'ড্রেসিং রুম তো নয় যেন বাজার!'

অপেশাদারির এর চেয়ে বড় নমুনা আর কী হতে পারে! আজ থেকে ১৫ বছর আগে দেশের টেস্ট অভিষেকের লগ্নে এদেশের ক্রিকেট যে কতটা অপেশাদার ছিল, তারই গল্প শুনিয়েছেন আমিনুল ইসলাম। বাংলাদেশের টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে এদেশের ক্রিকেট ইতিহাসে তাঁর আছে চিরস্থায়ী একটা আসন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মাত্র তিনজন ক্রিকেটার দেশের টেস্ট অভিষেকের সঙ্গে নিজেদের অভিষেক সেঞ্চুরির কৃতিত্বকে একাকার করেছিলেন। অস্ট্রেলীয় ক্রিকেটার চার্লস ব্যানারম্যান, জিম্বাবুইয়ান ডেভ হাওটনের সঙ্গে একই বন্ধনীতে নিজেকে আবদ্ধ করেছিলেন এই আমিনুল।
এমন কীর্তিগাথা রচনার পরেও মনের গহিনে একটা খচখচানি থেকেই যায় বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। ভারতের বিপক্ষে দেশের অভিষেক টেস্টে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৪০০ রান জমা করেও বাংলাদেশের দ্বিতীয় ইনিংস যে শেষ হয়েছিল একশর নিচেই!
ঠিক পনেরো বছর পর ভারতের বিপক্ষে আরও একটি টেস্ট খেলতে নামার আগে আমিনুলের মুখোমুখি হওয়ার কারণ কিন্তু তাঁর ওই ইনিংসটিই। সাকিব-তামিম-মুশফিকদের প্রেরণা হতে পারে সেই ইনিংসটি—এমন ভাবনাই মূল। কিন্তু আমিনুল কথা বললেন সম্পূর্ণ অন্য এক লাইনে। এদেশের ক্রিকেটের টেস্ট পূর্ব যুগের অন্যতম নায়কের মুখে শোনা এই কাহিনিও কিন্তু শিক্ষণীয়ই। পাঁচ দিনের টেস্ট যে সময়, পরিস্থিতি ও প্রতিপক্ষের আক্রমণের স্বরূপ বিবেচনা করে খেলতে হয়, পনেরো বছর আগের সেই কাহিনিটি তুলে ধরে আমিনুল যেন এই প্রজন্মকে নতুন করে বোঝাতে চেয়েছেন তাই-ই।
আমিনুল বলেন, ‘এই আফসোস আমার কোনো দিনই যাবে না। দেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের ইনিংস খেলেছিলাম। খুব আনন্দ হচ্ছিল, গর্ব হচ্ছিল। কিন্তু সেই আনন্দ, সেই গর্ব মুহূর্তে বিলীন হয়ে যায় দ্বিতীয় ইনিংসে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায়। প্রথম ইনিংসে ৪০০ রান তোলার পর আমাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৯১ রানেই! আসলে সেদিন ভয়ংকর রকম আত্মতুষ্টি পেয়ে বসেছিল আমাদের। প্রথম ইনিংসে ৪০০ রান তুলেই যেন আমরা অভিষেক টেস্টটা জিতে গিয়েছিলাম।’
স্মৃতি হাতরে আমিনুল বলে যান সেই কাহিনি, ‘প্রথম ইনিংসে ভালো করার সঙ্গে সঙ্গেই আমাদের ড্রেসিং রুম বাজারে পরিণত হল। হ্যাঁ, রীতিমতো বাজার। কোনো শৃঙ্খলা নেই। বাইরের লোকজন আসছে, যাচ্ছে। মন্ত্রী, এমপি সাহেবরা আমাদের সঙ্গে দেখা করতে ঢুকছেন। এখন চিন্তা করলে খুব আপসেট লাগে। কী করেছিলাম আমরা। এতটা অপেশাদার ছিলাম আমরা! ’
