'তৃপ্ত' আইসিসির প্রশংসা পাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের সঙ্গে বড় টুর্নামেন্ট আয়োজন—বাংলাদেশের জন্য নতুন কি! ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপ, ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, সহ-আয়োজক হিসেবে ২০১১ বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—একেকটি সফল আয়োজনের গল্প। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সফল আয়োজনের পর বাংলাদেশ প্রশংসা পাচ্ছে আরেক দফা।
এই প্রশংসার আলাদা গুরুত্ব রয়েছে। টুর্নামেন্টের আগ মুহূর্তে নিরাপত্তার কারণ দেখিয়ে হঠাৎ দল প্রত্যাহার করে নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। নিরাপত্তা নিয়ে তাই আয়োজক বাংলাদেশকে নজর দিতে হয়েছে আলাদাভাবেই। এবার নিরাপত্তা কতটা কড়াকড়ি ছিল, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের মন্তব্যেই তা বোঝা যাবে, ‘নিরাপত্তা একটু বাড়াবাড়ি রকমই ছিল। বেশির ভাগ সময়ই হোটেলে কাটাতে হয়েছে। ১৯ বছর বয়সী ক্রিকেটারের জন্য ২৪ ঘণ্টা হোটেল-বন্দী থাকা সহজ নয়।’ সেই দ্রাবিড়ই আবার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিেয় ।
কখনো কখনো নিরাপত্তাব্যবস্থা ‘বাড়াবাড়ি’ মনে হলেও তাতে শতভাগ সন্তুষ্ট আইসিসি। বিশ্বকাপ শেষে কাল সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কণ্ঠে তাই আয়োজকদের নিয়ে একরাশ স্তুতি। তাতে স্বাভাবিকভাবেই উঠল টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহারের প্রসঙ্গটি। যেটির কূটনৈতিক উত্তরই দিলেন রিচার্ডসন, ‘অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নেওয়ার পরও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা যে সঠিক ছিল, তা এখন প্রমাণিতই। এখন আমরা ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর দিচ্ছি। সন্দেহ নেই, সেখানেও নিরাপত্তার চ্যালেঞ্জ থাকবে। তবে এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু শিখেছি।’
রিচার্ডসনকে মনে করিয়ে দেওয়া হলো ফিফার তৎপরতার কথাও। ফিফার নির্দেশ মেনে নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় আসতে বাধ্য হয়েছিল অস্ট্রেলিয়া ফুটবল দল। আইসিসি কি একইভাবে বাধ্য করতে পারত না ক্রিকেট অস্ট্রেলিয়াকে? এ ক্ষেত্রে রিচার্ডসনের উত্তরটা অবশ্য পরিষ্কার নয়, ‘একটি সদস্যদেশের টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক হতে হবে। এখন সিএর সিদ্ধান্ত যৌক্তিক কি না, এই প্রশ্নের উত্তর আগেই দেওয়া হয়েছে।’
মাঠের বাইরে যা-ই হোক, মাঠের খেলায় এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে পাওয়ার ছিল অনেক। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডকে প্লেট পর্বে পাঠিয়ে নামিবিয়া-নেপালের মতো আইসিসির সহযোগী দলগুলো খেলেছে কাপ পর্বের কোয়ার্টার ফাইনালে। যেটি বিশ্ব ক্রিকেটের জন্য শুভ বার্তাই।
রিচার্ডসনের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন আইসিসি সভাপতি জহির আব্বাস ও বিসিবি সভাপতি নাজমুল হাসান। দুজনের মুখেই ছিল টুর্নামেন্ট সফল আয়োজনের তৃপ্তি।