'ডাইনোসর' হয়ে থাকতে চাননি সাঙ্গা!

মুখের চামড়া কুঁচকে গেছে, সারা মুখে বলিরেখার অজস্র ভাঁজ, চুল সব পেকে সাদা—বয়সের ভারে ন্যুব্জ বলতে এমন একটা চেহারাই চোখে ভাসে। কুমার সাঙ্গাকারার সে রকম হতে তো অনেক দেরি। কিন্তু সাঙ্গাকারার কাছে নিজেকে এখন গ্রামের সুপ্রাচীন বটবৃক্ষের মতো মনে হচ্ছে। ভারতের বিপক্ষে বিদায়ী সিরিজের আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান কিংবদন্তি জানালেন, অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কাজ করেছে এই ভাবনাও।
সামনের অক্টোবরেই ৩৮-এ পা দেবেন সাঙ্গাকারা। সমসাময়িকদের প্রায় সবাই ক্রিকেট ছেড়েছেন, কয়েকজন ছাড়ি ছাড়ি করছেন। এই শ্রীলঙ্কা দলে বয়সের দিক দিয়ে শুধু রঙ্গনা হেরাথই (৩৭) আছেন কাছাকাছি। কাউন্টি দল সারেতেও বয়সের ভারটা সাঙ্গার সঙ্গে বইছেন শুধু ৩৭ বছরের গ্যারেথ বেটি। বিদায়বেলায় সাঙ্গার কণ্ঠে তাই ‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান’—এর সুর, ‘দলের বাকিদের বেশির ভাগেরই বয়স ২৬। আমার মনে হচ্ছে দলে আমি যেন একটা ডাইনোসর। এর পরেই আমি নিশ্চিত হয়েছি, ঠিক সময়টা এসে গেছে (বিদায় নেওয়ার)।’
অথচ ব্যাটে মরচে ধরা দূরে থাক, সেটি এখনো খাপখোলা তলোয়ারের মতোই ঝকঝকে। গত বিশ্বকাপেই টানা চার সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। গত জানুয়ারিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে একাদশতম ডাবল সেঞ্চুরিটি করেছেন। চাইলে তো আরও কয়েক বছর খেলে যেতে পারতেনই। স্যার ডন ব্র্যাডম্যানের ১২টি ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি তো ছিলই। আট, নয়, দশ, এগারো, বারো হাজারের পর দ্রুততম ব্যাটসম্যান হিসেবে তেরো হাজার রানের মাইলফলকটাও তো ছুঁতে পারতেন। এসব নিয়ে কৌতূহলের উত্তর গত জুনে অবসরের ঘোষণা দেওয়ার সময়েই দিয়ে দিয়েছেন, রেকর্ডের কথা ভেবে খেলা চালিয়ে যাওয়ার কথা কখনোই ভাবেননি।
কাল বললেন, অবসরটা আরও আগেই নিতে চেয়েছিলেন, ‘বিশ্বকাপের পরপরই আমার অবসর নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তারা বলল, আমি আরেকটু টেস্ট ক্রিকেট খেলতে পারি কি না। চারটি টেস্ট খেলতে রাজি হয়েছিলাম, সেটা তারা মেনে নেয়।’ সেই চারটি টেস্ট যে পাকিস্তান-ভারতের বিপক্ষে দুই সিরিজে ভাগ করে খেলছেন, এটাও আলোচনার ফসল। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে প্রশ্ন করা হলো প্রথম দুই টেস্ট শেষে সিরিজ যদি ১-১ থাকে, তাহলে কি শেষ টেস্টেও খেলার জন্য সাঙ্গাকারাকে অনুরোধ করবেন না? অ্যাঞ্জেলো ম্যাথুস হেসে জবাব দিলেন, ‘ব্যাপারটা আমার হাতে থাকলে আরও দুই বছর তাঁকে খেলাতে চাইতাম। কিন্তু তাঁর সিদ্ধান্তকে আমাদের সম্মান করতে হবে। এটা নতুনদের নিজেদের প্রমাণ করার সুযোগও।’
গলের সঙ্গে সাঙ্গাকারার অনেক স্মৃতি জড়িয়ে, ২০০০ সালে এখানেই তাঁর টেস্ট অভিষেক। প্রথম সেঞ্চুরিও পেয়েছিলেন এখানেই, সেটাও ভারতের বিপক্ষেই। বিদায়বেলায়ও কি সেই গল আবার দুই হাত ভরে দেবে তাঁকে? এএফপি।