'তাল গাছ' দুই পায়ে দাঁড়িয়ে..

‘মনে হচ্ছিল যেন দোতলা থেকে বল করছিলেন কেউ!’ স্টিভ হার্মিসনকে খেলার পর বাংলাদেশের এক ব্যাটসম্যান বলেছিলেন। ভাগ্যিস তাঁকে বিলি স্টেনলেককে খেলতে হয়নি! ৬ ফুট ৮ ইঞ্চিরও বেশি লম্বা স্টেনলেককে খেললে যে মনে হতো ‘তিন তলা থেকে বল করছেন’ কেউ! হার্মিসনের চেয়েও তিনি ৪ ইঞ্চি লম্বা।
১৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছে স্টেনলেকের। আন্তর্জাতিক ক্রিকেটে বল করার আগেই রেকর্ড বইয়ে নাম উঠে গেছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে লম্বা অস্ট্রেলিয়ান বোলার এখন স্টেনলেক। ২০৪ সেন্টিমিটার উচ্চতার স্টেনলেক পেছনে ফেলেছেন ব্রেট ডোরি, পিটার জর্জ ও ব্রুস রিডকে। এঁরা তিনজনই ছিলেন ২০৩ সেমি লম্বা। তবে এই ত্রয়ীর চেয়ে একদিক দিয়ে এগিয়ে স্টেনলেক—ভয়ংকর গতি। ব্রেট ডোরির অস্ত্র ছিল আউট সুইং, ভারতে একটি টেস্ট খেলেই উধাও হয়ে যাওয়া জর্জ ছিলেন ব্যাক অব লেংথ বোলার। আর ২৭ টেস্টে ১১৩ উইকেট পাওয়া রিড কাজে লাগাতেন ডান হাতি ব্যাটসম্যানের বিপক্ষে নিজের স্বাভাবিক অ্যাঙ্গেল। স্টেনলেকের ভরসা যে গতি সেটি আগেই বলা হয়েছে। স্থানীয় ক্রিকেটে নাকি নিয়মিত ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেন। মাঝে মধ্যে সেটা ১৫০ কিমির কাটাও পেরিয়ে যায়। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ‘দানব’ যদি এমন ঝোড়ো গতিতে বোলিং করেন তাহলে ব্যাটসম্যানদের বিরাট ঝামেলায় পড়ারই কথা।
পাকিস্তানের ‘সৌভাগ্য’, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো গতির ঝড় তুলতে পারেননি স্টেনলেক। কাল প্রথম আন্তর্জাতিক উইকেটটি পেয়েছেন ঘণ্টায় ১৩৩ কিলোমিটার গতির বোলিংয়ে। তবে অস্ট্রেলিয়া দলেই আরেকজন ‘লম্বু’ ফাস্ট বোলার আছেন। মিচেল স্টার্ক তো নিয়মিতই ১৫০ কিলোমিটার গতিতে কাঁপিয়ে যাচ্ছেন। তবে স্টেনলেকের তুলনায় স্টার্কও কিছুটা খাটো, ১৯৫ সেন্টিমিটার উচ্চতা তাঁর। সে তুলনায় ২০০ সেন্টিমিটার উচ্চতার জো এঞ্জেল ছিলেন সত্যিকারের লম্বা ফাস্ট বোলার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সফল হতে পারেননি পশ্চিম অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার।
স্টেনলেক অবশ্য শুধু অস্ট্রেলিয়ান রেকর্ডই ভাঙতে পেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড পাকিস্তানের মোহাম্মদ ইরফানের। ফিটনেস ঠিক থাকলে ২১৬ সেন্টিমিটার লম্বা ইরফান ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের কাটা পেরোন নিয়মিত।
তবে অস্ট্রেলিয়ান নির্বাচকদের একটা ধন্যবাদ দিতে পারেন ২২ বছর বয়সী স্টেনলেক। ১৯৯৫ সালে একটুর জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পাননি নিউ সাউথ ওয়েলসের ফিল অ্যালে। তাহলে আর স্টেনলেকের রেকর্ড গড়া হতো না। ২০৮ সেন্টিমিটারের অ্যালের বদলে নতুন করে সুযোগ পেয়েছিলেন ১৯৫ সেন্টিমিটার লম্বা এক পেসার। তাঁর নাম কী জানেন? গ্লেন ম্যাকগ্রা!