'টেস্টে এটা বাংলাদেশের সেরা জুটি'
ইতিহাস গড়া একটি জুটি গড়লেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। ওয়েলিংটনে কালকের দিনটি বাংলাদেশের কাছে ধরা দিয়েছে পরম আনন্দ নিয়ে। দিন শেষের সংবাদ সম্মেলনে নানা প্রসঙ্গে কথা বলেছেন অধিনায়ক মুশফিক—
জয়ের ভাবনা
*দেশের বাইরে আমাদের ভালো খেলা দরকার। কিন্তু এ ধরনের উইকেটে আমরা কেমন খেলব, চ্যালেঞ্জটা কেমন হবে, কীভাবে মানিয়ে নেব—সবাই এ নিয়ে কথা বলছিল। কাউকে এগিয়ে আসতে হতো। আমি মনে করি, তামিম আর মমিনুল সেটা করেছে। আমাদের ভিত্তিটা গড়ে দিয়েছে। তারা আমাদের সাহস জুগিয়েছে। সাকিব দারুণ ব্যাটিং করেছে। সত্যি আমি খুব খুশি। কিন্তু এখনো তিন দিন বাকি। আশা করছি, আগামীকাল (আজ) আরও কিছু রান করব আর নিউজিল্যান্ডকে চাপে ফেলতে পারব।
উইকেট প্রসঙ্গে
*আসলে উইকেট অতটা নিষ্প্রাণ নয়। এখানে বোলারদের জন্যও কিছু আছে। সাকিব সত্যি অনেক ভালো ব্যাটিং করেছে।
দিনের শুরুতে পরিকল্পনা
*পরিকল্পনা তো অবশ্যই একটা ছিল। মুমিনুল গিয়ে ভালো ব্যাটিং করবে। কিন্তু শুরুতেই উইকেট পড়ে গেল। এটা হতেই পারে। কিন্তু আমি ব্যাটিংয়ে যাওয়ার পর সাকিব বলেছে উইকেটটা ভালো। নিজের খেলাটা খেলতে পারলে রান অবশ্যই পাবেন। প্রথম কয়েকটা বল দেখেছি। মনে হয়েছে মনের জোর ধরে রাখতে পারলে রান পাব। আমরা স্বাভাবিক ব্যাটিং করার চেষ্টা করব বলে পরামর্শ করেছি। বলের মেধা অনুযায়ী খেলার সিদ্ধান্ত নিয়েছি। একটা বড় জুটি গড়ার চেষ্টা করেছি। তবে এত বড় জুটির হবে ভাবিনি।
পরবর্তী পরিকল্পনা
*উইকেট যতটা পেসবান্ধব হবে বলে ভেবেছিলাম ততটা নয়। আজ (গতকাল) ব্যাটিং সহায়কই ছিল। তারপরও আমি বলব যে ঠিক জায়গায় বল করে যেতে পারলে ভালো কিছু হতে পারে। এ রকম উইকেটে যেকোনো সময় একটা ভালো বল হয়ে যেতে পারে। আপনি ১০০, ১৫০ বা ২০০ রানে ব্যাট করলেও আউট হওয়ার সুযোগ তো থাকবেই। সেদিক থেকে বলব যা হয়েছে তাতে আমি অবশ্যই খুশি। চেষ্টা করব আরও ৫০ রান যোগ করে ওদের প্রথম ইনিংসে যত তাড়াতাড়ি অলআউট করা যায়। আমরা যেন বড় একটা লিড নিতে পারি।
নিজের উদ্যাপন...
