'টুকটুক' মিসবাহর ছক্কার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর মিসবাহ।
সেঞ্চুরির পর মিসবাহ।

৭৫তম ওভারে পর পর দুবার আদিল রশিদকে সীমানার বাইরে আছড়ে ফেললেন মিসবাহ-উল হক। ছক্কার নেশায় ভালোই পেয়ে বসেছিল পাকিস্তান অধিনায়ককে। দিনের শেষ ওভারে মঈন আলীকেও দুবার মারলেন উড়িয়ে। ইনিংসটিতে ছক্কা পাঁচটি। ১০২ অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তবে সেঞ্চুরির চেয়েও বড় খবর, টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ‘টুকটুক’ মিসবাহর নাম উঠে যাওয়া।


মিসবাহর সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম দিনটি পাকিস্তানের। দিন শেষে রান ৪ উইকেটে ২৮২।

দারুণ সেঞ্চুরি, আসাদ শফিক ও ইউনিস খানের সঙ্গে দুটো লড়াকু জুটি রেখে শুরুতেই কেন মিসবাহর ছক্কা-বন্দনা? আছে, কারণ আছে। শম্বুক গতিতে এগোন বলে যাঁর নামের পাশে বসে গেছে ‘টুকটুক’ তকমা! গত নভেম্বরে দ্রুততম টেস্ট সেঞ্চুরির (৫৬ বলে) করে কিছুটা অপবাদ ঘুচিয়েছিলেন। তাঁর নামেই আজ লেখা হলো পাকিস্তানের পক্ষে ছক্কার রেকর্ড।

অবশ্য রেকর্ডটা ইউনিস খানের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে। যদিও ইউনিস ৬০টি ছক্কা মেরেছেন ১০৩ ম্যাচে। সেখানে মিসবার ৬০ ছক্কা ঠিক ৬০ ম্যাচে। দুজনে খেলছেন একই সঙ্গে। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ দুজনের সামনেই।

টসে জিতে আজ ব্যাট করতে নামা পাকিস্তানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ-শান মাসুদ। উদ্বোধনী জুটিতে আসে ৫১। এর পরই একটা ধাক্কা। ৩৪ রানের ব্যবধানে ফিরে যান মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও শান মাসুদ। চতুর্থ উইকেটে ৯৩ রান যোগ করে দলকে কক্ষপথে ফেরায় ইউনিস-মিসবাহর জুটি। মার্ক উডের বলে ৫৬ করে ইউনিস ফিরলে আসাদকে নিয়ে আরেকটি লড়াই চালান মিসবাহ। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে আসে ১০৪ রান।

দিনের শেষ ওভারের আগে মিসবাহ ছিলেন ৮৭ রানে দাঁড়িয়ে। মঈনের বলে পর পর দুই ছক্কায় পৌঁছালেন ৯৯ রানে। এরপর দুই রান নিয়ে করলেন টেস্টের নবম সেঞ্চুরি। ইংলিশদের বিপক্ষে প্রথম। ঢুকে পড়লেন সবচেয়ে বেশি বয়সী শতক হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায়।

টেস্টে ছক্কার বিশ্ব রেকর্ড থেকে মিসবাহরা অবশ্য ঢের দূরে। ১০০ ছক্কা নিয়ে সেটি অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ৯৮ ছক্কা নিয়ে এই রেকর্ড নিজের করে নেওয়ার অপেক্ষায় আছে ​ক্রিস গেইল।

পাকিস্তানের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি ছয়

ব্যাটসম্যান           ম্যাচ              ছয়
মিসবাহ-উল-হক      ৬০*             ৬০
ইউনিস খান           ১০৩*            ৬০
ওয়াসিম আকরাম     ১০৪             ৫৭
ইমরান খান             ৮৮              ৫৫
শহীদ আফ্রিদি           ২৭              ৫২