'তাদের থামানোর উপায় একটাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় রওনা দেওয়ার আগে দেশে কোনো অনুশীলন নেই বাংলাদেশ দলের। তবে নিজের ইচ্ছায় কেউ কেউ অনুশীলন করতে আসছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সৌম্য সরকার তাঁদের একজন। নিজেকে ফিরে পাওয়ার আকুতি যে বাঁহাতি ওপেনারের!

এটা ঠিক, সৌম্য যতক্ষণ উইকেটে থাকেন, তাঁর ব্যাটিং দেখতে সবারই ভালো লাগে। বাহারি স্ট্রোকে চারপাশ করে রাখেন মোহাচ্ছন্ন। কিন্তু উইকেটে তিনি টিকে থাকতে পারেন না। বছরের শুরুতে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ছন্দে ফিরেছিলেন। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে আবারও নিষ্প্রভ। দুই টেস্টে করেছেন ৬৫। ২০১৫ সালের বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে অভিষেকের পর ব্যাট হাতে সোনা ফলিয়েছিলেন। পাকিস্তান-ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি হোম সিরিজে অসাধারণ খেলেছিলেন তিনি। কিন্তু এরপর থেকে ধারাবাহিকতা ব্যাপারটিই যেন হারিয়ে গেল তাঁর। নিজের ‘অধারাবাহিক’ পারফরম্যান্সের কারণেই প্রশ্ন ওঠে—তবে কি কোচ চন্ডিকা হাথুরুসিংহের সমর্থনেই খেলে যাচ্ছেন তিনি!

সৌম্যকে নিয়ে অনেক সমালোচনা। সমালোচনাটা বেশি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এই সমালোচনায় যদিও উদ্বিগ্ন নন সৌম্য। বাঁহাতি ওপেনার বিষয়টি নেন ইতিবাচকভাবেই, ‘চেষ্টা করি এই সময়ে ফেসবুক বা এসব মাধ্যমে কম ঢোকার। ভালো খেললে তাকে নিয়েই সবাই কথা বলে। খারাপ খেললেও কথা বলে। এ সময় ইতিবাচক চিন্তা করি। যেন মনোবল হারিয়ে না ফেলি, শক্তভাবে আবার ফিরে আসতে পারি। ভালো করলে সবাই বাহাবা দেবে। খারাপ করলে পেছনে কথা বলবে। কথা বলার অধিকার সবারই আছে। তাদের থামানোর একটাই উপায়, আমাকে রান করতে হবে।’

নিজেকে ফিরে পেতে সৌম্যর জন্য দারুণ সুযোগ এবারের দক্ষিণ আফ্রিকার সফর। সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান বাঁহাতি ওপেনার, ‘কঠিনের মধ্যে ভালো করলে নিজের মধ্যে অন্য রকম তৃপ্তি কাজ করবে। ওদের কন্ডিশনে ভালো করার মজা আলাদা থাকবে। চেষ্টা করব ওখানে ভালো কিছু করার আর পেছনের ম্যাচগুলো ভুলে যাওয়ার।’

সেটাই ভালো। ব্যর্থতা ভুলে সৌম্য এবার তাকাতে পারেন সামনে।