'জাদুটোনা' হয়েছিল পাকিস্তানের ওপর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপের সেমিতে অসহায়ভাবেই হেরেছে পাকিস্তান। ফাইল ছবি. আইসিসি
ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপের সেমিতে অসহায়ভাবেই হেরেছে পাকিস্তান। ফাইল ছবি. আইসিসি
>
  • যুব বিশ্বকাপের সেমিতে ভারতের কাছে ২০৩ রানে হেরে যায় পাকিস্তান।
  • ভারতের ২৭২ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে।
  • পাকিস্তানের ম্যানেজার ছিলেন নাদিম খান।
  • তিনি সাবেক অধিনায়ক মঈন খানের বড় ভাই।

যুব বিশ্বকাপের সেমিতে ভারতের কাছে যাচ্ছেতাইভাবে হেরেছে পাকিস্তান। এমনই হার, যেটি হজম করতেও কষ্ট হওয়ার কথা। ২০৩ রানের ব্যবধানে! চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে যাওয়াটাও একটা যন্ত্রণা। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার নাদিম খান সেদিনের পরিস্থিতি নিয়ে বলেছেন, ‘যেন জাদুটোনার প্রভাব কাজ করছিল পাকিস্তান যুবদলের ব্যাটসম্যানদের ওপর।’

নাদিম পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানের বড় ভাই। দেশের হয়ে ২টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেই শেষ হয়ে গিয়েছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। বাঁহাতি স্পিনার নাদিম অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৩ ম্যাচে ৫৩৪ উইকেট নিয়েছিলেন।

নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবে ভারতের কাছে এমন হারটা ‘অভাবনীয়’ই তাঁর কাছে, ‘একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করেছিলাম। কিন্তু কী হলো! আমরা ৬৯ রানেই গুটিয়ে গেলাম। পাকিস্তান যখন ব্যাটিং করছিল, তখন মনে হচ্ছিল কোনো জাদু টোনার প্রভাব কাজ করছে ব্যাটসম্যানদের ওপর।’

ভারতীয় বোলারদের বোলিংয়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা ছিল নিতান্তই অসহায়, ‘ওরা দিশেহারা হয়ে পড়েছিল। কী ঘটছে, বুঝে উঠতে পারছিল না। কেউই প্রতিরোধ গড়তে পারল না!’

১৯৯৯ সালে পাকিস্তান দলের হয়ে ভারত সফর করা নাদিম উচ্ছ্বসিত রাহুল দ্রাবিড়কে নিয়ে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ ম্যাচ শেষে পাকিস্তানের ড্রেসিংরুমে গিয়ে সবাইকে সান্ত্বনা দিয়েছেন। নাদিম আপ্লুত দ্রাবিড়ের এমন সৌজন্যে, ‘পুরো ব্যাপারটিই নতুন করে প্রমাণ করে কত বড় মাপের মানুষ রাহুল দ্রাবিড়।’