'ড্রামা কুইনে'র আরও এক 'ড্রামা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও কেলেঙ্কারি শেহজাদের। ফাইল ছবি
আবারও কেলেঙ্কারি শেহজাদের। ফাইল ছবি

শিয়ালকোটে চলছিল পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট কায়েদে আজম ট্রফির একটি খেলা। কিন্তু সে ম্যাচে আরও একটি কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন আহমেদ শেহজাদ। তাঁর সঙ্গে ‘সেলফি’ তুলতে চাওয়া এক ভক্তর ওপর চড়াও হয়েছেন তিনি, ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন সেই ভক্তের মোবাইল ফোন।
নানা ধরনের ঘটনার জন্ম দিতে পটু এই শেহজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কেতায় সেলফি পোস্ট করে পাকিস্তানি ক্রিকেট-ভক্তদের কাছে প্রায়ই হাসির খোরাক হন তিনি। একবার তো নিজেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করে হাস্যাস্পদ হয়েছিলেন। পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের অনেকেই মজা করে তাঁকে ডাকেন ‘ড্রামা কুইন’। গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি চোটে পড়ার ভান করেছিলেন বলে দাবি করেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা।
শিয়ালকোটে কায়েদে আজম ট্রফির সেই ম্যাচে শেহজাদের দল হেরেই গেছে। বেচারা ভক্ত বোধ হয় তাঁর স্বপ্নতারকার জন্য বেছে নিয়েছিলেন খুব বাজে একটা সময়। শেহজাদের কাছে গিয়ে সেলফি তুলতে চাওয়ার আবদার করতেই তেলে-বেগুনে জ্বলে উঠে সেই ভক্তকে ধাক্কা দেন পাকিস্তানি ওপেনার। এরপর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তা ভেঙে ফেলেন। আরেক পাকিস্তানি তারকা উমর গুল শেহজাদকে শান্ত করতে চেয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন।
পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট, ৭৯টি ওয়ানডে আর ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শেহজাদ। টেস্টে তাঁর রান ৯৮২। সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য তাঁর রেকর্ড কিছুটা ভালো। ওয়ানডেতে ২ হাজার ৫৯৭ আর টি-টোয়েন্টিতে ১ হাজার ৩০৪ রান করেছেন তিনি। শেহজাদ একমাত্র পাকিস্তানি ক্রিকেটার, যিনি তিন সংস্করণেই সেঞ্চুরি করেছেন। সূত্র: জি নিউজ।