'টেন্ডুলকার-দ্রাবিড় মানের নয় কোহলি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকারকে ছোঁয়া দূরে থাক, তাঁর মানেরই না কোহলি! ফাইল ছবি
টেন্ডুলকারকে ছোঁয়া দূরে থাক, তাঁর মানেরই না কোহলি! ফাইল ছবি

‘কিন্তুর আগে যা বল হয় সবই ফালতু!’—এ কথা শোনা গেছে এবারের গেম অব থ্রোনসে। জন স্নোর দাবি, কেউ যদি বাক্যের মাঝে ‌‘কিন্তু’ ব্যবহার করে, এর মানে হলো আগে যা বলা হয়েছে তারই কোনো গুরুত্ব নেই। বিরাট কোহলিও এ রকম ভাবতে পারেন। মোহাম্মদ ইউসুফও যে ঠিক ওভাবেই প্রশংসা করেছেন তাঁর। বলেছেন, কোহলি ভালো, কিন্তু...।

দুই বছর ধরে এমন দুর্দান্ত ফর্মে আছেন, প্রশ্ন উঠছে—, কোহলি কি ছাড়িয়ে যাবেন টেন্ডুলকারকে? এমন প্রশ্ন শুনতে হয় মোহাম্মদ ইউসুফকেও। তবে এর উত্তর দিতে একটুও দেরি হয় না সাবেক পাকিস্তানি তারকার, ‘বিরাট কোহলি খুবই ভালো ব্যাটসম্যান এবং আমি তাঁর খেলা দেখতে পছন্দ করি। কিন্তু আমার মনে হয় না সে টেন্ডুলকার, দ্রাবিড় কিংবা লক্ষ্মণের মানের।’ ‘কিন্তু’ চলেই এল!
সংক্ষিপ্ত সংস্করণে কোহলির রেকর্ড প্রায় ‘ব্র্যাডম্যানীয়’। টেস্টেও ধীরে ধীরে নিজের জাত চেনাচ্ছেন। তবু কেন কোহলিকে মানের দিক দিয়ে দ্রাবিড়-লক্ষ্মণের সমকক্ষ মনে করেন না? ইউসুফের যুক্তিটা হলো, বোলিংয়ের ভিন্ন মান। জিয়ো সুপার চ্যানেলকে ইউসুফ বলেছেন, ‘বর্তমানের ক্রিকেটের মান আমাদের যুগের ধারেকাছেও নেই। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার কিংবা সাকলায়েন মোশতাকের বিপক্ষে রান করা অত সোজা না। আমি সব সময় মনে করে এসেছি, টেন্ডুলকার কিংবা দ্রাবিড় নিখুঁত ছিল, নিজেদের আরও ভালো করার চেষ্টা চালিয়ে গেছে। আমি তাদের কাছে শিখেছি। আমি বলছি না, বিরাট ভালো না। সে ভালো, কিন্তু সময় পাল্টেছে।’ সূত্র: টাইমস নাউ।