'ট্রাম্পকার্ড' পেয়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যানদের ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন এই মেহেদি হাসান রানা। ছবি : শামসুল হক
ব্যাটসম্যানদের ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন এই মেহেদি হাসান রানা। ছবি : শামসুল হক
>

বিপিএলে গতকাল দ্বিতীয় ম্যাচে রান উৎসব করেছেন ব্যাটসম্যানরা। এই ম্যাচে ব্যাট নয়, বরং বল হাতে আলো কেড়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদি হাসান রানা। অধিকাংশ দর্শক ও প্রতিপক্ষ খেলোয়াড়দের কাছে মেহেদি অপরিচিত হলেও, চট্টগ্রামের দুই নেতা ইমরুল কায়েস আর মাহমুদউল্লাহ আগে থেকেই জানতেন তাঁর সামর্থ্যের কথা

বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। কাল দ্বিতীয় ম্যাচটা কেমন হয়েছে তা এ কথাতেই পরিষ্কার। স্রেফ রান উৎসব হয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব উইকেটে। না, তবু পুরোটা বলা হলো না। রান উৎসবের এ উইকেটে যে জাত চিনিয়েছেন মেহেদি হাসান রানা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের ইনিংস মিলিয়ে মোট ৪৬০ রানের ম্যাচ। দুই দল মোট ১৩ জন বোলার ব্যবহার করেছে। এর মধ্যে চট্টগ্রামের বাঁ হাতি পেসারটি কিপটেমি ও শিকারে সবার সেরা। ৪-১-২৮-৪ বোলিং ফিগার মেহেদির। না, তবু পুরোটা বলা হলো না। পরিসংখ্যান সব সময় ক্রিকেটারদের সামর্থ্যের পুরো প্রমাণ দেয় না।

কুমিল্লার ডাকাবুকো ব্যাটসম্যানেরা যা করতে পারেননি, নয়ে নামা পেসার আবু হায়দার রনি তা ভোজবাজির মতো দেখিয়ে দেওয়ায় মেহেদির ওভারপ্রতি রান গড় সাতে উঠেছে। চট্টগ্রামের এ পেসারের কাছ থেকে শেষ ওভারে একাই ২১ রান (সব মিলিয়ে ২২) আদায় করেছেন আবু হায়দার। নইলে মেহেদির বোলিং ফিগার রান উৎসবের উইকেটে বড় বিস্ময় হয়েই থাকত।ওই ওভারের আগে মেহেদির বোলিং ফিগার ছিল ৩-১-৬-৪! তাঁর দ্বিতীয় ওভার শেষে ২-১-২-৩!

এই দ্বিতীয় ওভার পর্যন্ত মোট ৯টি ডেলিভারির মধ্যে মাত্র ২ রানে ৩ উইকেট নিয়েছেন মেহেদি। উইকেটগুলো দেখুন, সৌম্য সরকার, আভিষ্কা ফার্নান্দো ও সাব্বির রহমান। এরপর নিজের তৃতীয় ওভারে শেষে ফিরিয়েছেন ম্যাচটা জমিয়ে তোলা ডেভিড মালানকেও (৮৪ রান)। ইংলিশ ব্যাটসম্যানটির জন্য হারের ব্যবধান কমাতে কমাতে ১৬ রানে এসেছে ঠেকেছে কুমিল্লা। এ ছাড়া মেহেদি ম্যাচের ভাগ্য ঠিক করে দিয়েছিলেন আগেই। ২২ বছর বয়সী পেসার এবার বিপিএলে কতটা ধারাবাহিক চট্টগ্রামের হয়ে তার চার ম্যাচের পরিসংখ্যানেই পরিষ্কার। তা ম্যাচের ক্রম অনুযায়ী তুলে ধরা হলো, ১/৩৩, ৪/২৩, ৩/২৮ ও কালকের ৪/২৮।

অথচ এই মেহেদিকে বিপিএলের শুরুতে কেউ নাকি চিনতে পারছিল না! খেলা শেষে সংবাদ সম্মেলনে জানালেন চট্টগ্রাম অধিনায়ক ইমরুল কায়েস। অনূর্ধ্ব-১৯ ও চট্টগ্রাম বিভাগীয় দলে খেলা মেহেদিকে বিপিএলে নিজেদের দলে খেলানোর চ্যালেঞ্জটা নিয়েছিলেন মাহমুদউল্লাহ ও ইমরুল। চট্টগ্রাম অধিনায়কই বললেন সে কথা, 'রানাকে নিয়ে আমি ও রিয়াদ ভাই একরকম চ্যালেঞ্জই নিয়েছিলাম। আমরা দুজনে আলোচনা করে ওকে দলে নিয়েছি। শুরুতে ওকে কেউ চিনছিল না। এখন ট্রাম্পকার্ড হিসেবে বলা যায়। ওকে ট্রাম্পকার্ড হিসেবে পেয়েছি আমরা। ও নিজের কাজটা করে যাচ্ছে। এটি ওর ক্যারিয়ারের জন্যই ভালো।'

এর আগে দুটি ম্যাচে ডেথ ওভারে খুব ভালো বোলিং করেছেন মেহেদি। তার সামর্থ্য নিয়েও জানালেন ইমরুল, 'আগে তার আত্মবিশ্বাস ছিল না। এখন সে অনেক আত্মবিশ্বাসী। যদি বলি তুই কী বল করবি? সে বলে আমি এটা করব এবং একদম ওই বলটাই করে। এটা খুব গুরুত্বপূর্ণ।' চট্টগ্রামের এ অধিনায়ক এর মধ্যেই তাঁকে জুটি ভাঙার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। ইমরুলের ব্যাখ্যা, 'রানা ভালো করছে বলেই তাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হচ্ছে। জুটি ভাঙতে তাকে ব্যবহার করা হচ্ছে। এমন বোলার থাকলে অধিনায়কের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়।'

চট্টগ্রাম অধিনায়কের কাজ মেহেদি কতটা সহজ করছেন পরিসংখ্যানও তার প্রমাণ দিচ্ছে। ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে মেহেদি চলতি বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি। উইকেট নেওয়ায় শীর্ষ পাঁচ বোলারের মধ্যে তাঁর ইকোনমি রেট (৬.৬৮) সবচেয়ে ভালো।