'ডাইনিবিদ্যা'র কারণে হারিনি, বলছেন সরফরাজ

শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল সবাইকে চমকে দিয়েছিলেন। পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ জয় নাকি ‘ডাইনিবিদ্যা’র ফল! জাদুতে অভিজ্ঞ ব্যক্তির আশীর্বাদে দল জিতেছে, এমনটাই দাবি তুলেছিলেন চান্ডিমাল। নিজেদের হারের পক্ষে এমন যুক্তি পেয়েও অবশ্য সেটা সাদরে গ্রহণ করলেন না পাকিস্তান অধিনায়ক। সরফরাজ আহমেদের দাবি, জাদুটাদু বাজে কথা, বাজে ব্যাটিংয়ে হেরেছে তাঁর দল।
আরব আমিরাতে পাকিস্তানকে হারানো সহজ কথা নয়। সেখানে টানা দুই ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার। এমন ফল বিস্মিত করেছিল সবাইকে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ভরাডুবি বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এরপর আবার চান্ডিমালের অমন দাবি। তবে সরফরাজ যে অজুহাত ছাড়া হার মেনে নিতে জানেন, সেটা বোঝা গেছে আজ, ‘আমরা দুই টেস্টেই হেরেছি বাজে ব্যাটিংয়ের জন্য, এটাই সত্যি। তারা যদি জাদু বা ডাইনিবিদ্যা দিয়ে টেস্ট জিততে পারত, তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও জয় পেত ওরা।’
সরফরাজ স্বীকার করেছেন, পৃথিবীতে যুক্তি দিয়ে বোঝানো অসম্ভব, এমন অনেক কিছুই আছে। কিন্তু তাঁদের হারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ‘আমি পবিত্র কোরআনে বিশ্বাস করি এবং বিশ্বাস করি, একসময় পৃথিবীতে জাদু ছিল। কিন্তু টেস্ট সিরিজ সুযোগ হাতছাড়া ও বাজে ব্যাটিংয়েই হেরেছি।’ সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফও চান্ডিমালের দাবিকে হাস্যকর বলছেন, ‘ক্রিকেটের সঙ্গে এসব মেশাবেন না। পাকিস্তানের পরিকল্পনা বাজে ছিল এবং ওরা গোলমাল পাকিয়ে ফেলেছিল এতে।’ সূত্র: দ্য স্টেটসম্যান।