'তিন মোড়ল' তাঁর বড় অবদান, বলছেন শ্রীনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীনিবাসন
শ্রীনিবাসন

তিনি ঝানু ব্যবসায়ী। ভারতের শীর্ষ ব্যবসায়ীদের একজন। ব্যবসা ভালো বোঝেন, এ নিয়ে কারও দ্বিমত নেই। ক্রিকেটের সঙ্গেও জড়িয়ে আছেন অনেক দিন ধরে। কিন্তু ক্রিকেটে এখন কোটি ডলারের বিনিয়োগ থাকলেও শেষ বিচারে এটিকে সবাই খেলা হিসেবেই দেখতে চায়। ব্যবসার মূলধন নয়। কিন্তু শ্রীনিবাসনদের মতো কয়েকজন ক্রিকেটকে সেই মূলধনেই রূপান্তরিত করেছেন।
শ্রীনি যে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের কাছে অপ্রিয় একটি চরিত্র, এর পেছনেও আছে তাঁর ব্যবসায়িক মনোবৃত্তি। ক্রিকেটে ‘বিগ থ্রি’ বা ‘তিন মোড়ল’-এর শাসন বাস্তবায়নে বড় ভূমিকা ছিল তাঁর। তিন মোড়লের হাতে ক্রিকেটের প্রায় সিংহভাগ ক্ষমতা ও আর্থিক সুবিধা চলে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন। বিদায় বেলায় রাজ্যপাট হারানো তামিল নাড়ুর এই ক্রিকেট প্রশাসক এই ‘বিগ থ্রি’কেই নিজের বড় অর্জন বলে দাবি করলেন।
শ্রীনি বলেছেন, ‘আইসিসিতে আমার সময়টা বেশ ফলপ্রসূ কেটেছে। আমার সময়ই নতুন আর্থিক কাঠামো ও মিডিয়া স্বত্বের ভাগাভাগিটা নতুন করে ঠিক হয়েছে। নিজের হাতে অর্পিত দায়িত্ব ঠিকমতো পালনে বরাবরই সচেষ্ট ছিলাম। নিজের অবদানে আমি সন্তুষ্ট।’
তাঁকে সরিয়ে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন শশাঙ্ক মনোহর। শেষ পর্যন্ত নিজের ক্ষমতা আঁকড়ে ধরার সম্ভব সব রকম চেষ্টাই শ্রীনি করেছিলেন বলেই খবর। যদিও এখন বিবৃতিতে দাবি করছেন, হাসি মুখেই মনোহরকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন, ‘ক্ষমতাবলে বিসিসিআই প্রেসিডেন্টই ঠিক করবেন আইসিসিকে কে যাবে। শশাঙ্ক মনোহরের মনে হয়েছে এই কাজের জন্য তিনিই উপযুক্ত। এ নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আইসিসির চেয়ারম্যান পদের জন্য মনোহরকে শুভকামনা জানাই।’

শুধু আইসিসি থেকে নয়, ভারতীয় ক্রিকেট থেকেও শ্রীনিবাসনের নির্বাসন হলো এক রকম। ক্ষমতার পালাবদলে আবারও যে ফিরে আসবেন না, তা নিশ্চিত নয়। তবে ইন্ডিয়া সিমেন্টের কর্ণধার শ্রীনি বলছেন এখন ব্যবসাতেই বেশি মনোযোগ দেবেন, ‘আমাকে অনেক বড় ব্যবসা পরিচালনা করতে হয়, যেটা প্রচুর সময় নিয়ে নেয়। ক্রিকেট সব সময়ই আমার আগ্রহের কেন্দ্রে ছিল, তা-ই থাকবে।’
গলফ খেলেও সময় কাটবে বলে জানিয়েছেন তিনি, ‘আমি গলফ ভীষণ ভালোবাসি। এখন নিজের জন্য কিছু সময় পাব। নিজের গলফের মান আরও বাড়তে হবে। আরও ভালো খেলোয়াড় হতে চাই।’