'জাদুটোনা' তো হচ্ছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে!
>

• ডি ভিলিয়ার্স, ডু প্লেসির পর চোটে পড়েছেন ডি কক।
• লেগ স্পিনের জুজু কাটাতে পারছে না দক্ষিণ আফ্রিকা।
অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং ব্যর্থতার বর্ণনায় মজার এক কথা বলেছেন পাকিস্তান দলের ম্যানেজার। পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে নাকি নাদিম খানের মনে হচ্ছিল, দলের ওপর জাদু টোনার প্রভাব পড়েছে। ব্যাটিং ব্যর্থতাতেই এমন কথা বললে দক্ষিণ আফ্রিকা দল তো বলতেই পারে, ‘ওসব ছাড়, আসল জাদু টোনা তো হচ্ছে আমাদের সঙ্গে!’ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের মূল তিন ব্যাটিং ভরসা চোটে ছিটকে পড়ার পর এমনটা তারা বলতেই পারে!
সিরিজ শুরু হওয়ার আগেই এবি ডি ভিলিয়ার্স ছিটকে গেছেন তিন ম্যাচের জন্য। প্রথম ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। বাকি সিরিজটা আর মাঠে ফেরা হচ্ছে না তাঁর। এবার কবজির চোট কেড়ে নিল কুইন্টন ডি কককে। দলের সেরা তিন ব্যাটসম্যানকে ছাড়াই তৃতীয় ওয়ানডেতে খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। হঠাৎ করেই অধিনায়কত্ব বুঝে পাওয়া এইডান মার্করামের জন্য ভারটা বোধ হয় একটু বেশিই হয়ে যাচ্ছে।
জাদু টোনার প্রভাব আছে কি নেই—সেটা ওঝারা বুঝে নিক। আপাতত দক্ষিণ আফ্রিকানরা খুঁজছে অন্য এক ‘জাদু’ থেকে বাঁচার উপায়। প্রথম দুই ওয়ানডেতেই লেগ স্পিনের ভেলকিতে শেষ হয়ে গেছে স্বাগতিক দল। যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব দুই ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন, সেটাও ১০-এর কম গড়ে! খুব দ্রুত লেগ স্পিন খেলার উপায় বের করতে না পারলে সিরিজ তো হারতে হবেই, ধবল ধোলাই হওয়ারও সমূহ সম্ভাবনা আছে প্রোটিয়াদের।