'তিন মোড়লে'র ক্ষমতা ছেড়ে দেওয়ায় চাপের মুখে মনোহর

শশাঙ্ক মনোহরকে ‘ঘরের শত্রু বিভীষণ’ই ভাবছে ভারত। তিন মোড়লের একচ্ছত্র ক্ষমতার ভরকেন্দ্র সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বে এর মধ্যেই বেশ আলোচনায় চলে এসেছেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি। আইসিসির গত সভায় এ ব্যাপারে বেশ কিছু সংশোধনীর উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু ভারতের বোর্ড প্রধান হয়ে ভারতের স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় নিজ দেশে তোপের মুখে তিনি।
শুধু ক্ষমতা নয়, মনোহর জানিয়েছিলেন, অতিরিক্ত ৬ শতাংশ লাভের টাকাও আইসিসিকে ফিরিয়ে দেবে ভারত। ৬ শতাংশ মানে কিন্তু অতিরিক্ত ১০ থেকে ২০ কোটি ডলার! সেটি ফিরিয়ে দেওয়ার কথা বলার কারণেই মূলত বোর্ডের একটি অংশ চটে গেছে মনোহরের ওপর। আজ বিশেষ সাধারণ সভায় বসেছে বিসিসিআইয়ের কর্মকর্তারা। ওই সভাতেই মনোহরকে বেশ কিছু তোপ সামলাতে হবে বলে আগেই খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া।
ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া—তিন মোড়লের হাতে ক্রিকেট-বিশ্বের সব ক্ষমতা কুক্ষিগত হয়ে থাকা নিয়ে কম হইচই হয়নি। কিন্তু কিছুদিন আগে মনোহর আশ্বস্ত করেন, এখন থেকে সব ক্ষমতা এই তিন দলের হাতে থাকবে না। সুনির্দিষ্ট কয়েকটি দেশ নয়, সবাই মিলেই আইসিসি চালাবে।
মনোহর আরও বলেছিলেন, এই মুহূর্তে আইসিসির মোট লাভের শতকরা ২২ শতাংশ পায় বিসিসিআই। যদি তিন মোড়লের রাজ্যপাট আসলেই শেষ হয়ে যায়, তাহলে ভারতের সেই হিস্যা নিশ্চিতভাবেই আরও কমে যাবে। পাশাপাশি লোধা কমিশনের বেশ কিছু সংস্কার প্রস্তাব যদি বাস্তবায়ন করা হয়, বোর্ডের আয়ের অঙ্ক কমবে সেখান থেকেও।
এক ধাক্কায় বোর্ডের আয়ের অঙ্ক এত নিম্নমুখী হওয়াটা মানতে পারছে না বেশ কিছু সদস্য। এ রকমও অভিযোগ উঠেছে, শুধু ‘বিশেষ’ একজনের বিরোধিতা করার জন্যই মনোহর এত সব কথা বলছেন। সেই ‘একজন’ যে আইসিসির সভাপতি শ্রীনিবাসন, সেটা বলে না দিলেও চলে।
বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্তার অভিযোগ, ‘এটাই (শ্রীনিবাসনের বিরুদ্ধাচরণ) একমাত্র যৌক্তিক কারণ বলে মনে হচ্ছে। আপনার যদি টাকাপয়সা বেশি হয়ে যায়, তাহলে সেটা ভারতের অন্য কোনো উঠতি খেলায় দিয়ে দিন। সেটা আপনি ফেরত দেবেন কেন? এই টাকাটা ভারতের করদাতা ও বিনিয়োগকারীদের প্রাপ্য, অন্য কারও নয়।’
একজন মনে করিয়ে দিয়েছেন, বিসিসিআইয়ের মতো যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটিও সরকার থেকে অনুদান পায় না। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসির) বড় একটা আয় আসে তাদের মাধ্যমেই। সে জন্য যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি আইওসির মোট আয়ের ১২.৭ শতাংশই পায়। সে ক্ষেত্রে বিসিসিআই কী দোষ করল?
এখন দেখা যাক, তোপ সামলে মনোহর আগের অবস্থানে অটল থাকতে পারেন কি না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।