'ডাবল'টা হয়েই গেল সাকিবের

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। টেস্টে ২০০ উইকেট আর সাড়ে তিন হাজার রানের ‘ডাবল’ কীর্তির ছোট্ট তালিকায় চলে এসেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।
এখন কেমন লাগছে সাকিব আল হাসানের?
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে যখন তাঁকে প্রশ্ন করা হলো, বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট পেয়ে যেতে পারেন এই টেস্টে। পেয়ে গেলে কেমন অনুভূতি হবে? সেদিন বললেন, ‘এটা খুব বড় ব্যাপার নয়। যদি হয়, তাহলে হয়তো অন্য রকম ভালো লাগা কাজ করতে পারে।’ সাকিবের যে আসলেই অন্য রকম ভালো লাগা কাজ করছে, সেটি তাঁর উদ্যাপনেই দেখা গেল। কাইরন পাওয়ালকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ২০০ উইকেট পূর্ণের আনন্দেই শুধু হয়নি, ২০৪ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি মাত্র ৫ রানে ভাঙা গেছে। সাকিব ফিরিয়েছেন শাই হোপকেও। ক্যারিবীয়দের উইকেটপতনের ধারাটা বজায় থাকলে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জেতাটা সময়ের ব্যাপার হবে।
টেস্টে ১০০ উইকেট নিয়ে থেমে গেছেন মোহাম্মদ রফিক। তাঁকে কবেই ছাড়িয়েছেন সাকিব। ছাড়িয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে এখন তিনিই সবচেয়ে সফল। আজ উইকেটপ্রাপ্তিতে ‘ডাবল সেঞ্চুরি’টাও হয়ে গেল। টেস্টে ২০০ উইকেট আর সাড়ে তিন হাজার রানের ‘ডাবল’ কীর্তির ছোট্ট তালিকায় চলে এসেছেন। এখানে আছেন কপিল দেব, জ্যাক ক্যালিস, ইমরান খান, ইয়ান বোথামরা। অবশ্যই আছেন গ্যারি সোর্বাস, অনেকের চোখেই যিনি সর্বকালের সেরা ক্রিকেটার। এ শতকের সেরা অলরাউন্ডারদের একজন অ্যান্ড্রু ফ্লিটনফ। শন পোলক ও ড্যানিয়েল ভেট্টোরি নাম দুটি এঁদের পাশে হয়তো কিছুটা বেমানান, তবে এই অর্জনে আছেন তাঁরাও। এখানে সাকিবের কীর্তি আরও চমৎকার। তিনি ২০০ উইকেট আর তিন হাজার রান করেছেন অন্যদের চেয়ে কম ম্যাচ খেলে। আরও চমকপ্রদ একটা তথ্য দেওয়া যেতে পারে। সাকিব আজ ২০০ উইকেট নিতে টপকেছেন ইয়ান বোথামকে। সেটি বোথামের জন্মদিনের দিনেই।
কদিন আগে রাজনীতিতে যুক্ত হওয়ার কথা উঠেছিল। যেহেতু এখনই রাজনীতিতে জড়াবেন না বলে জানিয়েছেন, আরও চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করার সামর্থ্য সাকিবের আছে। ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখবেন, তা এখনই বলা কঠিন। টেস্টে সাড়ে ৫ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের লক্ষ্য খুব একটা অবাস্তব লক্ষ্য নয়। এই ডাবলের কীর্তিও কিন্তু কারও নেই!