'তিন মোড়ল' নীতির বিপক্ষে মনোহর
কর্তৃত্ব তাদের হাতে, আয়ের ভাগও বেশি—এই ছিল মোটা দাগে আইসিসিতে ‘তিন মোড়লে’র নিয়ন্ত্রণের মূলকথা। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড—তিন বোর্ডের হাতে সব ক্ষমতা রেখে গত বছর গঠনতন্ত্রে সংশোধনী এনেছিল আইসিসি। তবে কদিন আগেই আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর এই নীতির পক্ষে নন। তাঁর চোখে এই নীতি ‘জোরজবরদস্তিমূলক খবরদারি’।
ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান আইসিসি চেয়ারম্যান সংস্থাটির একচোখা নীতির বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়েছেন, ‘তিনটি প্রধান দেশ আইসিসিতে খবরদারি করবে, এই নীতির সঙ্গে একমত নই। সব সময়ই বলেছি, প্রতিষ্ঠান সব সময়ই এক-দুজনের স্বার্থের চেয়ে বড়। আইসিসির সংবিধানে এখন যে অবস্থা, তাতে তিন প্রধান দেশই ক্ষমতাবলে আইসিসির সর্বময় ক্ষমতার কমিটিতে থাকবে। আমার কাছে এটি ভুল মনে হয়। যোগ্য লোকেরই এখানে আসা উচিত। সেটি জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ কিংবা সহযোগী কোনো দেশ থেকেও আসতে পারে।’
‘চিরস্থায়ী বন্দোবস্তের’ মতো ক্রিকেটের আর্থিক, বাণিজ্যিক সব ক্ষেত্রেই বর্তমান নিয়মে তিন প্রধানের কর্তৃত্ব। আইসিসির আয়ের সিংহভাগও পাচ্ছে তিন দেশ। এই আয়-বণ্টন নীতিরও বিপক্ষে বর্তমান আইসিসি চেয়ারম্যান, ‘আইসিসির মোট আয়ের ২২ শতাংশ ভারত পাচ্ছে যা খুশিরই ব্যাপার। তবে এটা মেনে নেওয়া যায় না। শুধু ক্ষমতা আছে বলে আপনি গরিবকে আরও গরিব, ধনীকে আরও ধনী করতে পারেন না। সুনির্দিষ্ট কয়েকটি দেশ নয়, আইসিসি সারা বিশ্বেই ক্রিকেট পরিচালনা করে।’
নিজের বক্তব্যকে ‘শুধুই ব্যক্তিগত মত’ জানিয়ে মনোহর বলেছেন, সব সদস্যদেশকেই সমান সুযোগ দিতে হবে, ‘দ্বিপক্ষীয় সিরিজ থেকে আপনি আয় করবেন যদি আপনার বিপক্ষ দলটিও ভালো হয়। ধরুন, ভারত যদি এক নম্বর দল হয়, আর বাকি দলগুলোর প্রায় সবার শক্তি যদি নয়-দশ নম্বরের দলের মতো হয়ে যায়, তাহলে আর প্রতিদ্বন্দ্বিতা হবে কী করে? একপেশে লড়াই কেউ দেখবেও না। তাই এমন কিছু করা উচিত হবে না যাতে বাকিদের বিকাশ বন্ধ হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকেই আইসিসির ভাবা উচিত বলে আমি মনে করি।’
বর্তমান সংবিধানে কোনো এক দেশের ক্রিকেট বোর্ডের প্রধানই আইসিসির প্রধান হচ্ছেন। এতে স্বার্থের দ্বন্দ্বও দেখা দিতে পারে বলে মনে করছেন মনোহর, ‘আমি বিসিসিআইয়ের প্রতিনিধি হয়ে আইসিসিতে এসেছি। আমার মূল দায়িত্বই হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করা। তাহলে আমি আইসিসির স্বার্থ কীভাবে দেখব?’ এ কারণে মনোহর মনে করেন, আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব যিনি নেবেন, তাঁর আর নিজ দেশের বোর্ডের দায়িত্বে থাকা উচিত নয়।
তবে এখনই আইসিসির তিন প্রধানের নীতি বদল হওয়ারও নিশ্চয়তা দিচ্ছেন না আইসিসি চেয়ারম্যান, ‘এই নীতিগুলোর সঙ্গে আমি একমত নই। তবে এটা শুধুই আমার ভাবনা। ভবিষ্যতে কী হবে আমি জানি না।’ ক্রিকইনফো।