'টেন্ডুলকার জিনিয়াস, আমি নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকারের সঙ্গে তুলনায় বিব্রত অ্যালিস্টার কুক। ছবি: রয়টার্স।
টেন্ডুলকারের সঙ্গে তুলনায় বিব্রত অ্যালিস্টার কুক। ছবি: রয়টার্স।

দারুণ অস্বস্তির মধ্যে পড়েছেন অ্যালিস্টার কুক। খানিকটা বিব্রতও। কয়েক দিন ধরেই তাঁর সঙ্গে তুলনা চলছে শচীন টেন্ডুলকারের। কুক বিব্রত এটি নিয়েই। সম্প্রতি তিনি টেস্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন। ভেঙেছেন টেন্ডুলকারের রেকর্ড। বলা হচ্ছে, টেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ডও ভেঙে দেবেন। এমন কথাবার্তাই অস্বস্তিতে ফেলছে তাঁকে। বলেছেন, টেন্ডুলকারের একটি রেকর্ড তিনি অতিক্রম করেছেন ঠিকই, কিন্তু লিটল মাস্টারের করে যাওয়া টেস্টে সর্বকালের সর্বোচ্চ রানের মাইলফলক এখনো অনেক দূরের ব্যাপারই তাঁর কাছে।

ইতিহাসের ১২তম আর প্রথম প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ৩১ বছর ১৫৭ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়েছেন। টেন্ডুলকারও যা ছুঁয়েছেন আরও বেশি বয়সে।
১২৮ টেস্টে ১০ হাজার ৪২ রান করা কুক কবে টেন্ডুলকারকে মোট রানে ছাড়িয়ে যাবেন—এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। অনেকেই বলছেন, ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান করা টেন্ডুকারকে ছাড়িয়ে যেতে কুকের খুব বেশি সময় ব্যয় করতে হবে না। টেস্ট ক্রিকেটে বর্তমান ধারাবাহিকতা আর ফর্ম ধরে রাখলে তাঁর কাছ থেকে আরও ছয় হাজার রান তো আশা করাই যায়। বিশেষ করে ইংল্যান্ড যখন টেস্টেই বেশি জোর দিয়ে খেলে।
কুক এখনই এই লক্ষ্যে চোখ রাখতে চাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে আজ শুরু হতে যাওয়া লর্ডস টেস্টের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা এখনো অনেক দূরের ব্যাপার। টেস্টে সর্বোচ্চ রানের এই রেকর্ডটি করে গেছেন অবিশ্বাস্য প্রতিভাবান একজন ক্রিকেটার। আমি বিশেষ কিছু নই। টেন্ডুলকার একজন বিশেষ প্রতিভা। আমার মনে হয়, এই লক্ষ্যটি অনেক দূরের ব্যাপারই।’
এই মুহূর্তে ইংল্যান্ডের হয়ে খেলাটাই কুকের জন্য আনন্দ ও গৌরবের বিষয়। দেশের হয়ে তিনি খেলে যেতে চান যত দিন সম্ভব, ‘আমি ইংল্যান্ডের হয়ে যতটা দিন সম্ভব খেলে যেতে চাই। এই মুহূর্তে ইংল্যান্ডের হয়ে খেলাটা বেশ উপভোগ করছি। আমার মধ্যে রানের খিদেটা আছে। আমি যথেষ্ট উজ্জীবিত। এটি আমাকে হয়তো নিয়ে যাবে অভীষ্ট লক্ষ্যেই।’
ক্রিকেটার হিসেবে প্রত্যেকের মতোই তাঁরও বিশেষ কিছু লক্ষ্য আছে। তবে এই লক্ষ্যের কথা সবার সামনে বলার মানুষ তিনি নন বলেই জানিয়েছেন, ‘আমার অবশ্যই কিছু লক্ষ্য আছে। সেই লক্ষ্যগুলো অর্জন করতে চাই। তবে এই লক্ষ্যের কথা সবার সামনে প্রকাশ করার মানুষ আমি নই। এই মুহূর্তে আমার সব লক্ষ্যই ইংল্যান্ড দলকে ঘিরে। অধিনায়ক হিসেবে এই লক্ষ্যগুলো ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত মাইলফলকের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিয়েছে।’ সূত্র: এএফপি।