'জিতবই' জোর দিয়ে বলছে না ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ভাবাচ্ছে মরগানকে। ফাইল ছবি
বাংলাদেশ ভাবাচ্ছে মরগানকে। ফাইল ছবি

এমন দিনও দেখতে হচ্ছে ইংলিশদের! ক্রিকেটের জনক তারা। আর তাঁদেরই কিনা বাংলাদেশের মতো দলের সঙ্গে লড়াই নিয়ে ভাবতে হচ্ছে! ভাবতে হচ্ছে বলাটা হয়তো ঠিক হচ্ছে না। তাদের ভাবতে বাধ্য করা হচ্ছে। যে দলের বিপক্ষে ১৫ ম্যাচের ১৩টাতেই জয়, সে দলকে নিয়ে আবার ভাবা! ব্যাপারটাতে একটু ‘বিরক্ত’ই হচ্ছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। যদিও বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেডের লড়াইটা খুব ‘সহজ হবে’ কিংবা এই ম্যাচে ‘ইংল্যান্ড জিতবেই’ এ কথাও জোর গলায় বলতে পারছেন না আয়ারল্যান্ডে জন্ম নিয়ে ইংল্যান্ডকে দেশ বানানো এই ক্রিকেটার।
আপাতত বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে নিজেদেরকে নিয়েই ভাবছে ইংল্যান্ড। অ্যাডিলেডের সেন্ট পিটার্স কলেজের মাঠে হালকা অনুশীলনের মাঝে নিজেরাই নিজেদের প্রশ্ন করছে, ‘আমরা কি এতটাই খারাপ দল যে বাংলাদেশের বিপক্ষে জিতব—এ কথাটা বিশ্বাস করতেও এত অসুবিধা হচ্ছে অন্যদের!’
এবারের বিশ্বকাপে নিজেদের ইতিবাচক ব্যাপারগুলোও হাতড়ে ফিরছে তারা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্টিভেন ফিনের হ্যাটট্রিক, শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাট করে তিন শর ওপর রান তোলা, স্কটল্যান্ডকে দুর্দান্ত বোলিংয়ে বধ করা—এসবই তো ইতিবাচক দিক। এমন কোনো কিছু সোমবার অ্যাডিলেড ওভালে করে ফেললেই তো বাংলাদেশকে হারিয়ে দেওয়া সম্ভব! এর পরের ম্যাচটি তো আফগানিস্তানের সঙ্গে। ওতে ইংল্যান্ড জিতবে না—এমন কথা তো কেউ বলছে না।
অধিনায়ক মরগান নিজের বিরক্তিটা লুকিয়ে রাখতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি এক শ্রেণির বোদ্ধা কেন ‘বড় ম্যাচ’ হিসেবে অভিহিত করছে, ব্যাপারটি ভেবে পাচ্ছেন না তিনি, ‘আমরা যদি ভালো খেলি তাহলে আমার বিশ্বাস, বাংলাদেশকে সহজেই হারাব আমরা। এই ম্যাচটাকে “বড় ম্যাচ” হিসেবে তুলে ধরার যে প্রবণতা, সেটা যে ভুল, এটাই প্রমাণ করতে চাই আমরা।’
বাংলাদেশের বিপক্ষে মাত্র দুটি ম্যাচে হারের ব্যাপারটি কিন্তু মাথায় রাখছেন মরগান। বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা জিতবই, এমন গ্যারান্টি আমি দিচ্ছি না। গ্যারান্টি দিয়ে কিছু বলাও যাবে না, কারণ বাংলাদেশ গত দশ বছরে অনেক উন্নতি করেছে। বেশ কিছু খেলোয়াড় তৈরি করেছে, যারা নিজেদের দিনে ম্যাচজয়ী হিসেবে আবির্ভূত হতে পারে।’
বাংলাদেশ-জুজুটা কিন্তু আছেই ইংল্যান্ড দলে। মাশরাফি-সাকিবরা খেয়াল করছেন কি!