'জোশ' বাটলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ব্যাটে এমনই ঝড় তুলেছেন বাটলার। সংগৃহীত ছবি
আজ ব্যাটে এমনই ঝড় তুলেছেন বাটলার। সংগৃহীত ছবি

রেকর্ড ভাঙাকে অভ্যাস বানিয়ে ফেললেন জস বাটলার। ইংল্যান্ডের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটি আগে থেকেই ছিল তাঁর দখলে। আজ সেই রেকর্ডটি আবার নতুন করে লিখলেন তিনি। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির তালিকার ষষ্ঠ স্থানেই আছে তাঁর আজকের রেকর্ড। আজ পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪৬ বলে ১০০ করেছেন তিনি। ব্যাটকে খড়্গ বানিয়ে এর পুরো পাকিস্তান বোলিংকে কচুকাটা করেছেন তিনি। তাঁর তোলা সেই ঝড়েই সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ৩৫৫ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।
দিনের শুরুতেই বোঝা গিয়েছিল আজ বড় সংগ্রহ করতে চলেছে ইংল্যান্ড। কিন্তু সেই সংগ্রহ যে সাড়ে তিন শ পেরোবে তা বোঝা যায়নি। সিরিজের আগের তিন ম্যাচেই তিন শ পেরোতে পারেনি কোনো দল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে জেসন রয়ের প্রথম সেঞ্চুরি (১০২) এবং জো রুটের ফিফটিতে ভালো একটি ভিত্তি পেয়ে যায় ইংলিশ দল। আর টপ অর্ডারের গড়ে যাওয়া ভিত্তির পুরো ফায়দা তুলে নিয়েছেন বাটলার। তাঁর রেকর্ড ভাঙা সেঞ্চুরি পাকিস্তানের সিরিজে ফেরার পথকে দুর্গম করে দিয়েছে।
টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড উদ্বোধনী জুটিতে তোলে ৫৪ রান। মোহাম্মদ ইরফানের বলে অ্যালেক্স হেলস ফিরে গেলেও পথ হারায় নি ইংলিশ দল। রয় ও রুট মিলে ১৪০ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে যান রয়। সেঞ্চুরি করেই অবশ্য ফিরে গেছেন তিনি। মাত্র ৭ রানের মধ্যে রয় এবং রুট ফিরে গেলে কিছুটা বিপদে পড়ে ইংল্যান্ড দল। ২২৭ রানের মাথায় অধিনায়ক এউইন মরগান ফিরে গেলে মনে হচ্ছিল খেলাতেও ফিরে আসবে পাকিস্তান। কিন্তু তখনো যে আসল ঝড়ের দেখা পায়নি পাকিস্তান। উল্টো দিকে টেলরকে দর্শক বানিয়ে রান বন্যা বইয়ে দিলেন বাটলার। তাঁর সেই ঝড়েই শেষ ১০ ওভারে ১২৯ রান তুলেছে ইংলিশ দল। ১০ চার এবং ৮ ছক্কায় বাটলার মাত্র ৫২ বলে ১১৬ রান তুলে দলকেও এনে দিয়েছেন ৩৫৫ রানের বিশাল সংগ্রহ। ব্যাটিংয়ের এমন প্রবল প্রতিপত্তি পাকিস্তানের কোনো বোলারই পাত্তা পাননি। বিস্ময়কর ভাবে দলের সেরা বোলার অধিনায়ক আজহার আলী। ৫ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি।