'ট্রাম্প কার্ড জুবায়ের, চাই নাসিরকে'

ইমরান খানের হাতে ওই ক্রিস্টালের চকচকে সুদৃশ্য ট্রফি বা ওয়াসিম আকরামের গতিময় সুইংয়ে উড়ছে অ্যালান ল্যাম্ব, ক্রিস লুইসের বেল—১৯৯২ বিশ্বকাপ ভাবলে এই ছবিগুলোই চোখে ভাসে প্রায় সবার। অনেকেরই মনে আছে, মুশতাক আহমেদের কথা। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ২১ বছর বয়সী লেগ স্পিনারকে ইমরান যখন বিশ্বকাপে নিয়ে গেলেন, অবাক হয়েছিলেন অনেকেই। সেই মুশতাকই ১৬ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন পাকিস্তানের শিরোপা জয়ে। কিংবা একজন অজন্তা মেন্ডিস, আন্তর্জাতিক আঙিনায় এসেই রহস্যের জাল বিছিয়ে উইকেট নিতে থাকলেন টপাটপ!
এখনই বিশ্বকাপ জয় বাংলাদেশের কেউ সুদূরতম কল্পনাতেও হয়তো ভাবেন না। সহযোগী দুই দেশের বিপক্ষে জয়, আর একটি-দুটি বড় শিকার ধরতে পারলেই বাংলাদেশের বিশ্বকাপ অভিযানকে বলা যাবে সফল। সেই আশাতেই রকিবুল হাসান ও আতহার আলী খানের ভাবনায় খেলা করছে ‘এক্স ফ্যাক্টর লেগ স্পিন’ আর ‘অজানা-অচেনা বোলারের রোমাঞ্চ।’ বিশ্বকাপে দুজনেরই ‘ট্রাম্প কার্ড’ তাই তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন। এই দুই সাবেক ক্রিকেটারের সঙ্গে পছন্দের বিশ্বকাপ দল বাছাই করেছেন আরেক সাবেক এনামুল হকও। বর্তমানে আইসিসির প্যানেল আম্পায়ার এনামুল অবশ্য জুবায়েরকে রাখেননি। তবে এখন দলের বাইরে থাকা একজনের ব্যাপারে একমত তিনজনই। অবশ্যই দলে চাই নাসির হোসেনকে!
তরুণ জুবায়েরকে বিশ্বমঞ্চের কঠিন পরীক্ষায় ঠেলে দিতে শঙ্কা নেই সাবেক অধিনায়ক রকিবুলের, ‘ওকে কেউ সেভাবে চেনে না, চমকে দিতে পারে। টার্ন আছে, গুগলি খুব ভালো। অস্ট্রেলিয়ায় বাড়তি বাউন্স পাবে। সবচেয়ে বড় কথা উইকেটশিকারি। রান হয়তো বেশি দেবে, কিন্তু উইকেট এনে দেবে। জুবায়ের হবে আমার ট্রাম্প কার্ড।’ রকিবুলেরই প্রতিধ্বনি তুলেছেন আতহার, ‘অচেনা বোলারের একটা রোমাঞ্চ আছে। মেন্ডিসকে দেখুন, কেউ ওকে পড়ে ফেলার আগেই অনেক উইকেট নিয়ে ফেলেছে। জুবায়েরও হতে পারে একই রকম। নাথান লায়ন দেখছি অফ স্পিনার হয়েও যত বাউন্স পাচ্ছে, জুবায়ের আরও বেশি পাবে। ও হতে পারে আমাদের ট্রাম্প কার্ড।’
জুবায়েরের সঙ্গে আরেক বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুজনেরই পছন্দ তাইজুল ইসলাম। লড়াইয়ে থাকা আরাফাত সানির সঙ্গে তুলনাটা সরাসরিই টানলেন রকিবুল, ‘সানি সাইড আর্ম বোলার, উচ্চতা বেশি না। তাইজুলের হাই আর্ম অ্যাকশন, লুপ দেয়, বাউন্স পাবে অস্ট্রেলিয়ার উইকেটে।’ সানি ও আবদুর রাজ্জাককে নিতে না পারায় আতহারের কণ্ঠে সমবেদনা, ‘সানি খুব ভালো। কিন্তু তাইজুলের শুরুটা হয়েছে অসাধারণ। ফ্লাইট দিতে ভয় পায় না। সাকিব না থাকার পরও ওয়েস্ট ইন্ডিজে যেভাবে পারফর্ম করেছে বা পরে টেস্টে সেরা বোলিং, ওয়ানডে অভিষেকে ইতিহাস গড়া, প্রমাণ হয়েছে তাইজুল দায়িত্ব নিতে পারে। রাজ্জাক বাংলাদেশ ক্রিকেটের খুব ভালো দূত অনেক দিন থেকেই। কিন্তু ব্যাটন পরিবর্তনের সময় এখনই।’
এনামুল হক আবার তাইজুল-জুবায়ের কাউকে রাখছেন না। সাকিবের সঙ্গে তাঁর দলে বিশেষজ্ঞ স্পিনার একজনই, ‘জুবায়ের বা তাইজুলের চেয়ে আরাফাত সানি সীমিত ওভারের ক্রিকেটে ভালো বোলার। জানে কখন কীভাবে বোলিং করতে হয়। ফিল্ডিংও তুখোড় সানির। রাজ্জাককে নিয়ে বিশ্বকাপে আসলে খুব বেশি পার্থক্য এখন গড়া যাবে না। আর তাইজুলের সামনে অনেক সময় আছে।’
নাসিরকে রাখার পক্ষে তিনজনের যুক্তি প্রায় একই। আতহার উপেক্ষা করতে পারছেন না নাসিরের ‘ফিনিশিং’ সামর্থ্যকে, ‘রান-খরা যাওয়ার পরও কিন্তু নাসিরের গড় এখনো ভালো। দুর্দান্ত ফিনিশার। হয়তো ব্যাড প্যাচ যাচ্ছে। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করেছে, চাপের মধ্যে দারুণ সব ইনিংস আছে।’ এনামুলের ধারণা, উপলক্ষের বিশালত্বই জাগিয়ে তুলবে নাসিরকে, ‘ব্যাড প্যাচ সবারই আসে। বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট নাসিরকে জাগিয়ে তুলতে পারে। বাদ পড়লে হয়তো হতাশ হয়ে যাবে, ৪-৫ বছরের জন্য ওকে হারিয়ে ফেলতে পারি আমরা।’
বাংলাদেশের মতো দলে, যেখানে জায়গা নিয়ে নেই তুমুল লড়াই, দল গঠন খুব ঝামেলার কাজ নয়। সেটির প্রমাণ দিতেই ১৫ জনের স্কোয়াডের ১৩ জনই মিলে যাচ্ছে তিন সাবেকের দলে! টপ অর্ডারে তামিম-এনামুল (বিজয়) তো সবার দলেই আছেন। সঙ্গে আতহার ও এনামুলের পছন্দ ইমরুল কায়েস। টেস্টের পারফরম্যান্সেই ইমরুলকে চান আতহার, ‘টেস্টে দারুণভাবে ফিরেছে ইমরুল। অনেক কষ্ট করেছে, ওর মাঝে দৃঢ়প্রতিজ্ঞা আছে।’ এনামুল যোগ করলেন, ‘শামসুর রহমানের চেয়ে ইমরুল বেশি পরিণত।’
রকিবুল আবার একটা জায়গায় আলাদা। দলে রাখছেন সৌম্য সরকারকে, ‘টপ অর্ডারে ব্যাকআপ থাকল, প্রয়োজনে মিডল অর্ডারেও ব্যাট করতে পারবে সৌম্য। আর উচ্চতা ভালো, ওর বোলিংটা কাজে লাগবে।’ এনামুলের আবার সৌম্যর চেয়ে পছন্দ জিয়াউর, ‘সৌম্যকে আমি আসলে অলরাউন্ডার সেভাবে মনে করি না। স্রেফ কাজ চালানোর বোলিং পারে। জিয়া বরং শেষ দিকে দ্রুত রান এনে দেবে, বোলিংও অনেক ভালো এখন।’
ব্যক্তিগত জীবনের ঝামেলা মিটিয়ে উঠতে পারলে রুবেলকে দলে চান তিনজনই। তাসকিন তো আছেনই। আর আল-আমিন নন, তিনজনেরই ভোট শফিউলের বাক্সে। আতহার তো বাজি ধরলেন শফিউলকে নিয়ে, ‘স্কটল্যান্ড-আফগানিস্তানের বাইরে গ্রুপে আমি টার্গেট করছি ইংল্যান্ডকে। আর গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শফিউলের পারফরম্যান্স ভুলে যাননি নিশ্চয়ই?’