'ডি ভিলিয়ার্স' হতে চায় দ্রাবিড়ের ছেলেরা!

‘বাপকা বেটা’—কারও প্রশংসা করার জন্য এ কথা বললে খুশি হয়ে ওঠেন সবাই। কিন্তু সাবধান, রাহুল দ্রাবিড়ের ছেলেদের আবার এ কথা বলতে যাবেন না। সাবেক এই তারকা ক্রিকেটারের দুই পুত্র বাবার পদাঙ্ক অনুসরণ করতে মোটেও রাজি নন। তারা উল্টো ‘ডি ভিলিয়ার্সের ঘোড়া’ হতে পারলেই খুশি!
বিশ্বের সেরা ব্যাটসম্যান কে—প্রশ্নটি করাই এখন বোকামি। উত্তরটি যে সবার জানা—এবি ডি ভিলিয়ার্স। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, যে ফরম্যাটের কথাই বলা হোক, সব মঞ্চেই ব্যাটিংয়ের শেষ কথা এই মুহূর্তে ডি ভিলিয়ার্স। দলের প্রয়োজনে ৩১ বলে সেঞ্চুরি করতে পারেন আবার, ম্যাচ বাঁচাতে ২২০ বল খেলে মাত্র ৩৬ রান করার ধৈর্যও দেখাতে পারেন। এই তো সেদিন বেঙ্গালুরু টেস্টে পুরো দল যখন খাবি খাচ্ছে তখন বুক চিতিয়ে একাই লড়লেন তিনি। প্রয়োজনমতো খেলার ধরন পাল্টে ফেলতে পারেন বলেই এই প্রোটিয়া ক্রিকেটার এখন বিশ্বব্যাপী সমাদৃত। অগণিত ভক্ত তাঁর। ভারতের বিপক্ষে সিরিজ খেলার সময়ই বোঝা গিয়েছে ক্রিকেট বিশ্বে তাঁর অবস্থান। ভারতের বিপক্ষে সমানে চার ছক্কা হাঁকাচ্ছেন ডি ভিলিয়ার্স আর স্বাগতিক দর্শকেরা তালি দিচ্ছেন, ডি ভিলিয়ার্সের নাম ধরে স্লোগান দিচ্ছেন!
দ্রাবিড়ের সন্তানেরাও এর বাইরে নয়। ভারতীয় ‘এ’ দলের কোচ নিজের ছেলেদের ডি ভিলিয়ার্স-প্রীতির কথা জানালেন, ‘এভাবে ব্যাট করলে আপনি জনপ্রিয় হতে বাধ্য। আমার ছেলেরা যখন খেলে তখনই এটা বোঝা যায়। ওরা সব সময় এবি’র মতো শট খেলতে চায়। তরুণ সব ক্রিকেটারদের মতো ওরাও চায় ডি ভিলিয়ার্সকে অনুসরণ করতে। তবে খুব দ্রুতই ওরা বুঝতে পারবে কাজটি কত কঠিন।’
ক্রিকেটে এখন ডি ভিলিয়ার্স মানেই এক নেশার নাম। পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪৬ বলে ১০০ রান করা জস বাটলারও জানিয়েছেন, ডি ভিলিয়ার্সকে আদর্শ মানেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরির মালিক যখন ডি ভিলিয়ার্সকে আদর্শ মানেন, তখন দ্রাবিড়ের ছেলেদেরই বা দোষ কি।
সময়টাই যে এখন ডি ভিলিয়ার্সের! সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস