
ডেভিড ওয়ার্নার বুঝিয়ে দিলেন, তিনি ফাঁকা বুলি আওড়ান না। তিন টেস্টের সিরিজ শুরুর আগেই হুমকি দিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজকে কোনো দয়ামায়া দেখাবে না অস্ট্রেলিয়া। সিরিজের এখনো ঢের বাকি। তবে হোবার্টে প্রথম টেস্টের প্রথম দিন শেষেই অস্ট্রেলিয়ান স্কোরবোর্ড যেভাবে ফুলেফেঁপে উঠেছে, তাতে তো ওয়ার্নারের কথাটাকেই সত্যি মনে হচ্ছে।
৮৯ ওভার খেলা হয়েছে, তাতেই অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছে ৩ উইকেটে ৪৩৮ রান! হোবার্টে এক দিনে এর চেয়ে বেশি রান আর কোনো করতে পারেনি। পাঁচের কাছাকাছি রানরেট, ক্রিজে এখনো অপরাজিত দুই সেঞ্চুরিয়ান অ্যাডাম ভোজেস ও শন মার্শ। দয়ামায়া দূরের কথা, ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের ওপর রীতিমতো নির্যাতনই চালাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
ওয়েস্ট ইন্ডিজের বোলিং উপদেষ্টা স্যার কার্টলি অ্যামব্রোস আভাস দিয়েছিলেন, ওয়ার্নারের হুমকিকে অসার প্রমাণ করে দেওয়ার সামর্থ্য আছে তাঁর দলের। সামর্থ্য হয়তো আছে। কিন্তু প্রথম দিনে অন্তত সেটির প্রমাণ দিতে পারলেন না ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। টস হেরে বল করতে নেমে তাঁদের শুরুটাই হলো খুব বাজে। দিনের প্রথম ঘণ্টায় ১১ ওভার বোলিংয়েই এল ৭৫ রান, যার ৬৪-ই বাউন্ডারি থেকে! ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনিং বোলার কেমার রোচ ও জেরোম টেলর রান দিচ্ছিলেন ওভারপ্রতি প্রায় ৭ করে!
হুমকিদাতা ওয়ার্নারের ব্যাটেই ঝড়ের শুরু। ৪০ ওভারে ফিফটি পেয়ে যান অস্ট্রেলিয়ান ওপেনার। এ বছর এই নিয়ে ১১টি পঞ্চাশ ছাড়ানো টেস্ট ইনিংস খেললেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনারদের মধ্যে আর কেউ এক বছরে তাঁর চেয়ে বেশি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলতে পারেননি।
তবে এই ঝড়ের পর লাঞ্চের আগেই জো বার্নস, স্টিভেন স্মিথ ও ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য খেলায় ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কে জানত বড় ভোগান্তিটা তাদের জন্য অপেক্ষা করছিল এর পরই!
চতুর্থ উইকেটে মার্শের সঙ্গে জুটি বেঁধে অ্যাডাম ভোজেস নিলেন আক্রমণের ‘দায়িত্ব’। ৫৪ বলে ফিফটি করলেন, হোবার্টে দ্রুততম সেঞ্চুরিটাই তুলে নিলেন ১০০ বলে। এর আগে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১১০ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।
ভোজেস যখন সেঞ্চুরি পেয়ে যান, মার্শের মাত্র ৪২ হয়েছে। কিন্তু সঙ্গীকে এতটা এগিয়ে যেতে দেখে তাঁকেও যেন পেয়ে বসল আক্রমণের নেশা। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা পেয়ে গেলেন ১৫০ বলে। দিন শেষে ভোজেস রয়েছেন ১৭৪ রানে, দৃষ্টিসীমায় ডাবল সেঞ্চুরি, মার্শ অপরাজিত ১৩৯ রানে।
চতুর্থ উইকেটে দুজন মিলে মাত্র ৬৫.২ ওভারে তুলেছেন ৩১৭ রান। হোবার্টে যেকোনো উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে তাঁরা দুজন করেছিলেন ৩৫২ রান। ভোজেস-মার্শ সেই রেকর্ডটা ভেঙে দেওয়ার পথেই ছুটছেন! ইএসপিএন, স্টার স্পোর্টস।