'টাই' করে রানার্সআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ম্যাচে ৬১ রানের পর কাল করেছেন ৭৫। তবে দলকে জেতাতে পারেননি মুমিনুল l ছবি: বিসিবি
দ্বিতীয় ম্যাচে ৬১ রানের পর কাল করেছেন ৭৫। তবে দলকে জেতাতে পারেননি মুমিনুল l ছবি: বিসিবি

শেষ বলটার আগে বোলার গোলাম মুদাসসর আর কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে নিয়ে সংক্ষিপ্ত মিটিং করলেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কানায় কানায় পূর্ণ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের ছোট্ট গ্যালারি তখন শ্বাসরুদ্ধকর অপেক্ষায়।
সেই গ্যালারিতে হাসি ফোটাতে মোহাম্মদ সাইফউদ্দিনকে করতে হবে ১ বলে ২ রান। তাঁকে ড্রেসিংরুম থেকে বার্তা দেওয়া হয়েছে, যেভাবেই হোক ১ রান নিশ্চিত করতে হবে আগে, যাতে ম্যাচটা হারতে না হয়। সাইফউদ্দিনের মাথায় যে এই ১ রানই ঘুরবে, কে ভেবেছিল! নইলে অফ স্টাম্পের সামান্য বাইরে মুদাসসরের ফুল টসটা দেখে-শুনে পয়েন্টে ঠেলে শুধু ১ রানই নেবেন কেন! ইমার্জিং টিমস এশিয়া কাপে কাল রোমাঞ্চকর আর উত্তেজনায় ঠাসা বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটা তাই শেষ পর্যন্ত টাই! এ টাইয়ের পর পাকিস্তানের উল্লাস দেখে কে! পয়েন্ট সমান হলেও নেট রানরেটে বাংলাদেশকে পেছনে ফেলে তারাই যে গ্রুপ চ্যাম্পিয়ন।
রোমাঞ্চকর টাইয়ে আপনি ক্রিকেটের জয় দেখতে পেলেও মুমিনুল হক ভীষণ হতাশ। ‘লোকাল হিরো’ অবশ্য হতাশ করেননি কক্সবাজারের দর্শকদের। প্রতিটি ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। কালও খেলেছেন ৭৫ রানের ইনিংস। ২৩৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৪ রানে দুই ওপেনারকে হারানোর পর নাজমুলের সঙ্গে গড়েছেন ৬৩ রানের জুটি। পরে পঞ্চম উইকেটে মিঠুনকে নিয়ে আরও ৭৩ রান। দারুণ কিছু সুইপ, স্লগ সুইপ ও অন ড্রাইভ খেলেছেন। তাঁর আট বাউন্ডারির ছয়টিই অনসাইডে। একমাত্র ছক্কাটা এসেছে হারিস সোহেলকে লং অফ দিয়ে উড়িয়ে। মুমিনুল যখন তালাতের বলে বোল্ড হলেন, আবারও শঙ্কার স্রোত বাংলাদেশ দলে।
জাফর গহরকে উড়িয়ে মারতে গিয়ে আরেক আশার প্রদীপ মিঠুনও (৫৩) নিভে গেলেন ৩০ বলে ৩৩ রানের সমীকরণ রেখে। তবে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন স্নায়ুক্ষয়ী মুহূর্তে দারুণ ব্যাটিং করে ২৪ বলে ৩০, ১৮ বলে ১৯...সমীকরণগুলো মিলিয়ে যাচ্ছিলেন সাবলীলভাবে। সেই সাইফই শেষ বলে ব্যর্থ ২ রান নিয়ে দলকে জেতাতে। শেষ আট বলে দরকার ছিল ৯ রানের। কিন্তু বাংলাদেশ শুধু বলে বলে সিঙ্গেলই নিতে পারল।
অথচ বাংলাদেশের বোলাররা ব্যাটসম্যানদের জন্য কাজটা বেশ সহজই করে দিয়েছিলেন। সাইফউদ্দিনই ২০ রানের মধ্যে ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের দুই ওপেনারকে। ৩৫ রানে নেই ৪ উইকেট। পাকিস্তানকে লড়াইয়ে ফেরান হারিস সোহেল। আবুল হাসান ফিরতি ক্যাচটা হাতে জমাতে পারলে ৪ রানেই আউট হয়ে যেতেন। নাসুম আহমেদকে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে স্টাম্পড হওয়ার আগে সেই হারিসই করে গেলেন ৬৩।
১৩৪ রানে ৬ উইকেট হারানো পাকিস্তানের অলআউট হওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু সাতে নামা তালাতের ৪৬ বলে অপরাজিত ৫৭ রানের সৌজন্যে সেটি তো হয়ইনি, উল্টো পাকিস্তান পেয়ে যায় চ্যালেঞ্জিং স্কোর, যা বাংলাদেশ পেরোতে পারেনি।
সেই যন্ত্রণা ভালোই পোড়াচ্ছে বাংলাদেশকে। মুমিনুলরা জানেন, এই যন্ত্রণা উপশমে একটাই দাওয়াই—চ্যাম্পিয়ন হওয়া!
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৩৩/৮ (হারিস ৬৫, তালাত ৫৭*, আজম ৩০; সাইফউদ্দিন ৩/৫৪, আবুল হাসান ২/৪০, নাসুম ২/৬২, নাঈম ১/৩০, নাসির ০/৪৭)।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৩/৮ (মুমিনুল ৭৫, মিঠুন ৫৩, নাজমুল ৩০, সাইফউদ্দিন ১৮*, আজমীর ১২, সাইফ ১০, আবুল হাসান ৯, নাসির ৬; জাফর ২/৪০, তালাত ২/৪১, উসামা ২/৫৮)।
ফল: টাই। ম্যাচসেরা: হোসাইন তালাত।