরে ছিলাম। ওই সময়টা খুব খারাপ ছিল। অনেক পরিশ্রম করেছি। নিজের কাছেও চ্যালেঞ্জিং ছিল। ভেবেছি ভালো না খেললে ক্যারিয়ার থাকবে না। চেষ্টা ছিল একটু হলেও যেন দলের জন্য পারফর্ম করতে পারি।’
একটা সময় বাংলাদেশ দলে ছিলেন নিয়মিত মুখ। সেই গল্পটা জুনায়েদের কাছে এখন সোনালি অতীত। তবে লাল-সবুজ জার্সিতে আবারও মাঠে নামতে তাঁর জন্য বড় প্রেরণা হতে পারে বিপিএল। সর্বশেষ ২০১২ সালের জুনে দলে ফিরেছিলেন বিপিএলের পারফরম্যান্স দিয়েই। বিপিএলের প্রথম আসরে ২৩৮ রান করেছিলেন ১৪৭.৮২ স্ট্রাইক রেটে। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা ছিল না বাংলাদেশ দলে ফিরে। ২০১২-এর জুলাইয়ে হল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে সেই যে বাদ পড়লেন, আর সুযোগ মেলেনি সীমিত ওভারে।
বাংলাদেশ দলের বাইরে থাকা কতটা কষ্টের, জুনায়েদের চেয়ে ভালো বুঝবে কে! দলের বাইরে থাকলেও এ বছর বাংলাদেশের সাফল্য ছুঁয়ে যাচ্ছে তাঁকেও, ‘জাতীয় দলের বাইরে থাকা খুবই কষ্টের। অন্যদের (সতীর্থ) খেলতে দেখলে কষ্ট লাগে। আবার ভালো পারফর্ম দেখলে ভালোও লাগে। ২০১৫ সালে বাংলাদেশ নিজেদের সেরা খেলাটাই খেলেছে। বিশেষ করে ওয়ানডেতে। আমাদের ব্যাচের ইমরুল, (শাহরীয়ার) নাফিস এ বছর ভালো খেলছে। আমার মনে হয়, চেষ্টা করলে আমারও হয়তো হবে। টি-টোয়েন্টি এমনিই ভালো লাগে। অফফর্মে থাকলেও টি-টোয়েন্টিতে রান করতে পারব বলে মনে হয়। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। ওয়ানডে বা টেস্টের কথা বলতে পারব না। টি-টোয়েন্টিতে এ আত্মবিশ্বাস থাকে।’
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ টুর্নামেন্ট দিয়ে ফেরার দাবিটা জোরালো করার দারুণ সুযোগ ২৮ বছর বয়সী ওপেনারের সামনে। তবে দূরে নয়; জুনায়েদের চোখ আপাতত কাছেই, ‘এখন এ টুর্নামেন্টই আমার কাছে গুরুত্বপূর্ণ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন জাতীয় দল নিয়ে ভাবছি না। ক্রিকেটটা উপভোগ করার চেষ্টা করছি। যত দিন ক্রিকেট উপভোগ করব, তত দিন অনেক কিছু হতে পারে। উপভোগ না করলে এখানে (সংবাদ সম্মেলন) আসাটাও হয়তো উপভোগ করব না।’