*না এটা তেমন কিছু নয়। এর কৃতিত্ব তামিমের। ওর আর আমার একটা ব্যাপার ছিল এটা।
অনেক দিন পর বিদেশের মাটিতে টেস্ট
*হ্যাঁ, এটা অবশ্যই একটা ব্যাপার। এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল। গত এক-দেড় বছর দেশের মাটিতে আমরা ধারাবাহিক ভালো খেলছিলাম। আমি বলব না এখনই এখান থেকে আমরা খুব বেশি ভালো দল হয়ে গেছি। তবে হ্যাঁ, এটা আমাদের একটা শুরু। আমরা যদি দেশের বাইরে ধারাবাহিকভাবে এ রকম খেলতে থাকি তাহলে বছর দুইয়ের মধ্যে বিদেশের মাটিতে আমাদের রেকর্ডগুলো অনেক ভালো হবে।
সাকিবের সেরা ব্যাটিং কি না
*তা তো অবশ্যই। যেভাবে ব্যাটিং করেছে কখনো মনে হয়নি ওর কোনো সমস্যা হচ্ছে। ওকে নিয়ে ওরা যত পরিকল্পনা করেছে সবগুলোতে উতরে গেছে। ওরা যখন ওকে আক্রমণ করেছে সাকিবও পাল্টা আক্রমণ করেছে। ও যে ১০০ বা ২০০ রান করছে, দেখে তা মনে হয়নি। ও ছিল নিরাবেগ। এমন ছিল যেন ব্যাটও তুলতে চাইছিল না। ও এ রকম একটা ইনিংস খেলায় আমি অনেক খুশি। বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার জন্য সাকিবকে অভিনন্দন। আশা করি, ভবিষ্যতে আরও অনেক বড় ইনিংস খেলবে ও।
সাকিবের সঙ্গে জুটি
*রসায়ন তো অবশ্যই একটা আছে। ও সাধারণত আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। খেয়াল করলে দেখবেন ওয়ানডে আর টি-টোয়েন্টিতে আমাদের ভালো কিছু জুটি আছে। ওর সঙ্গে ব্যাটিং করতে পছন্দ করি আমি। অনেক দিন ধরেই আমরা একসঙ্গে খেলছি, অনূর্ধ্ব-১৯ থেকে। ব্যাটিংয়ের সময় ও বেশি কথা বলে না। ছোট ছোট কিছু পরামর্শ দেয়। আমাকে পুরো সময়টাতেই সাহায্য করেছে। রানিং বিটুইন দ্য উইকেটে দু-একবার সমস্যা হয়েছে। কিন্তু এটা হতেই পারে।
টেস্ট ইতিহাসে এই জুটি
*আমার মনে হয় দেশের বাইরে, নিউজিল্যান্ডের বিপক্ষে আর এই মাঠে এটা একটা রেকর্ড। ফলটা আমাদের পক্ষে গেলে আরও ভালো লাগবে। তবে আমার মনে হয়, টেস্টে এটা বাংলাদেশের সেরা জুটি।
আজকের (কাল) সামগ্রিক পারফরম্যান্স
*আমি বলব, প্রথম কাজটাই শুধু সম্পন্ন হয়েছে। এখনো তিন দিন বাকি। যেকোনো কিছুই ঘটতে পারে। তবে এমন একটা জুটি গড়তে পারাটা আনন্দের। আর প্রথম ইনিংসে বড় স্কোর গড়াটাও গুরুত্বপূর্ণ। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ হারার পর আমরা অনেক চাপে ছিলাম। মানুষ মনে করে বাংলাদেশ বিদেশের মাটিতে টেস্ট খেলতে পারে না। তাই আমাদের নিজেদের প্রমাণ করার ছিল। আমাদের জেগে ওঠার জন্য এটা ছিল বড় অনুপ্রেরণা। ছেলেরা এগিয়ে এসেছে। এটা সবে শুরু।
মিরাজ ও সাকিবের বোলিং নিয়ে আশা
*সাকিব অভিজ্ঞ বোলার। সে জানে এ ধরনের উইকেটে কীভাবে বল করতে হয়। কিছু এবড়োখেবড়ো জায়গা থাকবে। আগামীকাল আর চতুর্থ ইনিংসে ওদের এই টুটো-ফাটা উইকেটেই ব্যাট করতে হবে।
৩০০০
হাবিবুল বাশার ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক পেরোলেন সাকিব আল হাসান।