টেস্ট ম্যাচ তো পাঁচ দিন খেলতে হয়। ক্ষণে ক্ষণে পরিবর্তিত হতে পারে এর রূপ। কিন্তু বাংলাদেশ নাকি প্রথম ইনিংসের পরপরই বেমালুম ভুলে গিয়েছিল বাকি দুটো দিনের কথা। ব্যাপারটা আরও ভয়ংকর হয়ে উঠল প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে ভারতের ইনিংস ৪২৯ রানে গুটিয়ে যাওয়ার পর। দ্বিতীয় ইনিংসে আর মনোযোগটা ধরে রাখা গেল না। আমিনুলের আফসোসটা ঠিক এই জায়গাতেই, ‘এখনো ভাবি একটু যদি দাঁতে দাঁত চেপে থাকতে পারতাম। কেউ যদি আমাদের মনোযোগে ব্যাঘাত না ঘটাতো, আমাদের ব্যাটসম্যানদের প্রায়োগিক দিকটা যদি আরও একটু উন্নত হতো, তাহলে অভিষেক টেস্টটা আমাদের জন্য হতো গর্ব করার মতো। টেস্ট ক্রিকেটে আমাদের পথচলাটাই শুরু হতো আত্মবিশ্বাস নিয়ে।’
ম্যাচের আগে অবশ্য অতশত ভাবার অবকাশই পাননি আমিনুল। সময়টা খুব ভালো যাচ্ছিল না তাঁর। আগের বছরই (১৯৯৯) দেশের বিশ্বকাপ অভিষেকে নেতৃত্ব দিয়েছিলেন। স্বপ্ন ছিল অভিষেক টেস্টেও টস করতে নামার। কিন্তু খারাপ ফর্মের কারণে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার মুহূর্তেই অধিনায়কত্বটা হারিয়ে ফেলেছিলেন তিনি। অভিষেক টেস্টেও ঠিক আগ দিয়েও ব্যক্তিগত ফর্মটা বাজে যাচ্ছিল। ক্যারিয়ারে প্রথমবারের মতো শুনতে হচ্ছিল নেতিবাচক মন্তব্য। পত্রিকার পাতাতেও লেখালেখি শুরু হয়ে গিয়েছিল, ‘আমিনুল বোধ হয় সেরা সময়টা পেরিয়ে এসেছেন।’
নিজের সেই বীরত্বগাথার বর্ণনা দিতে গিয়ে একটু আবেগপ্রবণই হয়ে ওঠেন আমিনুল। বলেন, ‘অধিনায়কত্ব’ হারিয়ে কোণঠাসা ওই মুহূর্তটিতে সেই সেঞ্চুরিটি আমার কাছে যে কী ছিল সেটা বলে বোঝাতে পারব না। ব্যক্তিগত ব্যাপার-স্যাপার ছাপিয়ে আরও গর্ব লাগছিল দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরিটি করতে পেরে। দেশের টেস্ট অভিষেকে বড় অবদান রাখতে পারাটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।’
দেশের অভিষেক টেস্টের ব্যাপারটা মাথাতে ছিল তাঁর অনেক আগে থেকেই। ২০০০ সালের জুনে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার সময়টাতে তিনি ছিলেন ইংল্যান্ডে, খেলছেন পেশাদার ক্রিকেট। খবর পেয়ে গেছেন যে তিনি আর অধিনায়ক নেই। হৃদয়ে শুরু হয়েছে রক্তক্ষরণ। ওই সময়টার স্মৃতি আজও খুব জ্বলজ্বলে আমিনুলের কাছে, ‘মনে মনে প্রতিজ্ঞা ছিল দেশের হয়ে টেস্ট খেলতে হবে। মনে আছে ট্রেনিংয়ের সময়সীমা বাড়িয়ে দিয়েছিলাম। খুব পরিশ্রম করতাম। সারা দিন নেটে পড়ে থাকতাম ব্যাট নিয়ে। ওই সময় আমি কৃতজ্ঞ বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের প্রতি, দক্ষিণ আফ্রিকান কোচ এডি বারলো, সহকারী কোচ সারোয়ার ইমরান খুব সহায়তা করেছিলেন। নতুন অধিনায়ক নাঈমুর রহমান আমাকে মানসিক সমর্থন জুগিয়েছিলেন।’
