'ত্রিমূর্তি'তে সন্দিহান আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রি-মূর্তিকে বিশ্বাস নেই আফ্রিদি । ছবি: এএফপি
ত্রি-মূর্তিকে বিশ্বাস নেই আফ্রিদি । ছবি: এএফপি

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের। এই তিন ক্রিকেটারকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দেওয়া উচিৎ কিনা, এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা-বিতর্ক। কদিন আগেই পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ এই তিনের ব্যাপারে নিজের মনোভাব জানিয়ে দিয়েছেন। বলেছেন, দুর্নীতি করে শাস্তি ভোগ করার পর এই ত্রয়ীকে দলে নেওয়া মানে সৎ ক্রিকেটারদের হেয় করা। মিয়াঁদাদের পর এবার শহীদ আফ্রিদিও আকারে-ইঙ্গিতে জানালেন ‘ত্রিমূর্তি’র ব্যাপারে নিজের নেতিবাচক মনোভাবের কথা। ‘বুমবুম’ আফ্রিদি বোর্ডকে পরামর্শ দিয়েছেন বাট, আসিফ ও আমিরকে দলে নেওয়ার ব্যাপারে সাবধানী পদক্ষেপের।
এই তিন ক্রিকেটারের স্পট ফিক্সিং কেলেঙ্কারির প্রত্যক্ষদর্শীই বলা যেতে পারে আফ্রিদিকে। ২০১০ সালের আলোচিত সেই সিরিজে পাকিস্তানের অধিনায়ক প্রথমে ছিলেন তিনিই। প্রথম টেস্ট নিয়ে কানাঘুষা শুরু হওয়ার পর সরে দাঁড়ান এই অলরাউন্ডার। দলের দায়িত্ব পান সালমান বাট। সালমানের নেতৃত্বেই সিরিজের চতুর্থ টেস্টে বিশ্বকে চমকে দেয় স্পট ফিক্সিং কেলে​ঙ্কারি। পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি তাই এই তিনজনের ব্যাপারে ভালো রকম সন্দিহান।
বাট, আসিফ ও আমিরের ব্যাপারে যেকোনো সিদ্ধান্তই ভেবে-চিন্তে নেওয়ার কথা বলেছেন তিনি, ‘বোর্ডকে বলব তারা একটু ভাবনা চিন্তা করেই যেন সিদ্ধান্তটা নেয়। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সেটি পাকিস্তান ক্রিকেটের জন্য খারাপ হবে। এখানে পাকিস্তান ক্রিকেট ও ভবিষ্যতের ক্রিকেটারদের স্বার্থ জড়িত।’
আফ্রিদি বলেন এই তিন ক্রিকেটারের কেলেঙ্কারির জন্য পাকিস্তান ক্রিকেটকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এই ধাক্কা কাটিয়ে ফিরে আসতেও পাকিস্তানের অনেক সময়ও লেগেছে। যেহেতু এই দুর্নীতির স্বরূপ উন্মোচনে তাঁর ভূমিকা ছিল, তাই এই তিন ক্রিকেটারের ফিরে আসাটা খুব একটা পছন্দ হচ্ছে না তাঁর।
এদিকে, পাকিস্তানের বর্তমান দলের অধিকাংশ ক্রিকেটারই নাকি বাট, আসিফ ও আমিরের ফিরে আসাটা ভালো চোখে দেখছেন না। এই ত্রয়ীর সঙ্গে সাজঘর ভাগাভাগির বিষয়টিতেই মূলত অরুচি সবার।