'টসে জিতে ফিল্ডিং নেতিবাচক সিদ্ধান্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈমুর রহমান
নাঈমুর রহমান

সেন্ট ভিনসেন্টের সবচেয়ে বিলাসবহুল হোটেল বুকামেন্ট বে রিসোর্ট। রিসোর্ট মানেই হলো থাকার ব্যবস্থাটা সাধারণ হোটেলের মতো নয়। আলাদা আলাদা কটেজ, একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন। বুকামেন্ট বে রিসোর্টে এই বিচ্ছিন্নতা এতই বেশি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নাকি সাইকেল ব্যবহার করতে হয়! সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই আছে মূল শহর থেকে অনেক দূরের এই রিসোর্টে।
সেই বুকামেন্ট বে পরশু সকালে অতিথিদের ‘উপহার’ দিল বিচিত্র এক অভিজ্ঞতা। আর সবকিছুর মতোই রিসোর্টের সকালের নাশতার জায়গাটা ছিল বিচ্ছিন্ন। সাজানো-গোছানো সে জায়গাটাই ভেসে গেছে আগের রাতের প্রচণ্ড বৃষ্টির কারণে নেমে আসা পাহাড়ি ঢলে। টেবিল-চেয়ার সব এলোমেলো। নাশতার জন্য তাই বিকল্প ব্যবস্থা করতে হয়েছে রিসোর্ট কর্তৃপক্ষকে।
পর্যবেক্ষক হিসেবে ওয়েস্ট ইন্ডিজে আসা বোর্ড পরিচালক নাঈমুর রহমানের এই অভিজ্ঞতা নিয়েই আজ দেশের উদ্দেশে সেন্ট ভিনসেন্ট ছাড়ার কথা। তবে আরও কিছু অভিজ্ঞতাও তাঁর সঙ্গী হচ্ছে। খুব কাছ থেকে বাংলাদেশ দলকে দেখার অভিজ্ঞতা, খেলোয়াড়দের মানসিকতা আর কোচিং স্টাফের কাজের ধরন বোঝার অভিজ্ঞতা। পরশু আর্নস ভেল মাঠের প্রেসিডেন্ট স্যুইটে বসে খেলা দেখতে দেখতে সেসব অভিজ্ঞতা নিয়েই কথা হচ্ছিল নাঈমুরের সঙ্গে। কথা অবশ্য একপাক্ষিক! দলের সঙ্গে থেকে কী দেখলেন, কী বুঝলেন সেসব প্রশ্নে যে একদমই মুখ খুলতে রাজি হননি জাতীয় দলের সাবেক অধিনায়ক! শুধু বললেন, ‘আমার এখানে আসার একটা উদ্দেশ্য ছিল এগুলো দেখা। তবে সিরিজের মাঝখানে এসব নিয়ে কথা বলতে চাই না। টিমকে, টিম ম্যানেজমেন্টকে পর্যবেক্ষণ করেছি। এটা নিয়ে আগে আমি বোর্ডের সঙ্গে কথা বলব।’
বিভিন্ন সূত্রের খবর, এই সিরিজে কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলে নতুন কিছু চিন্তাভাবনার বাস্তবায়ন ঘটাতে চেয়েছেন। চার ওপেনার নিয়ে খেলা, বাঁহাতি স্পিনার ছাড়াই প্রথম ওয়ানডেতে নেমে পড়া, ব্যাটসম্যান মুমিনুল হককে ওয়ানডেতে বসিয়ে রাখা—এসবকে সেই চিন্তাভাবনারই ফসল বলে মনে করছেন অনেকে। নাঈমুরের কথা শুনে মনে হলো, কোচের সঙ্গে আলোচনা করেছেন এসব বিষয়েও। যদিও তা পরিষ্কার করে বললেন না, ‘আমি টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি, কথা বলেছি। খেলোয়াড়দের সঙ্গেও যতটুকু সম্ভব যোগাযোগ করেছি। এসব নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলব।’ মুমিনুলের প্রসঙ্গ তুলতেই বললেন, ‘কোনো ব্যক্তিবিশেষকে নিয়ে কোচের সঙ্গে আলাপ হয়নি। এগুলো মিডিয়াতে এসে থাকলে আগে দেখতে হবে কীভাবে এল। সে রিপোর্টটা ওনারা কীভাবে করলেন, ওনারাই জানেন।’
পর্যবেক্ষক হিসেবে না হয় না-ই মুখ খুললেন, নাঈমুর নিজেও তো একসময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। অভিষেক টেস্টেরও অধিনায়ক তিনি। সেন্ট ভিনসেন্ট টেস্টে আট ব্যাটসম্যান নিয়ে খেলেও যে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম টসে জিতে আগে ফিল্ডিং নিলেন, সে ব্যাপারে তাঁর মতামত কী? ‘এটা কোচ-অধিনায়কের সিদ্ধান্ত’ বলে প্রথমে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও নাঈমুর শেষ পর্যন্ত বললেন, ‘আমি যেহেতু আটজন ব্যাটসম্যান নিয়ে খেলছি, আমি কিন্তু ব্যাটিংয়ের ওপরই আস্থা রাখব। সিদ্ধান্তটা ভালো কী খারাপ সেটা বলব না। তবে খেলার আগে আমি উইকেট দেখেছি। আমার মনে হয় একটু নেতিবাচক সিদ্ধান্ত হয়ে গেছে।’ সেন্ট ভিনসেন্ট টেস্টের বোলিং নিয়েও খুব একটা সন্তুষ্ট মনে হলো না তাঁকে, ‘এই পর্যায়ের ক্রিকেটে পেস বোলিংয়ের আরও বেশি ধার থাকা উচিত।’
টেস্ট ক্রিকেটে প্রায় ১৪ বছর হয়ে গেল। তবে বাংলাদেশের খেলায় সেই অর্থে কোনো উন্নতি দেখছেন না নাঈমুর, ‘আগে অনেকটা শৌখিনভাবে ক্রিকেট খেলা হতো। এখন অবকাঠামো থেকে শুরু করে সব জায়গায়ই পেশাদারির ছোঁয়া আছে। সুযোগ-সুবিধার দিক থেকে কমতি নেই। কিন্তু খেলার মানে কমতি আছে।’ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়ার জন্য যে মানের খেলোয়াড় দরকার, সে মানের খেলোয়াড় দলে তিনি খুব বেশি দেখেন না। উদাহরণ দিতে গিয়ে বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজেও এখন আগের মানের খেলোয়াড় নেই। তার পরও তারা একটা জায়গায় আছে। ছোট দলের সঙ্গে যখন খেলে, তখন কিন্তু জিনিসটা বোঝা যায়। কিন্তু আমরা আইসিসির সহযোগী সদস্যদের সঙ্গেও অতটা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি না। এখানেই মানের পার্থক্যটা বোঝা যায়।’
অগ্রজ নাঈমুর রহমানকে কি ভুল প্রমাণ করতে পারবে মুশফিকুর রহিমের দল?