'থাবায় ধার দাও!'
দুপাশ থেকে তিনটি দাগ একে অপরকে ছেদ করে সৃষ্টি করেছে ইংরেজি অক্ষর ‘এক্স’। ব্যস, এতটুকু বললেই কমিকস পাঠক আর সুপারহিরো চলচ্চিত্রের ভক্তরা বুঝে যান কার কথা বলা হচ্ছে—‘উলভারিন’!
অর্ধশতাব্দীর বেশি হচ্ছে, মারভেলের ‘এক্স-ম্যান’ সিরিজের এই সুপারহিরো দুই মুঠো থেকে বেরিয়ে আসা তিনটি নখরের কীর্তি দিয়ে ভক্তদের মুগ্ধ করে যাচ্ছেন। আর উলভারিন চরিত্রে অভিনয় করে হিউ জ্যাকম্যানও নিজেকে তুলে নিয়েছেন অন্য উচ্চতায়। উলভারিন সিরিজের নতুন সিনেমা আসছে শিগগিরই, তাও আবার চরিত্রটির আসল নামেই—‘লোগান’। ভারতেও প্রথম দিনেই মুক্তি পাবে এটি।
ক্রিকেটপাগল দেশে নতুন সিনেমার প্রচারণায় কোহলিদেরই ব্যবহার করলেন জ্যাকম্যান। অস্ট্রেলিয়ান এই অভিনেতা কোহলিদের বলেছেন, ‘আমার অজি বন্ধুরা প্রথম টেস্ট জিতেছে। আমি জানি ভারত দল বাকি সিরিজটা আরও সাহসের সঙ্গে খেলবে, কারণ এটাই সুপারহিরোর কাজ। লোগানও তাই করে। ভারত, সময় হয়েছে থাবার ধার বাড়ানোর।’ উলভারিন বলে কথা, থাবার ধার বাড়ানোর ব্যাপার-স্যাপার তাঁর মুখেই মানায়। এমন অনুপ্রেরণা পেয়েও কি ভালো খেলবে না ভারত? এএনআই।