বাংলাদেশ অভিষেক টেস্টেও ঠিক আগ দিয়ে কেনিয়া গিয়েছিল নক আউট বিশ্বকাপ খেলতে। সেখানে মোম্বাসায় শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচে ডেভ হোয়াটমোরের কাছ থেকে কিছু টিপস পেয়েছিলেন। অভিষেক টেস্টে হোয়াটমোরের সেই টিপস দারুণ কাজে এসেছিল বলে জানিয়েছেন তিনি, ‘হোয়াটমোর বলেছিল আমিনুল তুমি কেবল বল বাই বল সেশন টু সেশন লক্ষ্য স্থির করে খেলবে। কত রান আসছে, স্কোরবোর্ডেও চাকা ঘুরছে কিনা, এসব ভেবে তোমার লাভ নেই।’
ম্যাচেও হোয়াটমোরের কথামতোই খেলেছিলেন আমিনুল। সেশন বাই সেশন, বল বাই বল। আমিনুল বলেন, ‘আমি ১৫ মিনিট করে ভাগ করে নিয়েছিলাম সময়কে। ১৫ মিনিট পরপর নতুন করে গার্ড নিচ্ছিলাম। স্কোর বোর্ডের দিকে তাকাইনি। শুরুর দিকে দুই-একটা উইকেট পড়ে যাওয়াতে একটু চাপেই ছিলাম। তবে সেই চাপ থেকে দলকে বের করে নিয়ে আসে হাবিবুল বাশারের দারুণ এক মারকুটে ইনিংস। আমি নিজেও হাবিবুলের সেই ইনিংসটি থেকে প্রেরণা নিয়েছিলাম।’
আমিনুল সেঞ্চুরিটি পেয়েছিলেন ম্যাচের দ্বিতীয় দিন। প্রথম দিন শেষে হোটেলের একটি ঘটনা নাকি তাঁকে বেশ তাতিয়ে দিয়েছিল, ‘আমরা শেরাটন হোটেলে ছিলাম। প্রথম দিন শেষে রাতের খাবার খেতে নিচে নামছি, লিফটে দেখা সৌরভ গাঙ্গুলির সঙ্গে। স্ত্রী ডোনাকে নিয়ে সেও খেতে নামছে। আমাকে বলল, “আমিনুল আমি কাল সকালেই নতুন বল নিয়ে নেব। যা করার তাড়াতাড়ি করে ফেলো। ” খুব মেজাজ খারাপ হল। তবে কী আমরা নতুন বলে খেলতে পারি না। সৌরভ কী বোঝাতে চাচ্ছে! কেমন যেন একটা জিদ পেয়ে বসল আমাকে। ইনিংসটাকে আরও বড় করতেই হবে। আল্লাহর রহমতে আমি নতুন বলে জহির খানের বলেই সেঞ্চুরিটা করেছিলাম।’
আমিনুলের সেই ইনিংসটির পর ১৫ বছর কেটে গেছে। আমিনুল নিজেই বলেছেন, দেশের ক্রিকেট এখন অনেক বেশি পেশাদার। তাহলে পেশাদারির এই যুগে ভারতের বিপক্ষেই আরও একটি টেস্ট ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ কী প্রস্তুত প্রাণপাত লড়াইয়ে! আমিনুলের ইনিংসটি সাকিব, তামিম, মুশফিকদের জন্য হতে পারে বড় এক পাথেয়।
সাকিব-মুশফিক-তামিমরা কী ফতুল্লায় কোহলিদের মুখোমুখি হওয়ার আগে একটিবারও দেখে নেবেন না আমিনুলের সেই ইনিংসটি?