'জিম্বাবুয়ে বড়ি' গিলতে কষ্ট হচ্ছে ম্যাথুসের

সোনালি সময়ের জিম্বাবুয়েও যা পারেনি, সেটাই করে দেখাল ক্ষয়ে যাওয়া জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল। একই সঙ্গে সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের বিদায়ের পর শ্রীলঙ্কার ক্রিকেটের বিরাট শূন্যতা যেন পরিষ্কার হয়ে গেল আরও একবার। জিম্বাবুয়ের কাছে এভাবে সিরিজ হারাটাকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় বলে মেনে নিচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
ম্যাথুস বলেছেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়গুলোর একটি। এটা মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছে। সবকিছু আমাদের বিপক্ষে গেছে (গত ম্যাচে); টস থেকে শুরু করে উইকেট বুঝতে না পারা। কিন্তু কোনো অজুহাত দিচ্ছি না। দিন শেষে আমরা ওদেরকে হারানোর মতো খেলিনি, এটাই সত্যি। ওরা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।’
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা শ্রীলঙ্কা এর পর থেকেই পথ হারিয়েছে। এ সময় তারা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে। বাংলাদেশের সঙ্গে সিরিজ সমতায় শেষ করেছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেও বিদায় নিল কদিন আগে। কিন্তু তাই বলে জিম্বাবুয়ের কাছে সিরিজ হার! এ যেন লঙ্কান সমর্থকেরা দুঃস্বপ্নেও ভাবেনি।
এই জিম্বাবুয়ে কদিন আগে স্কটল্যান্ডের কাছে হেরে শ্রীলঙ্কা সফরে এসেছিল। এর আগে আফগানিস্তানের কাছে ঘরের মাটিতে সিরিজ হেরেছে, যে অভিজ্ঞতা ২০১৫ সালেও একবার হয়েছিল তাদের। দেশটির শীর্ষ দৈনিক দ্য আইল্যান্ডের শিরোনামেই বোঝা যাচ্ছে হাহাকারটা: ‘শ্রীলঙ্কা ক্রিকেট পৌঁছাল সবচেয়ে বাজে অবস্থায়’।
চাপটা এখন ম্যাথুসের ওপর। তিনি কি সরে যাবেন? অধিনায়কের উত্তর, ‘আমি এটা নিয়ে এখনো ভাবিনি। এখনো হাতে কিছু সময় আছে। এ নিয়ে ভাবব, নির্বাচকদের সঙ্গে কথা বলব। সরে যাওয়ার সিদ্ধান্তটা এখনো নিইনি।’
এরপর আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শ্রীলঙ্কার জন্য। সামনে ভারত আসবে খেলতে। এই অবস্থা চলতে থাকলে বিশ্বকাপে সরাসরি খেলাও পড়ে যাবে শঙ্কার মুখে। ম্যাথুস তাই নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার তাগিদ দিলেন। তবে শ্রীলঙ্কার হাতে সময় বেশি নেই। আগামী শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে নেমে পড়তে হবে একমাত্র টেস্টে।