কুইন্টন ডি কক প্রথমে শুয়ে পড়লেন। উঠে বসার পর তাঁর মুখাবয়বই বলে দিচ্ছিল, কী বোকামিই না করেছেন! তৃতীয় সেশনের শুরুর দিকে মরনে মরকেলের বলটি খেলব না খেলব না করেও খোঁচা মেরে বসেন ৪০ রানে থাকা জো রুট। কিন্তু পেছন ফিরে দেখেন উইকেটকিপার ডি ককের পাশ দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে।
ডি কক হয়তো মনে করেছিলেন ক্যাচটি প্রথম স্লিপে দাঁড়ানো হাশিম আমলার কাছে যাবে। তিনি হাতই বাড়াননি। আসলে ক্যাচটি ছিল তাঁর এবং সহজ ক্যাচ। লর্ডসে প্রথম টেস্টে ‘জীবন’ পেয়ে ১৯০ রানের ইনিংস খেলে ম্যাচটি প্রোটিয়াদের নাগালের বাইরে নিয়ে গিয়েছিলেন তিনি। কাল ওল্ড ট্র্যাফোর্ডে ‘জীবন’ পাওয়ার পর ৫ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন। তবে বেশি দূর যেতে পারেননি। পেসার ডুয়ান অলিভিয়েরের বলে রুট এলবিডব্লু হয়ে ফিরেছেন ৫২ রানে। শেষবেলায় কাগিসো রাবাদার একটি ইয়র্কারে আউট হয়ে ফেরার আগে বেন স্টোকস করেছেন ৫৮ রান। চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা ইংল্যান্ড শেষ করে ৬ উইকেটে ২৬০ রান নিয়ে।
ত্রয়োদশ ওভারেই আউট কিটন জেনিংস, শুরুটা ভালোই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। এরপর ২৮ ওভারে ৮০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দ্বিতীয় সেশনটা একেবারেই নিজেদের করে নিয়েছিল তারা। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।