'জুয়াই শেষ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেটকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ক্রিকেটের দুরাবস্থার জন্য জুয়াকেই দায়ী করলেন জাভেদ মিয়াঁদাদ। ছবি: এএফপি
পাকিস্তান ক্রিকেটের দুরাবস্থার জন্য জুয়াকেই দায়ী করলেন জাভেদ মিয়াঁদাদ। ছবি: এএফপি

ক্রিকেট জুয়া আর পাকিস্তান ক্রিকেট যেন প্রায়-সমার্থক এক শব্দ। এই ক্রিকেট জুয়াই বারবার দুর্নীতিতে টেনে নিয়ে গেছে দেশটির নামীদামি ক্রিকেটারদের। সেলিম মালিকের মতো ক্রিকেট তারকা এই জুয়ার কারণেই নির্বাসিত হয়েছিলেন ক্রিকেট থেকে। ক্রিকেট জুয়ার সংশ্লিষ্টতাই ক্রিকেট থেকে ছিটকে
ফেলেছে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ কিংবা সালমান বাটের মতো ক্রিকেটারদের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা জাভেদ মিয়াঁদাদ মনে করেন এই জুয়াই ধ্বংস ডেকে এনেছে পাকিস্তানের ক্রিকেটে। এই জুয়াই বারবার মাটিতে লুটিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেটের সম্ভ্রম, সম্মানের দিকটি।
সেলিম মালিক কিংবা বাট-আসিফ-আমিরদের দুর্নীতি প্রকাশিত ঘটনা। কিন্তু পাকিস্তান ক্রিকেটে পর্দার অন্তরালে প্রতিনিয়তই নাকি এমন ঘটনা ঘটে চলে। এ প্রসঙ্গে নিজের একটি তিক্ত অভিজ্ঞতারও বর্ণনা দিয়েছে মিয়াঁদাদ। বলেছেন, ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের আগ দিয়ে কোনো কারণ ছাড়াই প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। ব্যাপারটা ঘটেছিল কারণ সেই সময় তিনি জুয়ার সঙ্গে জড়িত ক্রিকেটারদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন, ‘নিরানব্বইয়ের বিশ্বকাপের আগে আমাকে প্রধান কোচের পদ; থেকে বাদ দেওয়া হয়েছিল জুয়াড়ি ক্রিকেটারদের কারণেই। বোর্ডের ওপর ওই জুয়াড়ি ক্রিকেটারদের প্রভাব তখন মাত্রাতিরিক্ত। আমি বিশ্বকাপের আগে শারজায় একটি প্রতিযোগিতায় কিছু ক্রিকেটারের জুয়ায় জড়িত হয়ে পড়ার ব্যাপারটি ধরে ফেলি। এরাই পরবর্তী সময়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই বিদ্রোহের ফলশ্রুতিতে আমাকে বিশ্বকাপের আগেই প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
মিয়াঁদাদের মতে জুয়া ছাড়াও অযোগ্য লোকজনের প্রাদুর্ভাব পাকিস্তান ক্রিকেটের আরও একটি ক্ষতিকর দিক। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান প্রধান শাহরিয়ার খানের নাম উল্লেখ করেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘শাহরিয়ার খান কোনো মতেই ক্রিকেট পরিচালনার যোগ্য নন। তিনি ক্রিকেট-ভক্ত, সন্দেহ নেই। খেলাটা ভালোবাসেন। কিন্তু ক্রিকেটের ভক্ত হওয়া আর ক্রিকেটের প্রধান প্রশাসক হওয়া নিশ্চয়ই এক নয়। একই কথা প্রযোজ্য সাবেক প্রধান নজম শেঠির ক্ষেত্রেও। মিয়াঁদাদের মতে, ঠিক জায়গায় ঠিক লোকটির অভাবই পাকিস্তান ক্রিকেটকে বারবার পিছিয়ে দিচ্ছে।
তিনি বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে সবচেয়ে কার্যকর ব্যক্তি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল তৌকির জিয়া। তিনি সাবেক বোর্ড প্রধান ইজাজ বাটকেও এই পদের অন্যতম যোগ্য মনে করেন।
মিয়াঁদাদ অবশ্য মনে মনে আশা করেন একদিন পাকিস্তান ক্রিকেটের দায়িত্বভার নেবেন ইমরান খান। কিন্তু এ ব্যাপারে সংশয় আছে খোদ মিয়াঁদাদেরই, ‘ইমরানই এ ব্যাপারে সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাঁর ক্রিকেট জ্ঞান দিয়েই সে পাকিস্তানের ক্রিকেটকে বদলে দিতে পারতো। কিন্তু সত্যি কথা বলতে কী, এই পদের জন্য ইমরান খানের কোনো সময়ই নেই। কারণে সে জাতীয় রাজনীতি নিয়ে মহাব্যস্ত।’ সূত্র: জিও নিউজ।