'তিন মোড়ল' ছিল এবং আছে!

‘তিন মোড়ল’ থাকছে না বলে দুবাইয়ে আইসিসির সভাশেষে যে খবর এত জোরেশোরে ছড়াল, সেটি তাহলে ঠিক নয়! সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায় তো এমনই মনে হচ্ছে। কাল গুলশানে নিজের বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি সবাইকে চমকে দিয়ে বললেন, ‘মিডিয়াতেই বেশি দেখছি ব্যাপারটা। বিগ থ্রি নিয়ে তো কিছুই হয়নি।’
বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক দু-একজন কর্মকর্তার মতও মিলে যাচ্ছে সভাপতির বক্তব্যের সঙ্গে। দুবাইয়ে আইসিসির সভায় এমন কিছুই নাকি হয়নি যে, ধরে নিতে হবে ‘তিন মোড়লের’ দিন শেষ। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি আইসিসির গঠনতন্ত্রে কিছু বিতর্কিত সংশোধনী আনা হয়। এর আগ পর্যন্ত ১০টি টেস্ট খেলুড়ে দেশ প্রতিবছর আইসিসির রাজস্ব আয় থেকে সমান ভাগ পেয়ে এলেও সংশোধনীর পর থেকে আয়ের সিংহভাগ চলে যাচ্ছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কোষাগারে। বিসিবি সভাপতির ‘বিগ থ্রি নিয়ে তো কিছুই হয়নি’ বলার কারণ, আর্থিক লাভালাভের বৈষম্যমূলক ওই নীতি এখনো বহাল আছে এবং শিগগিরই তা দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিসিসিআই ও আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর ভারতের টাকার ৬ শতাংশ ছাড় দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিলেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সে রকম কিছুই বলেনি। আর ভারতের টাকার ভাগটাও পাওয়া যাবে বিসিসিআই শশাঙ্ক মনোহরের প্রস্তাব ভারতীয় বোর্ড সভায় অনুমোদিত হলে।
অর্থের ভাগেই যখন সমতা ফিরছে না, ‘বিগ থ্রি’র কর্তৃত্বও তাই কমছে না বলে মনে করেন বিসিবি সভাপতি। তাঁর বক্তব্য পরিষ্কার, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যে পরিমাণ টাকা পাচ্ছিল, তা-ই পাচ্ছে। কোনো পরিবর্তন নেই। এখন ধরুন বাংলাদেশ পায় ৮.৭ শতাংশ। সেখান থেকে আমি যদি বলি যে, আমার অংশ থেকে পয়েন্ট ৭ শতাংশ ছেড়ে দিলাম, এটা তো আমার ব্যাপার। এখানে “বিগ থ্রি”র কর্তৃত্বের কোনো ইস্যুই নেই।’ আইসিসিতে তিন মোড়লের দিন শেষ বলে যেসব খবর বের হচ্ছে, নাজমুল হাসান সেগুলোকে বলছেন ‘ভুল ব্যাখ্যা’, ‘আমি মনে করি, এসব ব্যাপার ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। শশাঙ্ক মনোহর সাহেব যৌক্তিক লোক। উনি মনে করেছেন ভারতীয় বোর্ডের তরফ থেকে ৬ শতাংশ ছেড়ে দিলে নিচের সারির দেশগুলোর সুবিধা হয়। তাই উনি ছেড়ে দিতে চান। তবে সেটি আগে তাঁর বোর্ডে অনুমোদিত হতে হবে।’
তবে নাজমুল হাসানও মনে করছেন, দুই বছর আগের বিতর্কিত সংশোধনীর অন্য কিছু বিষয়ে পরিবর্তন আসতে পারে। স্বার্থের দ্বন্দ্ব এড়াতে আইসিসির চেয়ারম্যানের কোনো দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত যেমন হয়েই গেছে। চেয়ারম্যান ভোটে নির্বাচিত হবেন, এই সিদ্ধান্তও। আইসিসিতে থাকা কোনো বোর্ডের প্রতিনিধি আইসিসির চেয়ারম্যান হয়ে গেলে ওই দেশের বোর্ড থেকে প্রতিনিধি হয়ে আসবেন নতুন কেউ।
পরিবর্তন আসতে পারে নির্বাহী কমিটি (এক্সকো) গঠনের নিয়মেও। পরিবর্তিত গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ সদস্যের কমিটিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পদ তিনটি এত দিন স্থায়ী ছিল। বর্তমানে অস্থায়ী দুই সদস্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুবাইয়ের সভায় স্থায়ী সদস্যের নিয়ম তুলে দেওয়ার আলোচনা হয়েছে। বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘এক্সকো উন্মুক্ত থাকবে। যেভাবে এটি আরও গণতান্ত্রিক উপায়ে করা যায়, সেভাবেই করা হবে। এ জন্য গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে এবং সে জন্য একটি কমিটিও করা হয়েছে।’ এই কমিটিতে আছেন নাজমুল হাসানও। মুম্বাইয়ে আগামী ২৯ মার্চ গঠনতন্ত্র সংশোধনী নিয়ে বৈঠকে বসার কথা তাঁদের।