'টেস্ট ক্রিকেটকে বদলে দেওয়া কেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেটের বদল নিয়ে নিশ্চিত নন ডেভিড ওয়ার্নার। ছবি: এএফপি।
টেস্ট ক্রিকেটের বদল নিয়ে নিশ্চিত নন ডেভিড ওয়ার্নার। ছবি: এএফপি।

ফ্লাড লাইটের আলো-আঁধারিতে খেলা, লাল বলের জায়গায় গোলাপি বল, টেস্ট ক্রিকেটকে বদলে দেওয়ার এত আয়োজনটা আসলে কেন, সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যানের মতে, ‘যে খেলাটা দীর্ঘ সময় ধরে আমরা খেলছি, সেটাকে হঠাৎ বদলে দেওয়ার কী প্রয়োজন পড়ল?’
এই তো কিছু দিন আগেই যথেষ্ট সাফল্যের সঙ্গেই সম্পন্ন হল টেস্ট ক্রিকেটের ‘বদলে যাওয়া।’ অ্যাডিলেড ওভালে বিপুলসংখ্যক দর্শক সাক্ষী হয়ে রইল দিনরাত্রির টেস্ট ক্রিকেটের। দর্শকেরা আনন্দের সঙ্গে উপভোগ করল গোলাপি বলের নতুন মোড়কে আয়োজিত নতুন ধারার এক টেস্ট ম্যাচ। টেস্ট ক্রিকেটের এই ‘বদল’ টেলিভিশন সম্প্রচারকারীদের খুব পছন্দ, দর্শকেরাও পেয়েছে ‘নতুন কিছু’র সন্ধান। কিন্তু ওয়ার্নার বলছেন, টেস্ট ক্রিকেটের এই বদলে খেলোয়াড়দের মতামতের চেয়ে গুরুত্ব পেয়েছে বাণিজ্যিক লাভালাভের বিষয়টিই।
কেবল ফ্লাড লাইটের আলোকপাত নয়, টেস্ট ক্রিকেটকে বাণিজ্যিকভাবে লাভের বিষয় করতে ক্রিকেটের শীর্ষ কর্তারা আলোচনা শুরু করেছেন, এর দৈর্ঘ্য কমিয়ে আনা নিয়েও। দিনরাতের টেস্ট ও গোলাপি বলের ব্যবহারের মধ্যেই টেস্ট ম্যাচকে পাঁচ দিনের জায়গায় চার দিনে নামিয়ে নিয়ে আসার ব্যাপারে কথাবার্তা শুরু হয়ে গেছে। কিন্তু এতসব আলোচনার মধ্যেও খেলাটির উন্নয়নের চেয়ে এর বাণিজ্যিক ব্যাপারটিই প্রকট হয়ে উঠেছে ওয়ার্নারের কাছে, ‘দিন শেষে সবই ব্যবসা। টেস্ট ক্রিকেট নিয়ে নতুন যা যা হচ্ছে, সেগুলোও। বাণিজ্যিক স্বার্থ এমন একটা ব্যাপার, যা খেলোয়াড়দের মেনে নিতেই হবে। আমরা সবই বুঝি, সবই জানি। ক্রিকেট প্রশাসকেরা হঠাৎ কেন টেস্ট ক্রিকেটকে নতুন করে সাজাতে মেতে উঠেছে আমাদের সেটা বুঝতে খুব দেরি হয়নি।’
অ্যাডিলেডে অনেক খেলোয়াড়ই গোলাপি বলের বিপক্ষে কথা বলেছিলেন। তারা বলেছিলেন, এই গোলাপি বল টেলিভিশন সম্প্রচারের জন্য যতটা আকর্ষণীয় মাঠে খেলা খেলোয়াড়দের জন্য ততটা নয়। ওয়ার্নার, ‘অ্যাডিলেডের ম্যাচে আমরা গোলাপি বলে আন্দাজের ওপর খেলেছি। এই বলে খেলে আমার মনে হয়েছে, ক্রিকেটের কর্তাব্যক্তিরা খেলোয়াড়দের সুবিধা-অসুবিধা নিয়ে খুব একটা চিন্তিত নন। এই বলে টেস্ট ক্রিকেট চালু হয়েছে টেলিভিশন সম্প্রচারকদের কথা মাথায় রেখে, খেলোয়াড়দের কথা নয়। আমার কথা হচ্ছে, পরিবর্তনের জন্য যে পণ্যই নিয়ে আসা হোক, সেটা ঠিক হতে হবে।’ সূত্র: এএফপি।