'ডাক'-প্রিয় টেন্ডুলকার!

ক্রিকেটে কোনো রান না করেই সাজঘরে ফিরলে বলা হয়—‘ডাক’ মারা। স্বাভাবিকভাবেই ডাকে আগ্রহ থাকার কথা নয় কোনো ব্যাটসম্যানেরই। অথচ শচীন টেন্ডুলকার কিনা ‘ডাক’ ভালোবাসতেন!
এ ডাক সেই ডাক নয়। এটা সত্যি হাঁস! হাঁসের মাংস টেন্ডুলকারের খুবই প্রিয় একটি পদ। ব্যক্তিগত ভোজনবিলাসের কথা তিনি এভাবেই জানিয়েছেন আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ বইয়ে। প্রিয় হাঁসের মাংস খাওয়া নিয়ে একটা মজার স্মৃতিও রয়েছে টেন্ডুলকারের।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৯৯ বিশ্বকাপের আগে চোটাক্রান্ত ছিলেন টেন্ডুলকার। পরিবর্তনশীল ইংলিশ আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে বেশ কষ্টই হচ্ছিল। টেন্ডুলকারকে উত্সাহ জোগাতে সে সময় ইংল্যান্ডে ছিলেন স্ত্রী অঞ্জলি, বড় ভাই অজিত ও দেড় বছরের কন্যা সারা। এ সময় টেন্ডুলকার খাবার খেতেন পরিবারের সদস্যদের সঙ্গেই।
এক রাতে টেন্ডুলকার সবাইকে নিয়ে খেতে গেলেন একটি চায়নিজ রেস্তোঁরায়। যথারীতি অর্ডার দিলেন প্রিয় ডিশ—মচমচে হাঁসের মাংস, সঙ্গে পাতলা প্যানকেক আর টুকরো টুকরো করে কাটা শসা। আত্মজীবনীতে জানিয়েছেন, এক বসায় এমন খাবারের বিরাট অংশ একাই সাবাড় করে দিতে পারেন! তো রেস্তোঁরার বেয়াড়াকে হাঁসের মাংসের কথা বলতেই বাগড়া দিয়ে বসলেন অজিত। বললেন, ‘অর্ডার বাতিল কর।’ বিশ্বকাপের আগে টেন্ডুলকারকে কিছুতেই হাঁসের মাংস খেতে দেবেন না অজিত।
টেন্ডুলকারের তো বিস্ময়ের সীমা নেই! জিজ্ঞেস করলেন, ‘হাঁস কেন খেতে পারব না?’ অজিত বললেন, ‘একটা নিবন্ধ পড়েছি, একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগের রাতে তিন ইংলিশ খেলোয়াড় হাঁস খেয়েছিল। পরের দিন তিনজনই শূন্য রানে ফিরেছিল।’ টেন্ডুলকার লিখেছেন, ‘ক্রিকেটে শূন্য রানে ফেরা অর্থে যেহেতু ‘‘ডাক’’ শব্দটি ব্যবহার হয়। এ কারণে অজিত সেদিন আমাকে হাঁস খেতেই দেবে না। বলেছিল, বিশ্বকাপটা শেষ হোক তারপর যত ইচ্ছে হাঁস খেয়ো।’
টেস্টে টেন্ডুলকার ডাক মেরেছেন ১৪ বার। টেস্টে সবচেয়ে বেশি ডাক কোর্টনি ওয়ালসের—৪৩ বার। এ পরিসংখ্যান থেকে টেন্ডুলকার নিশ্চয় যোজন যোজন দূরে। অন্যদিকে ৪৬৩ ওয়ানডেতে টেন্ডুলকার কোনো রান না করে ফিরেছেন মোট ২০ বার। সর্বোচ্চ ৩৪ বার ডাক মেরে ফেরা সনাত্ জয়াসুরিয়ার তুলনায় সংখ্যাটা কমই বটে!
ওয়ালস আর জয়াসুরিয়াকে তাই প্রশ্নটা করা ভালো, তাঁদের প্রিয় খাবার ‘ডাক’ কিনা!