'টেস্ট তো আর নকআউট নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এই জুটিকে ভালোই সামলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ঢাকা টেস্টের আগে তাই অনুশীলনে আরও নিবিষ্ট দক্ষিণ আফ্রিকার দুই ফাস্ট বোলার মরনে মরকেল ও ডেল স্টেইন l প্রথম আলো
চট্টগ্রামে এই জুটিকে ভালোই সামলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ঢাকা টেস্টের আগে তাই অনুশীলনে আরও নিবিষ্ট দক্ষিণ আফ্রিকার দুই ফাস্ট বোলার মরনে মরকেল ও ডেল স্টেইন l প্রথম আলো

ঢাকা টেস্ট যত না বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জ, তার চেয়ে বেশি অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার জন্য। টেস্টের এক নম্বর দল হয়েও নয় নম্বর দলের সামনে নাক কাটার ভয় তাদের। এমন একটা ম্যাচের আগে সদা হাস্যোজ্জ্বল হাশিম আমলার মুখটাও আঁধারে ঢাকা থাকার কথা। অথচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে কী নির্ভারই না মনে হলো তাঁকে!
শুধু শ্মশ্রুমণ্ডিত মুখের অম্লান হাসিতে নয়, দক্ষিণ আফ্রিকান অধিনায়ক নির্ভার কথাবার্তাতেও। এক সাংবাদিক জানতে চাইলেন, টেস্ট-শ্রেষ্ঠত্বের মর্যাদা ধরে রাখতে এই ম্যাচটা তাদের জিততেই হবে কি না। আমলার নির্বিকার উত্তর, ‘তেমন কিছু নয়। টেস্টে তো আর নকআউটের কোনো ব্যাপার নেই যে এই ম্যাচটা আমাদের জিততেই হবে। তবে আমরা এখানে জিততেই এসেছি।’ আমলার আশা, চট্টগ্রামের মতো বৃষ্টি বাধা না হলে এবং টেস্টের পাঁচ দিনই খেলা হলেই সেই লক্ষ্য পূরণ হয়ে যাবে।
সিরিজ নির্ধারক হয়ে গেছে বলে শেষ টেস্টটা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ—আমলা যদি এটা না-ও বলতেন, তাতেও কিছু আসত যেত না। এটা কে না জানে! সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জয় নিয়েই দেশে ফিরবেন, এই দাবিতেও কোনো বিস্ময় নেই। ২০০৬ সালের পর থেকে উপমহাদেশে কোনো টেস্ট সিরিজ না হারার রেকর্ডটাও এখানে তাদের পক্ষে।
চট্টগ্রামের তুলনায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট কিছুটা পেসবান্ধব হতে পারে। আমলার আশার সলতেকে আরও উজ্জ্বল করছে সে সম্ভাবনা। প্রত্যাশা বেড়ে যাচ্ছে স্টেইন-মরকেলদের কাছেও, ‘এই উইকেট আমাদের সিমারদের সাহায্য করতে পারে। উইকেটে খুব বেশি বাউন্স না থাকলেও উপমহাদেশে আমাদের রেকর্ড ভালো। উইকেট থেকে আমাদের পেসাররা সাহায্য পেলে সেটা হবে অসাধারণ।’
বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের মতো আমলারও ধারণা, টেস্টের প্রথম সেশনটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘প্রথম সেশনের উইকেটটাকে বুঝতে পারাই আসল। বাউন্স থাকলে ভালো, তবে পরিস্থিতি অন্য রকম হলেও সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বোলার আমাদের আছে।’
আমলার দৃষ্টিতে টেস্ট ক্রিকেটের কঠিনতম অংশ হলো ওপেনিং জুটিতে ব্যাট করা। অনেক সময় ফিল্ডিং থেকে উঠে ১০ মিনিটের মধ্যেই মুখোমুখি হতে হয় বিশ্বসেরা কোনো বোলারের। তবে এই জায়গায় দলের দুই ওপেনার স্টিয়ান ফন জিল আর ডিন এলগারের ওপর দারুণ ভরসা তাঁর, ‘আগের টেস্টের দুই ইনিংসেই স্টিয়ান ও ডিন অসাধারণ খেলেছে। ওদের ওপর আস্থা আছে আমার। তবে উইকেটে থিতু হতে তাদের সময় দিতে হবে।’
চট্টগ্রামে ছিল বৃষ্টি। তবে গত দুই দিনের প্রখর রোদ ঢাকা টেস্টের আগে দিচ্ছে অন্য বার্তা। উপমহাদেশে টেস্ট খেলাটা এই আবহাওয়ার কারণেই মাঝে মাঝে কঠিন হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মতো দলের জন্য। তবে আমলার চোখে টেস্টটা সাহসীদেরই খেলা। এই প্রতিকূলতাকেও তাই কোনো সমস্যা মনে হচ্ছে না তাঁর কাছে, ‘গরম আবহাওয়ার কারণেই উপমহাদেশে টেস্ট খেলা কঠিন। তবে টেস্ট দুর্বলচিত্তের মানুষদের খেলা নয়। গত সপ্তাহ খানেক আমরা খেলার মধ্যে নেই। মাঠে নামার জন্য সবাই তাই মুখিয়ে আছে।’
বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও দক্ষিণ আফ্রিকার জন্য এই টেস্ট হয়ে দাঁড়িয়েছে মর্যাদা রক্ষার চ্যালেঞ্জ। হাশিম আমলাকে দেখে তা বোঝা না গেলেও ভেতরে ভেতরে তাঁর মধ্যেও একটা আন্দোলন না হয়ে পারেই না!