'তামিম ভাই বলল, ইনিংসটা বড় কর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবিষ্যতের গান শোনাচ্ছেন সৌম্য। ছবি: প্রথম আলো
ভবিষ্যতের গান শোনাচ্ছেন সৌম্য। ছবি: প্রথম আলো

এমনিতেই কথা বলেন কম। ভীষণ লাজুক। সেই সৌম্য সরকারের দিকে আজ সব আলো! সে আলোয় আরও উজ্জ্বল সৌম্য। মানুষের ভিড়ে কখনো লজ্জায় ডুবে যাচ্ছেন, আবার কখনো পরিস্থিতির দাবি মেনে সপ্রতিভ হচ্ছেন। আজ সবার মধ্যমণি সৌম্য। রীতিমতো সেলফি তোলার হিড়িক পড়ে গিয়েছে তাঁকে নিয়ে। সবার আবদার মিটিয়ে যাচ্ছেন লাজুক চাহনিতে।
কেমন লাগছে? ভিড়ের মধ্যে কথাটা জিজ্ঞেস করতেই স্মিত হাসলেন। এর বেশি প্রতিক্রিয়া জানানোর উপায় ছিল না। ততক্ষণে আরেক দল ঘিরে ধরেছে তাঁকে। তবে মন খুলে প্রতিক্রিয়া জানালেন সংবাদ সম্মেলনে এসে।

ব্যাটিং স্ট্যান্স, শট খেলার ধরন, টেকনিকে এরই মধ্যে নজর কেড়েছেন সবার। কিন্তু ইনিংসগুলো কেন যেন বড় হচ্ছিল না। আজ সে অপূর্ণতা দূর হয়েছে। দশম ওয়ানডেতে এসে পেয়েছেন প্রথম সেঞ্চুরি। অধরা সেঞ্চুরিটা কীভাবে ধরা দিল আজ? সৌম্য বললেন, ‘যখন ৪০-এর ঘরে গিয়েছি, তামিম ভাই বলল, ইনিংসটা বড় কর। ম্যাচটা শেষ করে যেতে হবে। ম্যাচ শেষ করার মজাটাই অন্যরকম।’ সেই ‘মজা’টা কেমন? এক সাংবাদিক জিজ্ঞেস করতেই লাজুক হাসলেন, ‘এই যে আপনাদের সামনে আসতে পেরেছি!’

৯০-এর ঘরে গিয়েও সাবলীল ছিলেন সৌম্য। সেঞ্চুরি করেছেন ছক্কা মেরে। সৌম্য জানালেন, এ সময় মোটেও তাকে স্নায়ুচাপ জেঁকে ধরেনি, ‘এমনিতে সেঞ্চুরি বা ফিফটি করতে আমার ভেতর তেমন চাপ কাজ করে না। আমার কাছে প্রথম ও শেষ বল সমান। ৯০ বা ৯৬ রানের সময়ও চাপ কাজ করেনি।’

কিন্তু উদ্‌যাপনের সময় মনে হলো কিছুটা দ্বিধায় ছিলেন! কারণটা কী? জানালেন, ‘ভেবেছিলাম ছক্কাটা ঠিকঠাক হয়েছে কি না। একটু সংশয় ছিল মনে! তা ছাড়া উদ্‌যাপন নিয়ে আমার তেমন ভাবনা নেই।’
সৌম্যের কাছে এ ইনিংসটা নিঃসন্দেহে এগিয়ে থাকবে ক্যারিয়ারে। কারণটা বললেন এভাবে, ‘হোয়াইটওয়াশ করার মুহূর্তে ছিলাম উইকেটে। খেলা শেষ করেই ফিরেছি। এ জন্য ভীষণ গর্ববোধ হচ্ছে।’