'টুক টুক' নন, দেখাবেন মিসবাহ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএল মাতাতে চান মিসবাহ। ফাইল ছবি
বিপিএল মাতাতে চান মিসবাহ। ফাইল ছবি

শম্বুক গতিতে এগোন বলে মিসবাহ-উল-হকের নামের পাশে কবেই বসে গেছে ‘টুক টুক’ তকমা! ভুলে যাবেন না, টেস্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা কিন্তু মিসবাহরই। যতই ছক্কার রেকর্ড থাকুক, টি-টোয়েন্টিতে মিসবাহ অনেকের কাছে কাঙ্ক্ষিত নাও হতে পারেন। তবে নিজেকে প্রমাণ করতে চান প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা মিসবাহ।
ক্রিকেটের তিন সংস্করণেই যাঁর ঢের অভিজ্ঞতা, তাঁকে প্রমাণ করতে হবে! খানিকটা অবাক শোনালেও আজ বিসিবি একাডেমি মাঠে রংপুর রাইডার্সের হয়ে অনুশীলন শেষে মিসবাহ মনে করিয়ে দিলেন আপ্তবাক্যটাই, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে সব সময়ই লক্ষ্য থাকে। যেখানেই খেলি না কেন প্রমাণের বিষয় থাকে। দলের হয়ে অবদান রাখতে হয়, জিততে হয়। সব মিলিয়ে আমরা বেশ ভালো দল। আশা করছি সবাই মিলে দারুণ সমন্বয় তৈরি করে ভালো করতে পারব।’
ক্রিকেটের ছোট দৈর্ঘ্যের ম্যাচেও রেকর্ডটা মন্দ নয় তিন বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়া মিসবাহর। ৩৯ ম্যাচে ৩৭.৫২ গড়ে করেছেন ৭৮৮ রান। স্ট্রাইক রেট ১১০.২০ বলে, এই সংস্করণে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেন। বিপিএলে নিজের সঞ্চিত অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিসবাহ, ‘যেকোনো সংস্করণেই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। ম্যাচ পরিস্থিতি বোঝা ও সে অনুযায়ী খেলতে অভিজ্ঞতা বড় বিষয়। খেলোয়াড় হিসেবে আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে।’
বিপিএলে খেলতে আসে আরেক পাকিস্তানি মোহাম্মদ আমিরের প্রসঙ্গও উঠল। পাকিস্তান টেস্ট অধিনায়ক মনে করেন, বিপিএল স্পট ফিক্সিংয়ের জেল খাটা বাঁহাতি পেসারের জন্য বিরাট সুযোগ, ‘বিপিএল তার জন্য গুরুত্বপূর্ণ। সে ঘরোয়া টুর্নামেন্ট খেলছে। এটা তার সুযোগ। এখানে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে সে বুঝতে পারবে এ মুহূর্তে তার অবস্থান কোথায়।’